নিজেই যখন চোখের পরীক্ষক
চশমার ব্যবহারকারীদের জন্য সুখবর শোনালেন বিজ্ঞানীরা। চশমার লেন্সের কার্যক্ষমতা (পাওয়ার) বদলাতে আর ছোটাছুটি করতে হবে না ব্যবহারকারীদের। চশমার ডায়াল ঘুরিয়ে খুব সহজে নিজেরাই করতে পারবেন এ ঝামেলার কাজটি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক মিলে স্লাইডল্যান্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইজাস্টার নামের নতুন এই চশমাটি তৈরি করেছেন। ১৯২০ সালের একটি প্রযুক্তিগত ধারণাকে এখানে নতুনভাবে উপস্থাপন করেছেন গবেষকেরা। স্লাইডল্যান্স প্রযুক্তি ব্যবহার করে এই চশমার বিন্যাস নিজেরাই পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু চোখের স্পষ্ট দর্শনের জন্য ফোকাস করতে ফ্রেমের ডায়াল ঘুরালেই চলবে। দৃষ্টি স্পষ্ট না হওয়া পর্যন্ত ডায়াল ঘুরিয়েই তা ঠিক করে নেওয়া যাবে। আইজাস্টারের গবেষক ওয়েন রিডিং বলেন, চোখের পরীক্ষা ও গবেষণার কাজে নিয়োজিতরা এখন তাঁদের কাজটি আরও ভালোভাবে করতে পারবেন। কারণ এই চশমা ব্যবহারের কারণে চোখের সমস্যা সহজেই আলাদা করা সম্ভব হবে।তিনি আরও বলেন, উন্নয়নশীল বিশ্বে এই চশমা বেশ উপযোগী হবে। কারণ ওই সব অঞ্চলে চোখের পরীক্ষা ও গবেষণার কাজে নিয়োজিতদের সংখ্যা অনেক কম। সেখানে বিশেষজ্ঞের পরামর্শে চশমা ব্যবহার করাও কঠিন। অনেকেই ভিন্ন ভিন্ন কাজের জন্য একাধিক চশমা ব্যবহার করেন। এ ক্ষেত্রে একটি চশমা ব্যবহারেই সমাধান পাওয়া যাবে। পড়ার কাজেও এটি ব্যবহার করা যাবে। ব্রিটিশ একটি প্রতিষ্ঠান এই চশমাটি প্রস্তুত করছে। এর দাম পড়বে ৪০ ডলার। টাইমস অব ইন্ডিয়া।