নিজাম হাজারী একক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজাম হাজারী
নিজাম হাজারী

দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে (সদর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এ আসনে ২ ডিসেম্বর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজাম উদ্দিন হাজারী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারী মনোনয়নপত্র জমা দেন। ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে গ্যাস বিল খেলাপি ও মনোনয়নপত্রে সমর্থকের সই জালের অভিযোগে জয়নাল হাজারীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে বর্তমানে একমাত্র নিজাম হাজারীর মনোনয়নপত্রটি বৈধ রয়েছে।
নিজাম হাজারী বলেন, এ আসনটি ৮৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগের ছিল। ২০০১ সালে এটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে গেছে। আসনটি ফিরে পাওয়াই ছিল আমার লক্ষ্য। ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির খোন্দকার বলেন, জয়নাল আবেদীন হাজারীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারীর মনোনয়নপত্রটিই বৈধ।