নিচে হাঙ্গর খাল, ওপরে নড়বড়ে সাঁকো

গাছের গুঁড়ির খুঁটির ওপর মুলি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে পাটাতন। একসঙ্গে দুজন লোক উঠলে কাঁপতে থাকে। সাতকানিয়ার হাঙ্গর খালের ওপর এই অস্থায়ী সাঁকোটি বছর দেড়েক আগে তৈরি করেছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড়ি ঢলে ভেসে যায় বলে কয়েক বছর পরপরই এমন সাঁকো নির্মাণ করতে হয় তাদের।
সাতকানিয়া উপজেলার পাহাড়ঘেরা এলাকা ছদাহা ও কেওচিয়া ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে হাঙ্গর খাল। খালের এক পাড়ে বায়তুল ইজ্জত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণকেন্দ্র অপর পাড়ে হরিণতোয়া গ্রাম। হরিণতোয় গ্রামের কয়েক হাজার বাসিন্দা চলাচল করে এই সাঁকো দিয়ে। বিজিবির সদস্যদের অনেকে পরিবার পরিজন নিয়ে এই গ্রামে বসবাস করেন। নড়বড়ে এই সাঁকোই তাঁদের ভরসা। বর্ষায় হাঙ্গর খাল রুদ্ররূপ ধারণ করলে রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার করতে হয় হরিণতোয়ার বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা হাঙ্গর খালের ওপর পাকা সেতু তৈরির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। হরিণতোয়া, ছদাহা, কেওচিয়া, বনা মুড়া ও বাইতুল ইজ্জত এলাকার লোকজনের দাবি, খালের ওপর দ্রুত পাকা সেতু নির্মাণ করা হোক।
খালের পাড়ে সবজির চাষ করেন এমন কয়েকজন কৃষক বলেন, নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে সবজি বয়ে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। ঘুরপথে বিক্রির জন্য সবজি বাজারে নিতে অনেক সময় লাগে তাঁদের। পাকা সেতু হলে ভ্যান ও ট্রাকে করে সহজে খেতের সবজি বাজারে সরবরাহ করতে পারবেন বলে তাঁরা মনে করেন।
প্রবাসী মোহাম্মদ ইদ্রিস (৪৪) জানান, অনেক দেনদরবার করেও হাঙ্গর খালের ওপর একটি পাকা সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। সেতুর অভাবে এলাকার লোকজন প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছে। বর্ষাকালে দুর্ভোগ সীমা ছাড়িয়ে যায়। তখন বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে হয়।
আবদুশ শুক্কুর (৪৫) বলেন, প্রতিবার জাতীয় ও স্থানীয় নির্বাচন এলে প্রার্থীরা হাঙ্গর খালে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। নির্বাচিত হওয়ার পর তাঁরা সেই প্রতিশ্রুতির কথা ভুলে যান।
ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোসাদ হোসেন চৌধুরী বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালের ওপর একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়েছিল। পরে অর্থ বরাদ্দ না পেয়ে ঠিকাদার কাজ ফেলে চলে যান। বর্তমানে কাঠ-বাঁশের তৈরি সাঁকো দিয়ে লোকজন চলাচল করলেও যানবাহন চলাচল করতে পারে না। এতে আশপাশের কয়েক গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। সেতুটি নির্মাণের ব্যাপারে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেছি।’
উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার বলেন, হাঙ্গর খালের ওপর একটি পাকা সেতু নির্মাণ জরুরি হয়ে উঠেছে। এ ব্যাপারে প্রকল্প তৈরি করে পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে সেতু নির্মিত হবে।