নিজস্ব ভবনে যাচ্ছে খুলশী ক্লাব
চিটাগাং খুলশী ক্লাব লিমিটেডের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শনিবার ফয়’স লেকে আনসার ক্যাম্পের বিপরীতে নিজস্ব জমিতে ফিতা কেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ক্লাবের সভাপতি নিয়াজ মোর্শেদ।
অনুষ্ঠানে নিয়াজ মোর্শেদ বলেন, ৪৮ কাঠা জমির ওপর প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে ক্লাবের মূল ভবন গড়ে তোলা হবে। এতে আধুনিক ক্লাবের সব সুযোগ-সুবিধা থাকবে। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৩ সালে এই ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে খুলশী এলাকায় ভাড়া ভবনে ক্লাব পরিচালনা করা হচ্ছে। বর্তমানে এই ক্লাবের সদস্যসংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে। নতুন করে এই ক্লাবের আরও ১ হাজার ২০০ সদস্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণ হওয়ার পর সেখানে ক্লাবের কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় প্রতিষ্ঠাতা সহসভাপতি রফিক উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আবু হাসনাত চৌধুরী, মিজানুর রহমান মজুমদার প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বৈশাখী পুনর্মিলন ও মেজবানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। —নিজস্ব প্রতিবেদক