
চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান। থাকেন নগরের অক্সিজেন এলাকায়। প্রতিদিন বেলা একটার ক্লাস ধরতে হাতে দুই ঘণ্টা রেখে বাসা থেকে বের হন। অক্সিজেন থেকে গণপরিবহনে ষোলোশহর দুই নম্বর গেট, সেখান থেকে আগ্রাবাদের বাদামতলী মোড়, এরপর আবারও বাহন পাল্টে হালিশহরের বড়পোল মোড় এবং সর্বশেষ বড়পোল থেকে ইজিবাইক বা রিকশায় ইনস্টিটিউট প্রাঙ্গণে নামতে হয় নুসরাতকে। এভাবে আসা-যাওয়ায় প্রতিদিন চারবার করে মোট আটবার বাহন পাল্টে তাঁর যাতায়াত খরচ পড়ে ১২০ টাকা। এর বাইরে বাহন পাওয়ার ভোগান্তি তো আছেই।
শুধু নুসরাত নন, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রায় ৮০ ছাত্রী প্রতিদিন এভাবেই নগর ও এর আশপাশের এলাকা থেকে ক্লাস করতে আসেন। প্রতিষ্ঠানের নিজস্ব কোনো পরিবহন না থাকায় ছাত্রীদের এই দুর্ভোগ নিত্যদিনের। আক্ষেপ করে নুসরাত বলেন, ‘প্রথম বর্ষে ভর্তির সময় কর্তৃপক্ষের কাছে শুনেছিলাম খুব শিগগিরই সরকারের তরফ থেকে বাস পাওয়া যাবে। তখন যাতায়াতে দুর্ভোগ অনেকখানি কমবে। কিন্তু প্রায় তিন বছর পার হলেও এখনো কোনো বাহনের দেখা পেলাম না।’
নগরের উত্তর হালিশহরে ২০০৬ সালে চালু হয় মেয়েদের সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ‘চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বর্তমানে চারটি বিষয়ে পড়াশোনা করছেন ১ হাজার ৪২০ জন ছাত্রী। দৃষ্টিনন্দন ও সুরম্য ইনস্টিটিউট ভবনে শ্রেণিকক্ষের কোনো সংকট নেই, রয়েছে আধুনিক ল্যাবরেটরিও। প্রতিদিন দুই পালায় চলে পাঠদান।
যাতায়াতে নিত্য ভোগান্তি: হালিশহর বড়পোল মোড় থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে সাড়ে তিন একর জায়গার ওপর ইনস্টিটিউটটি গড়ে উঠেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আসা–যাওয়া করে। রাস্তাটি খুব প্রশস্ত না হওয়ায় ইজিবাইক বা রিকশায় যাতায়াতে ভয়ে থাকেন শিক্ষার্থীরা। ভারী যানবাহন চলার কারণে ধুলাবালু ওড়ে সমানে। নাক-মুখ-চোখে কাপড় না চেপে চলা দায়। তার ওপর নেই নিজস্ব পরিবহন। ফলে যাতায়াতে নিত্য ভোগান্তিতে পড়তে হচ্ছে ইনস্টিটিউটের ছাত্রীদের।
ইলেকট্রনিকস বিভাগের ছাত্রী কানিজ ফাতেমা প্রতিদিন সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে যাতায়াত করেন। তিনি বলেন, দুটি বাস হলেই আপাতত আমরা স্বস্তি পেতাম। পুরো রাস্তা না হোক, অর্ধেক হলেও নির্বিঘ্নে যেতে পারতাম। এভাবে প্রতিদিন একের পর এক গাড়ি পাল্টে আসা–যাওয়া করে রাতে আর পড়াশোনার কোনো শক্তিই থাকে না।
এ বিষয়ে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সুনীল চন্দ্র চৌধুরী বলেন, ‘যাতায়াতসহ যেসব সমস্যা রয়েছে, সেগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, ছাত্রীদের খুব বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না।’

আবাসিকে গ্যাস নেই, আছে আসনসংকট: ইনস্টিটিউটের শিক্ষার্থীর সংখ্যা দেড় হাজার হলেও আবাসিক হল আছে একটি। এতে ১০০ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। সেখানে এখন থাকছে ১৪০ জন ছাত্রী। নতুন আরেকটি ১০০ আসনের পাঁচতলা আবাসিক হল তৈরির কাজ চলছে। তবে সময়মতো বরাদ্দ না পাওয়ায় এক তলা তৈরির পর কাজ বন্ধ রয়েছে। পানির সংযোগ না থাকায় ওই এক তলার কক্ষগুলোতেও ছাত্রীদের আবাসন–ব্যবস্থা করতে পারছে না কর্তৃপক্ষ। হলে আসনসংকট থাকায় প্রায় সাড়ে চার শ ছাত্রী ইনস্টিটিউটের আশপাশের এলাকায় বাসা ভাড়া করে থাকছেন। তঁারা সবাই দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী।
এ প্রসঙ্গে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রাজস্ব খাতের বরাদ্দ থেকে আবাসিক হলটি তৈরি হচ্ছে। একতলা পর্যন্ত বরাদ্দ পেয়ে ওইটুকুর কাজ শেষ করেছি। বাকি বরাদ্দ এখনো পাওয়া যায়নি। গভীর নলকূপ বসানোর কাজ চলছে, এরপর একতলাটি ইনস্টিটিউট কর্তৃপক্ষকে হস্তান্তর করতে পারব।’
প্রতিষ্ঠার ১০ বছরেও গ্যাস–সংযোগ পায়নি ইনস্টিটিউট। গ্যাস না থাকায় লাকড়ি দিয়েই সারতে হয় ১৪০ শিক্ষার্থীর রান্নাবান্না। লাকড়ির এই বাড়তি খরচ বহন করতে হয় ছাত্রীদের। লাকি চাকমা নামের এক ছাত্রী বলেন, গ্যাস না থাকায় প্রতি মাসে আবাসিক শিক্ষার্থীদের গড়ে সাত থেকে আট শ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে।
শিক্ষক-কর্মচারী সংকট: পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের বলা হয় ইনস্ট্রাক্টর। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের চারটি বিভাগেই চিফ ইনস্ট্রাক্টরের পদ শূন্য রয়েছে। ইনস্ট্রাক্টরের ১২টি পদের মধ্যে ৪টি খালি। খালি রয়েছে রেজিস্ট্রার, হিসাবরক্ষক, ডাটা প্রসেসর, ল্যাব অ্যাসিস্ট্যান্টের সব পদ। এ ছাড়া ১৭ জন কর্মচারীর মধ্যে ১১টি পদই শূন্য। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, কর্মচারী না থাকায় প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও লাভ হয়নি।