
মঞ্চনাটক থেকে টেলিভিশন। অভিনয় দিয়ে জয় করেছেন দুই মাধ্যমই। নিয়মিত লিখছেন নাটক। অভিনয় বা ব্যক্তিগত জীবনে সদা হাস্যোজ্জ্বল এই মুখটা অভিনেতা আজাদ আবুল কালামের। পরিচিত ব্যক্তিরা ডাকেন পাভেল নামেই। কর্মক্ষেত্র বা এর বাইরে একটা নিজস্ব স্টাইল আছে এই অভিনয়শিল্পীর।
কাজের ফাঁকে আলাদা করে সময় রাখেন পড়া আর লেখার রাজ্যে বিচরণের জন্য। বাসায় এই সময়টা থাকেন আরামদায়ক কোনো পোশাকে। হতে পারে ফতুয়া বা টি-শার্ট। যখন যে পোশাকই পরেন না কেন সেটা ঢিলেঢালা হতে হবে। এই অভিনয়শিল্পীর ভাষায় ‘ল্যাল্লাড়া’ পোশাকই বেছে নেন।
নিজের পছন্দের পোশাক নিয়ে আজাদ আবুল কালাম বলেন, ‘পোশাক নিয়ে আমার ফিউশন ভাবনা আছে। একটা সময়ে তো পাঞ্জাবি প্যান্টের সঙ্গে ইন করে পরতাম। তবে কখনোই আঁটসাঁট বা শরীরের সঙ্গে লেগে থাকা পোশাক আমার পছন্দ না। যেকোনো অনুষ্ঠানে পোশাক ভেবেচিন্তে পরি।’
নিজের সবচেয়ে পছন্দের পোশাকের মধ্যে আছে স্পোর্টস ট্রাউজার, টি-শার্ট। আর পায়ে থাকা চাই স্নিকার। যেকোনো দেশে গেলেই আগে খুঁজে বেড়ান পুরুষের ফ্যাশনেবল অনুষঙ্গ। তার মধ্যে নানা ধরনের গয়না আর হ্যাটই বেশি কেনেন। তাই সংগ্রহের ভান্ডারে আছে দেশ-বিদেশের গয়না ও টুপি। এ ছাড়া ঘড়ি সংগ্রহের নেশা আছে তাঁর। শত বছরের পুরোনো ঘড়িও আছে সে তালিকায়। এর পাশাপাশি একালের রঙিন ঘড়িও পরছেন। কালো রং পছন্দের বলেই পোশাকে সেটা বেছে নিতে চান বেশির ভাগ সময়। শার্টের সঙ্গে পরেন কোটি বা ওয়েস্ট কোট। গলা বা হাতে নানা ধরনের অনুষঙ্গ পরেন। চোখে পরেন চশমা। সেগুলোও দেখে বেছে কেনেন। ছোটবেলায় ব্র্যান্ডের প্রতি আলাদা আকর্ষণ থাকলেও এখন সেটা নেই। বললেন, ‘আজকাল পোশাকটা আমার পছন্দ হলেই কিনে ফেলি ঝটপট।’
লেখালেখি করতে এখনো পছন্দ ফাউন্টেন পেন। পরে সেটাকে কম্পোজ করে নেন কম্পিউটারে। রাত জাগতেও পছন্দ করেন বেশ।
গাছের সঙ্গে আছে সখ্য। সকালে উঠে বাসার গাছগুলোতে পানি দেওয়া বা ডাল ছাঁটার কাজও করেন মনের আনন্দে। স্ত্রী আর সন্তান কাব্যকে নিয়ে হুটহাট বেরিয়ে পড়েন হাঁটতে বা ঘুরতে। পুরো মাসের সর্বোচ্চ ১২ দিন রাখেন নাটকের শুটিংয়ের জন্য। আর বাকিটা সময় লেখা আর মঞ্চনাটকের জন্য রেখে দেন।