নিজ বাড়িতে নোবেল পুরস্কার

১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার প্রদানের সময়ই ‘নোবেল পুরস্কার’-এর জন্য একটা নিজস্ব বাড়ির কথা আলোচিত হয়েছিল। কিন্তু ১১৪ বছরেও নিজ বাড়িতে যাওয়া হয়নি বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষের। তবে আশা করা হচ্ছে, ২০১৮ সালের মধ্যেই নিজ বাড়িতে কাজ শুরু করতে পারবে নোবেল ফাউন্ডেশন। দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে দাপ্তরিক কাজকর্ম এবং নোবেল জাদুঘরও থাকবে একই বাড়িতেই। সুইডেনের রাজধানী স্টকহোমে ‘দ্য নোবেল সেন্টার’ নামে প্রস্তাবিত ভবনটির স্থাপত্য নকশা সম্প্রতি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

স্টকহোমে ‘দ্য নোবেল সেন্টার’-এর জন্য স্থাপত্য নকশা বাছাই করা হয়েছে বিশ্বসেরা স্থপতিদের অংশগ্রহণে এক প্রতিযোগিতার মধ্য দিয়ে। বার্লিনে বসবাসকারী ব্রিটিশ স্থপতি ডেভিড শিপারফিল্ড জিতে নিয়েছেন সেরা নকশাকারের পুরস্কার। এই স্থপতির নকশাতেই নির্মিত হবে ২৫ হাজার বর্গমিটারের এই ভবন।
প্রধান প্রধান জাদুঘর এবং গুরুত্বপূর্ণ অন্যান্য স্থাপত্যের পাশেই স্টকহোমের ঐতিহাসিক এলাকাতেই নির্মিত হচ্ছে দ্য নোবেল সেন্টার। এ ভবন নির্মাণে ব্যয় হবে প্রায় ১১ কোটি পাউন্ড। নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লার্স হাইকেনস্টেন এ কথা জানিয়েছেন।

নোবেল পুরস্কারপ্রাপ্তদের সম্মানে আয়োজিত ‘নোবেল নৈশভোজ’ ছাড়া আর সব অনুষ্ঠান এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করা যাবে নোবেল সেন্টারে। ঐতিহ্য অনুসারে নৈশভোজ হবে সিটি হলে। নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের মূল আয়োজনের জন্য নতুন ভবনে থাকবে সুদৃশ্য বিশাল হলরুম।
নোবেল জাদুঘর এবং নোবেল ফাউন্ডেশনের দপ্তরগুলোও চলে আসবে নতুন ভবনে। এখানে থাকবে একটা পাঠাগার এবং নানান বিষয়ে সম্মেলন আয়োজনের জন্য সম্মেলনকক্ষ এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরের ব্যবস্থা।
