নিজেকে তৈরি করার সুযোগ
সভা মানেই সেখানে সংগঠন বা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম নিয়ে আলোচনা। কিন্তু বন্ধুসভার সভা মানেই সম্পূর্ণ ব্যতিক্রমী আলোচনা। প্রাণের সংগীত জাতীয় সংগীত দিয়ে দিনটির শুরু। শুরুটাই ছিল ভিন্ন রকম। যেন ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিল। বন্ধুসভার সভায় অংশগ্রহণের সুযোগের অর্থ নতুন কিছু শিখতে ও জানতে পারা।
৮ আগস্ট সকাল নয়টায় প্রথম আলোর কার্যালয়ে বন্ধুসভার বন্ধুদের নিয়ে আলোচনা সভা। আমরা সারা দেশের প্রায় ৭০ জন বন্ধু যথাসময়ে উপস্থিত। যেন ছোট একটি মিলনমেলা। উপস্থিত হলেন প্রিয় সাইদুজ্জামান রওশন ভাই। রওশন ভাইয়ের উপস্থিতি মুহূর্তের মধ্যে সভায় প্রাণ সঞ্চার করে দিল। জাতীয় সংগীত শেষে একে একে সবার সঙ্গে পরিচয় হতে পারাটা ছিল দারুণ এক অনুভূতি। প্রতিটি জেলার বন্ধুকে কাছ থেকে দেখার বা আলিঙ্গন করার বিষয়টি সত্যিই অসাধারণ ছিল। তাঁদের সঙ্গে কথা বলে বন্ধুত্বকে ছড়িয়ে দেওয়ার ও বন্ধুত্বের বন্ধন মজবুত করার অনুপ্রেরণা পান বন্ধুরা। বন্ধুসভার গঠনতন্ত্র নতুন বন্ধুদের কী কী করণীয়, পুরোনো বন্ধুদের সমাগম ঘটানো ইত্যাদি অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা মনকে অনেক আন্দোলিত করেছে। ওই দিন আমাদের নতুন করে বুঝিয়ে দেওয়া হলো দেশ ও দেশের মানুষের প্রতি আমার কর্তব্য ও দায়িত্বগুলো। যেন নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে পারলাম। মনোমুগ্ধ হয়ে শুনলাম রওশন ভাই ও বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের অন্যান্য বন্ধুদের কথা।
বন্ধুসভার কাজ মানেই দেশ ও দেশের মানুষের সেবা করার সুযোগ। নিজেকে তৈরি করার সুযোগ। দেশের ঋণ কিছুটা হলেও পরিশোধ করার সুযোগ করে দেওয়ার নাম বন্ধুসভা। অন্যের সামনে নিজের উপস্থাপন, নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে বিকশিত ও বিশ্ব সম্ভারে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার অপর নাম বন্ধুসভা।
বিকেলের আয়োজনটি ছিল আরেকটি ভিন্ন অভিজ্ঞতা। কারণ সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে বসে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের মূল্যবান কথা শুনতে পেলাম।
নিজের অনুভূতিকে কাগজে লেখার সাহস জোগানোর নামই বন্ধুসভা। বাংলাদেশকে সুন্দর করে ভাবার ও সামনে এগিয়ে নিতে হবে এই বোধটুকু নতুন করে জাগিয়ে দিল বন্ধুসভার সেই আলোচনা সভা। কারণ বন্ধুসভাই আমাদের শেখায় যে আমিই বাংলাদেশ। অতএব বন্ধুসভার সঙ্গে ছিলাম, আছি ও থাকব। দেশ ও দেশের মানুষের স্বার্থে ও মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করতে কুণ্ঠিত হব না কখনো। বন্ধুসভা চিরজীবী হয়ে বাংলাদেশকেও রাখুক চিরজীবী। নতুন করে নিজেকে চেনার ও তৈরি করার সুযোগ করে দেওয়ায় বন্ধুসভাকে ধন্যবাদ।
সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা