নিজে হারিনি, অন্যকেও হারতে দেব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিতা বিশ্বাস এভাবেই নারীদের সচেতন করে তুলছেন l ছবি: প্রথম আলো
কবিতা বিশ্বাস এভাবেই নারীদের সচেতন করে তুলছেন l ছবি: প্রথম আলো

চেহারায় প্রতিবাদী ছাপ স্পষ্ট। রোদে পুড়ে গায়ের রং তামাটে। হাড়ভাঙা খাটুনি যে তাঁর নিত্যসঙ্গী। বঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছেন। এলাকার বিপন্ন নারীদের দুঃখ-দুর্দশায় সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ছেন। এসবের মধ্যেই আনন্দ খুঁজে পান কবিতা বিশ্বাস।
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের বাকলি গ্রামে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জ্যোতি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অন্যতম সংগঠক কবিতা। সাইকেল গ্যারেজের মিস্ত্রি বাবা ননি গোপাল সরকার ও মা সুধারানী সরকারের দ্বিতীয় সন্তান তিনি। পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। মাত্র ১৪ বছর বয়সে তাঁর বিয়ে হয় নৃপেন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে। মা-বাবার আদরে বড় হওয়ায় শ্বশুরবাড়িতে খুব একটা কাজ পারতেন না। তাই শিকার হতেন অত্যাচারের। স্বামী অত্যাচারের কোনো প্রতিবাদ করতেন না। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ১৯৭৫ সালের দিকে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। কিন্তু প্রাণে বেঁচে যান। সম্পত্তির ভাগের অংশ না দিয়েই স্বামী-স্ত্রী দুজনকে করে দেওয়া হয় আলাদা। শুরু হয় কষ্টের জীবন। না খেয়ে দিন পার করেছেন।
১৯৯৮ সালের দিকে বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা থেকে’ নারী অধিকার প্রতিষ্ঠা ও স্বাবলম্বী হওয়ার বিষয়ে নানা ধরনের প্রশিক্ষণ নেন। বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন। এখন আর সেই দুরবস্থা নেই। দূর হয়েছে অভাবের সংসার। এক ছেলে এক মেয়ে, তাঁদেরও বিয়ে দিয়েছেন। এর মধ্যেই তিনি গ্রামের ভূমিহীন শ্রমজীবী ও প্রান্তিক চাষি বউদের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন। সেই সঙ্গে অধিকারবঞ্চিত হিন্দু নারীদের অধিকার সংরক্ষণ এবং নির্যাতিত নারীদের স্বার্থ সংরক্ষণে ছোট ছোট নারী সমিতি গঠন করে তাঁদের সংগঠিত করতে শুরু করেন। সমিতির ৪২ জন সদস্যের মাসে ১০ টাকা সঞ্চয় করে নিজস্ব তহবিল গড়ে তোলা হয়, যা দিয়ে সংগঠনের সদস্যদের আপৎকালীন সহায়তা দেওয়া হয়। এ ছাড়া সমিতির সাপ্তাহিক বৈঠকে আলোচনার মাধ্যমে অধিকারবঞ্চিত নারীদের অধিকারসচেতন করে তোলা হয়।
২০০৫ সালে পাঁচটি গ্রামের সমন্বয়ে গড়ে তোলা হয় জ্যোতি নারী ও শিশু উন্নয়ন নামের একটি সমিতি। গ্রামের নারীরা অবলীলায় বলতে পারেন অধিকারের কথা। কবিতার অক্লান্ত প্রচেষ্টায় এখন নড়াইল সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের নারীরা তাঁদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৫ সালে মানবাধিকার ও জয়িতা পুরস্কার পেয়েছেন।
কবিতা বিশ্বাস বলেন, ‘এক যুগ ধরে নড়াইল সদর উপজেলায় নারী সংগঠনগুলোর উদ্যোগে ৬০টি বাল্যবিবাহ প্রতিরোধ করায় ৬০টি শিশু অকাল বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। পারিবারিক কলহ, ভরণ-পোষণ আদায়সহ অন্যান্য কারণে ৩৫৬টি নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু সমাধান হয়েছে স্থানীয় সালিসব্যবস্থায়। নারী নির্যাতন বন্ধে কাজ করে যেতে চাই। এটা শুধু কাজ নয়, আমার লড়াই।’