নিজেকে জানাই

পড়ুন নিজের সিনেমা ও জীবন সম্পর্কে সুচিত্রা সেনের লেখা। সঙ্গে সদ্য প্রয়াত মহানায়িকার জীবনের কিছু টুকরো ঘটনা
‘লেখকের একটা ধর্মশপথ আছে যে সত্য বলব। কিন্তু সে সত্য বানিয়ে বলব।’—তার মানে বাস্তব সত্যের সঙ্গে কিছু কল্পনার ভেজাল। দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে, হুবহু তার খুঁটিনাটি ছবি লেখার আয়নায় ধরা পড়ে না।
সাক্ষাৎকার, সাংবাদিকের প্রশ্ন এবং চলচ্চিত্রশিল্পীদের উত্তর বড় বেশি গোলমেলে আর প্রহসন মনে হয় আমার। অথচ আমাকে যদি জিজ্ঞেস করা হয়, কেন?
আমি বলব, এই কেনর উত্তর নেই। কবে কোন ঘটনার মধ্য দিয়ে আমার এ ধারণার জন্ম হলো, আমি নিজেই জানি না। সুতরাং এ বিষয়ে অন্যকে দু-চার কথা বলা মানেই মিথ্যা বলা!
মুশকিল হচ্ছে, পত্রপত্রিকায় শিল্পীদের সাক্ষাৎকারের যে বিবরণী ছাপা হয় তা কখনো সঠিক পথ ধরে না। শিল্পীকে জানা কিংবা বোঝানোর রাস্তা দু-চারটে ঘরোয়া প্রশ্নোত্তরের মধ্যে সীমিত নেই।
এর হয়তো অনেক কারণ। অবশ্যই সে আলোচনা এখানে অবান্তর। তার ওপর পত্রিকার স্বল্প পরিসর, যেহেতু অভিনেতা-অভিনেত্রীরা অনেকেই লেখক নন, গুছিয়ে লেখা সম্ভব হয়ে ওঠে না। আসলে এমন কিছু প্রশ্ন থাকে, যেগুলোর জবাব সঠিক হয় না। কিংবা যা হয় তা নিতান্তই ভাসা ভাসা। মাঝখান থেকে মুশকিলে পড়েন শিল্পীদের ভক্ত পাঠক-পাঠিকারা। তাঁদের প্রিয় শিল্পীদের সম্পর্কে একটি বিশেষ বিশ্বাসের বৃত্তের বাইরে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন।
ধরা যাক প্রশ্ন হলো, কীভাবে ছবির জগতে এলেন?
কী উত্তর দেব। ছেলেবেলা থেকেই ছবি দেখতে ভালো লাগত? তখন ছবিতে অভিনয়ের ভীষণ ইচ্ছে হতো? বড় হলাম। রূপ-যৌবন ছিল। যোগাযোগের সুযোগও এসে গেল। ব্যস, ছবির জগতে চলে এলাম।
অথচ যখন ভাবি, ছবির জগতে আসা নিতান্ত আকস্মিক। পূর্বপ্রস্তুতি কিছু ছিল না।
দ্বিতীয় প্রশ্ন: নবাগত বা নবাগতার জীবনে বেশির ভাগ ক্ষেত্রে যা ঘটে তা আপনার ক্ষেত্রে কি ঘটেছিল? অর্থাৎ, কোনো ব্যথা বা আঘাত আপনার নবাগত শিল্পীজীবনকে কাতর করে তুলেছিল কি না?
জীবনের চলাচলের পথ কি কুসুমাস্তীর্ণ হয়? শুধু শিল্পীর জীবন কেন, সব ক্ষেত্রেই কি নবাগত কিংবা নবাগতার জীবনে অভিজ্ঞতার উপাখ্যান দুঃখে মেশা থাকে না? আসলে শিল্পীর জীবনের দুঃখের কাহিনি একান্তভাবেই ব্যক্তিক। সেই দুঃখ-বেদনার অংশীদার হতে কজন পারে? পারে না। পরিবর্তে শুধু করুণা? আমার তো মনে হয়, কোনো শিল্পীই করুণার পাত্র হতে চান না। দুঃখ-বেদনায় আত্মলীন হয়ে শিল্পীর উদ্যমের সান্ত্বনা থাকে: ‘সৃষ্টির উৎস বেদনা।’
আপনার আজকে এই খ্যাতির পেছনে কতটা বিস্ময় ছড়িয়ে আছে?
‘কতটা বিস্ময়’ বলতে কী বুঝব? কাব্য করে হয়তো এই প্রশ্নের শতেক কায়দামাফিক জবাব দেওয়া যায়। কিন্তু সেটা কি বানিয়ে মিথ্যে বলা হবে না? আর যদি বলি, আমি যখন হাজারো উড়ন্ত সংলাপ শুনি, তখনই বুঝতে পারি কতটা বিস্ময় আমার খ্যাতির পেছনে ছড়িয়ে আছে। যেমন—
(ক) সালা সু (?) চিত্রা সেনের কী দেমাক মাইরি...।
(খ) দেখতে গেলাম, অমনি ঘোমটা টেনে মুখ ঢেকে দিল—আহা, কী এমন অপ্সরী রে—ইত্যাদি...।
‘কতটা বিস্ময়’-এর উত্তর যদি এই হয়, নিশ্চয়ই এও আরেক বিস্ময়।
কত পারিশ্রমিক দিয়ে শিল্পীজীবন শুরু?
