গত বছরের ৬ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ নাডার কবলে পড়ে কক্সবাজারের তিনটি মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ হন ৭৪ জেলে। এরপর তিন মাস হতে চললেও তাঁদের খোঁজ পায়নি পরিবারগুলো। এর মধ্যে মিয়ানমারের কারাগারে ৬৫ জন জেলের সন্ধান পাওয়ার খবরে উপকূলের জেলেপল্লির বাসিন্দারা আশায় বুক বাঁধছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৬৫ জন বাংলাদেশির তালিকা পাঠিয়েছে মিয়ানমার। এরপর সরকার বাংলাদেশি জেলেদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।
গত রোববার কক্সবাজারের বিভিন্ন থানার পুলিশের কাছে মিয়ানমারে আটক ৬৫ জেলের নাম-ঠিকানা উল্লেখ করে চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। চিঠিতে এ ব্যাপারে দ্রুত তদন্ত প্রতিবেদন চাওয়া হয়। পুলিশ ওই তালিকায় কোনো রোহিঙ্গা আছে কি না তাও খতিয়ে দেখছে।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত বছরের ৬ নভেম্বর নাডার কবলে পড়ে কক্সবাজারের তিনটি ট্রলারের ৭৪ জন জেলে নিখোঁজ হন। নিখোঁজের কয়েক দিন পর জেলেরা মিয়ানমার কারাগারে আছেন কি না খতিয়ে দেখতে সেই দেশের সরকারের কাছে একটি তালিকা পাঠায় বিজিবি।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ জানুয়ারি এফবি সাজ্জাদ, এফবি রেশমি ও এফবি হাসান নামে তিনটি ট্রলারের ৬৫ জন জেলের নামের তালিকা পাঠায় মিয়ানমার। তালিকার তদন্ত প্রতিবেদন পেলে জেলেদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে মিয়ানমার। বর্তমানে জেলেরা মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে রয়েছে।
তালিকা থাকা ৯৫ শতাংশ জেলের বাড়ি কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া ও নাজিরারটেক এলাকায়।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, মিয়ানমারে ভেসে যাওয়া ৬৫ জেলেকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অবশিষ্ট নিখোঁজ জেলেদেরও সন্ধান করা হচ্ছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল বলেন, নিখোঁজ জেলেদের ব্যাপারে পুলিশ তদন্ত করছে। এখন জেলেদের ঘরে ফেরার অপেক্ষায় স্বজনেরা। নিখোঁজ পরিবারে এত দিন ধরে চলছিল স্বজনদের কান্নাকাটি আর আহাজারি।
নিখোঁজ ৭৪ জেলের মধ্যে এফবি সাজ্জাদ ট্রলারে ছিলেন ২৯ জন, এফবি হাসানে ১৯ জন ও এফবি সুমি আক্তার রেশমিতে ছিলেন ২৬ জন জেলে। নিখোঁজ জেলেদের সন্ধানে ইতিমধ্যে শহরের প্রধান সড়ক, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং এলাকায় স্বজনেরা একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
শহরের নুনিয়াছটা এলাকার মানবাধিকারকর্মী শাহেনা আক্তার বলেন, নিখোঁজ জেলেদের সবার পরিবারে অর্থসংকট চলছে। অনেকে না খেয়ে দিন কাটাচ্ছেন। সরকারের উচিত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো।
সমিতিপাড়ার নিখোঁজ জেলে নূর ছৈয়দের মা মরতুজা বেগম (৫৫) বলেন, তিন মাস ধরে ছেলে নিখোঁজ। শোনা যাচ্ছে সে বার্মাতে আছে। কখন ফিরে আসবে এই অপেক্ষায় আছি।
জান্নাত আরা (৪৫) নামে এক গৃহবধূ জানান, অনেক দিন ধরে তাঁর স্বামী অসুস্থ। পরিবারটি নির্ভর ছিল দুই ছেলে নুরুল বশর ও আরকান মিয়ার ওপর। কিন্তু তিন মাসেও দুই ছেলের খোঁজ পাচ্ছেন না তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, তালিকা অনুযায়ী জেলেদের নাম-ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র শনাক্ত করা হচ্ছে। তালিকায় রোহিঙ্গা আছে কি না তাও দেখা হচ্ছে।