নিজেই নিজের শত্রু আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের দুটি পৌরসভায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। অন্তঃকোন্দল, ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন, শীর্ষস্থানীয় নেতাদের অতি আত্মবিশ্বাস পরাজয়ের কারণ বলে দলের নেতা-কর্মীরা মনে করছেন।বেসরকারি ফলাফল অনুযায়ী, বান্দরবানে বিএনপির জাবেদ রেজা মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আয়ুব চৌধুরী। আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইসহাক তৃতীয় হয়েছেন।বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে রাজ্জাকের মতে, অভ্যন্তরীণ কোন্দলই আওয়ামী লীগের পরাজয়ের কারণ। তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার সঙ্গে সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন কাজী মজিবুর রহমান। অপরদিকে এই নির্বাচনে প্রসন্ন কান্তি ও লক্ষ্মীপদ বিরোধিতা করেছেন কাজী মজিবুর রহমানের সমর্থিত প্রার্থীর। জানা গেছে, ক্ষমতায় আসার পর দ্বিধাবিভক্ত হয়ে পড়ে জেলা আওয়ামী লীগ। সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা ও সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাশ একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান এবং জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মোহাম্মদ ইসহাক বলেন, ‘দলীয় কোন্দলের কারণে নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করেননি।’ তা ছাড়া প্রার্থী মনোনয়নে দলীয় ভোটে পরাজিত লোকজন তাঁকে মেনে নিতে পারেননি বলে তিনি মনে করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা দলীয় কোন্দলের কারণে নির্বাচনে ভরাডুবির কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘বান্দরবান আওয়ামী লীগে কোনো কোন্দল নেই। কিছু ব্যক্তি তাঁদের স্বার্থে অগ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে দলকে বাধ্য করেছে। এ জন্যই দল হেরেছে।’ এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।