সবখানে তাঁর উপস্থিতি। নাম তাঁর আদনান মান্নান। সংস্কৃতিকর্মী, সংগঠক ও গবেষক হিসেবে সব ক্ষেত্রেই কাজ করে চলেছেন সফলতার সঙ্গে।সাম্প্রতিক সময়ে দেশে যে কয়েকজন তরুণ বিজ্ঞানী বায়োইনফরমেটিক্স বিষয়ে গবেষণা করছেন, আদনান তাঁদের একজন। ২০০৮ সালে যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ’ নিয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। এরপর যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে।ভবিষ্যতে ক্যানসার বিষয়ে উচ্চতর পড়াশোনা ও গবেষণার স্বপ্ন দেখেন। পাশাপাশি জৈব প্রযুক্তিভিত্তিক পণ্যের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান নিজেকে। তাঁর মতে, এই প্রচেষ্টার লক্ষ্য গবেষণাকে গণমানুষের কাজে লাগানো এবং তাদের কাছে নিয়ে যাওয়া।সম্প্রতি অস্ট্রেলীয় সরকারের গবেষণাবৃত্তি নিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আদনান অস্ট্রেলিয়ায় পাড়ি দেবেন। তিনি মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ান পোস্ট গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড (এপিএ) ২০১৩-এর জন্য। অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত কার্টিন বিশ্ববিদ্যালয়ে রায়মা কেসেটা, এরিখ অ্যালমার হোস্ট, হানি এল সালামির তত্ত্বাবধানে পরিচালিত হবে তাঁর গবেষণা। তিনি ওখানে ডায়াবেটিস রোগের বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং এ ক্ষেত্রে উপকারী ব্যাকটেরিয়ার (প্রোবায়োটিক্স) কার্যকারিতা নিয়ে কাজ করবেন।ইতিমধ্যে আদনান মান্নানের নয়টি গবেষণা প্রবন্ধ ছাপা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সাময়িকীতে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ, মালয়েশিয়া ও ভারতীয় গবেষণা জার্নাল।আদনানের গবেষণাধর্মী বিষয়ে পড়াশোনার পেছনে নিজের ইচ্ছার পাশাপাশি বাবা-ময়ের স্বপ্ন ও প্রভাব রয়েছে। বাবা এম এ মান্নান একজন চিকিৎসক, মেডিসিন বিশেষজ্ঞ। মা জোবায়দা কাদেরি গৃহিণী। ভাই ও বোনের মধ্যে ছোট আদনান। ভাই চিকিৎসক এবং একমাত্র বোন কলেজশিক্ষক। আদনানের পরিচয় বিতার্কিক, আবৃত্তিশিল্পী, সংগঠক, সমাজকর্মী হিসেবেও। বিতর্ক ও আবৃত্তিতে স্বীকৃতি মিলেছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে। নতুন কুঁড়ি পদক ও প্রধানমন্ত্রী পদকসহ জাতীয় পদক পেয়েছেন চারবার। বিতর্ক করতে ম্যানচেস্টার, লিডস, প্যারিস, লন্ডন, অক্সফোর্ড পর্যন্ত ছুটে গেছেন।অবসর কাটে অড্ডায়, বই পড়ে আর গান শুনে।