নিশ্চয় মিনিমাম পারিশ্রমিক দিয়ে।
প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা?
অপরিচিত জগতে এলে সবার যা হয়, আমার ক্ষেত্রে নিশ্চয়ই তা বাদে নতুন কিছু হয়নি। ভয়, বিস্ময়, আনন্দ—সবই ছিল।
প্রথম দিকের সব ছবিই কি সাফল্য লাভ করেছিল? যদি না করে থাকে তাহলে আপনার মনে তার প্রতিক্রিয়া?
‘সাফল্য লাভ’ বলতে কিসের সাফল্য বুঝব? অর্থকরী? সে ছবির প্রযোজকেরা বলবেন। আর, প্রথম দিকের ছবিতে অভিনয়ে সাফল্য লাভ করেছি কি না সে কথা বলবেন আমার দর্শকেরা।
পত্রপত্রিকার সমালোচনা প্রসঙ্গে আপনার অভিমত কী?
আমার অভিনীত ছবির? না আমার? আমার প্রশস্তি তো সর্বত্র। যথাযথ সমালোচনা কি কখনো হয়? অন্তত আমার ক্ষেত্রে হয়নি।
মস্কোর সংবাদে আপনার মন কেমন ছিল?
বানিয়ে বললে একগাদা ভালো লাগার কথা বলতে পারি। আনন্দাশ্রুর কথা, আবেগে কণ্ঠস্বর রুদ্ধ হওয়ার কথা। নইলে নিরুত্তাপ। সকালবেলায় আমাকে আমার জনৈক আত্মীয় স্টেটসম্যান খুলে মস্কোর সচিত্র খবর দেখান। আমি খুশি হলাম, ভালো লাগল। তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল অজস্র টেলিফোনে, ফুলের মালায়, তোড়ায়, চলচ্চিত্রজগতের স্বজন-বন্ধুদের উল্লসিত কণ্ঠস্বরে। বুঝলাম, বিরাট কিছু ঘটে গেছে।
ডাকনাম কী?
একটা? দুটো? সাতটা কি দশটা নয়—অজস্র অজস্র, অনেক। আমার ফ্যানরা যে নামে ডাকেন, সে তো একান্তভাবে তাঁদের নিজস্ব। রোজ সকালে হাজারো চিঠি খুলি। কেউ ডাকেন ‘সুচি’, কেউ ডাকেন...থাক লজ্জা করছে।
কয়েকটা স্মরণীয় ঘটনা বলুন?
স্মরণীয় ঘটনার সংজ্ঞা কী হবে? শিল্পীর জীবনের সব ঘটনাই কি স্মরণীয় নয়? সে তো অগুনতি। একটা ঘটনার কথা বলি: হ্যান্ডলুম হাউসে কাপড় কিনতে গেছি। জনৈকা সেলস গার্লকে জিজ্ঞেস করলাম, অমুক কাপড় আছে?
মহিলার মুখে কথা নেই। চোখজোড়া স্থির, অপলক। রীতিমতো কাঁপছেন। হঠাৎ মুখটা প্রায় কাপড়ের মতো সাদা। পরে শুনেছিলাম, মেয়েটি আমার ভীষণ ভক্ত।
ওপরের এই প্রশ্ন এবং তার উত্তর নিশ্চয়ই নতুন কোনো নজির সৃষ্টি করল না। সেই গোলমেলে প্রহসন। শিল্পীকে এই রীতিতে জানার চেষ্টা অন্তত ঠিক নয়। শিল্পীজীবন ও জগতের দুর্জ্ঞেয় রহস্যের সব প্রশ্নের উত্তর খোঁজেন তাঁর সৃষ্টির মধ্য দিয়ে। জীবনের এই জিজ্ঞাসা কমবেশি জন্মগত। সময়ের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিকের প্রভাবে বিশেষ বিশেষ আকৃতি লাভ করে। মনে আছে, ইশকুলের পরীক্ষায় অনেক কমন প্রশ্ন এলে আমি রেজাল্ট ভালো করতাম।
শিল্পীর জীবনের অজস্র রহস্যও তাঁর সৃষ্টির মধ্যেই আছে। আমার জীবনের সব কথা আমার অভিনীত চরিত্রগুলোতে খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে—সত্যকে বানিয়ে বলার রীতিতে। বাস্তব সত্যকে অস্বীকার করার চেষ্টা সেখানে নেই।
অতি সাধারণ কিংবা অসাধারণ প্রতিটি মানুষ, মানুষের সুখ, আমার মনে হয়, একেকটি ইতিহাস, ইতিহাসের আকাশ। ইতিহাস আকাশের সেই রহস্য জানার চেষ্টায় আন্তরিক গভীরতা চাই, চাই নিবিড় আগ্রহ: ‘খোল হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা।’
সূত্র: মহানায়িকা সুচিত্রা, আশিসতরু মুখোপাধ্যায়