তৃণমূলের নারী
নিজেই পণ্য পৌঁছে দেন তিনি
একসময়ে রাজনীতি করা এন্টি চাকমা অনলাইনে ব্যবসা শুরু করেছেন। তিনি গ্রাহক সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেন।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পুলিন হেডম্যানপাড়া গ্রামের এন্টি চাকমা (২৭)। তিনি ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের উপজেলা সভানেত্রী। ২০১৭ সালে রাজনীতি ছেড়ে দেন। সকাল-বিকেল টিউশনি করে ৩০ হাজার টাকা জমান। চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু করেন অনলাইনে পোশাক বিক্রির ব্যবসা। তাঁর উদ্যোগের নাম ধবি দোল কালেকশন।
এন্টি চাকমা জানান, অনলাইনে পোশাক বিক্রি বেড়েছে করোনাকালে। স্বল্প পুঁজিতে পোশাক বিক্রি করে মাসে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। অনলাইনে পোশাক বিক্রির টাকায় ছোট বোনের পড়াশোনা ও পরিবারে আর্থিক জোগান দিচ্ছেন। তবে এন্টি চাকমা ঋণসুবিধা পেলে তাঁর ব্যবসার পরিধি আরও বাড়াতে পারতেন বলে জানালেন।
এন্টি চাকমা বলেন, ‘একসময় ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। নেত্রীও ছিলাম। সব ছেড়ে হঠাৎ মাথায় আসে অনলাইনে পোশাক ব্যবসা করলে কেমন হয়? নিজের চিন্তায় সিদ্ধান্ত নিয়ে একটি ফেসবুক পেজ খুললাম। মানুষের সাড়াও পেলাম।’
এন্টি চাকমা ব্যবসায় সততা বজায় রাখতে চান। অনলাইনে ক্রেতারা পোশাকের ফরমাশ করলেও নিজে বাড়িতে গিয়ে পণ্য দিয়ে আসেন। ক্রেতার পছন্দ না হলে পাল্টে দেন। বললেন, ‘এতে লজ্জার কিছু¦নেই। চুরি তো করছি না, ব্যবসাই করছি।’ তবে তাঁর দুঃখ হচ্ছে, ব্যবসার জন্য ঋণসহায়তা পাওয়া যায় না।
এন্টি চাকমা রাঙামাটির বিভিন্ন এলাকা ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পোশাক সরবরাহ করেন। ঐতিহ্যবাহী পোশাকগুলো ফরমাশ নিয়ে গ্রাহকের পছন্দমতোই তৈরি করে দেন।
অনলাইনে পোশাকের ক্রেতা ঢাকা মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছায়া চাকমা বলেন, ‘আমি ধবি দোল কালেকশনের নিয়মিত গ্রাহক। অনেক পোশাক কিনেছি, কোনো দিন ঠকিনি। যেমন চাহিদা দিয়েছি, তেমনই সরবরাহ করেছেন।’
এন্টি চাকমা বলেন, ‘গ্রাহকসন্তুষ্টি হলো ব্যবসার প্রথম শপথ। আমি এ শপথ কখনো ভঙ্গ করব না। গ্রাহকের সন্তুষ্টির জন্যই আমি নিজে গ্রাহকের বাড়িতে গিয়ে পণ্য সরবরাহ করি।’