নিজেই বানান বিয়ের ভিডিও
বিয়ের স্থিরচিত্র ধরে রাখার জন্য কমবেশি আয়োজন করে থাকেন সবাই। আদতে আলোকচিত্রী ছাড়া বিয়ে আজকাল চিন্তাও করা যায় না। ভিডিওচিত্রটাও তবে বাদ থাকবে কেন! পাড়া-মহল্লার ভিডিও দোকানগুলোর পাশাপাশি আজকাল ছোট-বড় ইভেন্ট প্রতিষ্ঠানগুলোও দিচ্ছে এই সুবিধা। তবে চাইলে নিজে নিজেও ভিডিও করে ফেলতে পারেন। অনেকেই আজকাল বিয়ের আগে বর-কনেকে নিয়ে তৈরি করেন ভিডিওচিত্র। তাতে থাকতে পারে তাঁদের ছোটবেলার ছবি, আত্মীয়স্বজনের নানা মন্তব্য, তাঁদের পরিচয়পর্বের নানা মজার ঘটনা। হ্যান্ডিক্যাম আজকাল প্রায় সবার কাছেই আছে। ভালো মানের ভিডিও করা যায় এমন একটি হ্যান্ডিক্যাম দিয়েই কাজ সারতে পারেন। আজকাল স্টিল ফটোগ্রাফির ক্যামেরাগুলোতেও ভিডিও করা যায়। চাইলে ক্যাননের মার্ক টু ক্যামেরাগুলোও ব্যবহার করতে পরেন। তবে ক্যামেরা যেটাই হোক না কেন, ট্রাই-পড ব্যবহার করতে ভুলবেন না। অনভিজ্ঞতার কারণে হাতে ক্যামেরা চালাতে গিয়ে ছবি কেঁপে যেতে পারে। সঙ্গে একটা ফ্ল্যাশগান রাখলে ভালো। হঠাৎ আলো কমে গেলে কাজে লাগবে সেটা। আর ফ্ল্যাশগান চালানোর জন্য সঙ্গে একজনকে নিন। তবে ভালো ক্যামেরা হলে ফ্ল্যাশগানের দরকার নেই। তারপর মনের মাধুরী মিশিয়ে শুটিং সেরে ফেলুন। বিয়ের অনুষ্ঠান সাধারণত দু-তিন দিনের হয়। হলুদের অনুষ্ঠানের ফুটেজগুলো যদি মূল বিয়ের আগেই সম্পাদনা করে বিয়ের দিন সবাইকে দেখানো যায়, তাহলে কিন্তু অন্য রকম একটা মজা হয়। এর জন্য একটা প্রজেক্টর ভাড়া নিতে পারেন বিয়ের দিন। আগের দিনের অনুষ্ঠানের ভিডিওর পাশাপাশি সেই দিনের সরাসরি ফুটেজ দেখাতে পারেন পর্দায়। মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগে সরাসরি প্রচার ভালোমতো হচ্ছে কি না, তা দেখে নিতে হবে। বিয়েতে না হয় হলুদের ভিডিও চালালেন। কিন্তু হলুদে কী চালাবেন? বর ও কনের পারিবারিক ছবির অ্যালবাম থেকে বের করে ফেলুন ছোট থেকে বড় হওয়া পর্যন্ত দুর্লভ সব ছবি। বর ও কনের বন্ধুবান্ধবের কাছ থেকেও জোগাড় করতে পারেন ছবি। অপর পক্ষের সঙ্গে খাতিরটাও জমিয়ে ফেলতে পারবেন এই সুযোগে। এবার সেই ছবিগুলো স্ক্যান করে নিয়ে নিন অ্যাডবি প্রিমিয়ার অথবা ভিডিও সম্পাদনার অন্য কোনো সফটওয়্যারে। ব্যস নিজে নিজেই বানিয়ে ফেলুন বর ও কনের ওপর তথ্যচিত্র। ছোটবেলা থেকে বিয়ের দিন পর্যন্ত নিজের সব ছবি দেখে তাঁদেরও ভালো লাগবে। অতিথিদের তো কথাই নেই। চোখের সামনে প্রজেক্টরে ছোট্ট সোনামণিদের দেখে বাবা-মায়েদের চোখ ভিজে উঠবেই!তবে মূল ভিডিও সম্পাদনা পেশাদার এডিটরের কাছ থেকেই করা ভালো। কারণ ছবি তোলা অনেকেই বেশ ভালোভাবে করলেও, সম্পাদনার জন্য কিছুটা প্রশিক্ষণ ও অভিজ্ঞতা প্রয়োজন। তবে এ বিষয়ে আগ্রহ আছে, আগে থেকে টুকটাক কাজ করেছে—এ রকম কাউকে পেলে খরচ কমে যাবে। বন্ধুবান্ধবের মধ্যে এমন কাউকে পাওয়া অসম্ভব নয়।বিয়ের ভিডিওর আরেকটা বড় সুবিধা হচ্ছে, শব্দ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। যা-ই ছবি তোলা হোক না কেন, ব্যাকগ্রাউন্ডে গানই বাজবে। আপনি চাইলে আপনার রুচির পরিচয় দিতে পারেন এখানটায়। হিন্দির তুলনায় ধুমধারাক্কা গানের সংখ্যা বাংলাতেও কম নয়। পুরোনো আমলের গানের রিমিক্সগুলো ব্যবহার করলে বেশ জমবে। আর সব যে ধুমধারাক্কা গান দিতে হবে, এমন তো কথা নেই। ব্যাকগ্রাউন্ডে চলুক তবে আপনার পছন্দ করা রোমান্টিক গান। আর দেখার জন্য আপনার তোলা ভিডিও। বর-কনের জন্য এর থেকে ভালো উপহার আর কী হতে পারে বলুন তো!