নিজেদের টাকায় শঙ্খে বাঁধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শঙ্খ নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ধরনা দিয়েছিলেন সাতকানিয়ার দ্বীপ চরতি গ্রামের বাসিন্দারা। কিন্তু কেউ সাড়া দেয়নি। শেষে নিজেরাই উদ্যোগী হলেন বাঁধ নির্মাণে। ছবিটি ২৪ মে সকালে তোলা । প্রথম আলো
শঙ্খ নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ধরনা দিয়েছিলেন সাতকানিয়ার দ্বীপ চরতি গ্রামের বাসিন্দারা। কিন্তু কেউ সাড়া দেয়নি। শেষে নিজেরাই উদ্যোগী হলেন বাঁধ নির্মাণে। ছবিটি ২৪ মে সকালে তোলা । প্রথম আলো

মাথার ওপর প্রখর রোদ। দরদর করে ঘামছেন সবাই। তার পরেও কারও এতটুকু ক্লান্তি নেই। কেউ বালু-সিমেন্টের মিশ্রণে ব্যস্ত। কেউ বস্তায় ভরছেন এসব মিশ্রণ। আর কেউ মাথায় করে বস্তা নিয়ে ফেলছেন নদীর পাড়ে। কিশোর, তরুণ ও মধ্যবয়সী—কে নেই এই দলে। যেন আনন্দের শ্রম। এই ব্যস্ততা শঙ্খপাড়ের দ্বীপ চরতি গ্রামের। ভাঙন রোধে গ্রামবাসী নিজেদের টাকায় বাঁধ দিচ্ছেন নদে।
সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের এই গ্রামটি প্রতি বর্ষায় ভাঙনের কবলে পড়ে। শঙ্খ নদের পানি কূল ছাপিয়ে প্লাবিত করে গ্রাম। ঘরবাড়িসহ নানা স্থাপনা ভেঙে নিয়ে যায় প্রমত্ত শঙ্খ। ইতিমধ্যে গ্রামের এক-চতুর্থাংশ হারিয়ে গেছে মানচিত্র থেকে। গ্রামের বাসিন্দাদের দাবি, একটি টেকসই বাঁধের। কিন্তু কার কথা কে শোনে? পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ও উপজেলা প্রশাসনে ধরনা দিয়ে কোনো কাজ হয়নি। এদিকে আসছে বর্ষা। তাই আর কারও মুখাপেক্ষী না হয়ে উদ্যোগী হলেন নিজেরাই।
স্থানীয় লোকজন জানান, প্রথমে শঙ্খ নদের একটি বাঁকে প্রায় ২০০ ফুট দীর্ঘ এ বাঁধ নির্মাণের কাজ চলছে। এ রকম আরও দুটি স্থানে একই ধরনের বাঁধ নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা। এর মধ্যে একটি বাঁধের প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।
২৪ মে সরেজমিনে দেখা গেছে, বাঁধ নির্মাণে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন প্রায় ৩০ জন। এঁরা সবাই গ্রামেরই বাসিন্দা। তাঁদের মধ্যে অনেকে টাকাও দিয়েছেন। এখন শ্রমও দিচ্ছেন। কারও দম ফেলার ফুরসত নেই। সবাই মহাব্যস্ত।
কাজের ফাঁকে মোহাম্মদ রুবেল (২৬) বলেন, ‘আমরা দিনে-রাতে পরিশ্রম করছি। বাঁধ নির্মাণ হয়ে গেলে অন্তত এই বর্ষায় গ্রামে ভাঙন কম হবে।’ এলাকার কৃষক কোরবান আলী (৫৫) বলেন, ‘দ্বীপ চরতি গ্রামে আমার জন্ম। এটি রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই সবাই মিলে এগিয়ে এসেছি।’
চরতি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদের নেতৃত্বে গ্রামের সব শ্রেণী-পেশার লোকজন দ্বীপ চরতি গ্রাম রক্ষার জন্য কমিটি গঠন করে। ওই কমিটি নদের তিনটি বাঁকে বালুর বস্তা দিয়ে বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেয়। তিনি জানান, বাঁধ নির্মাণ কমিটি গ্রামবাসীর কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করেছে। এ কাজে এগিয়ে এসেছে গ্রামের দিনমজুর, কৃষক, প্রবাসী থেকে শুরু করে সব মানুষ।
ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ কমিটির সভাপতি রমিজ উদ্দিন আহমদ বলেন, গ্রামের লোকজন বাঁধ নির্মাণে আর্থিক ও শারীরিকভাবে অভূতপূর্ব সাড়া দিয়েছে। তবে বাঁধ নির্মাণের সব টাকা গ্রামবাসীর পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই বিত্তবান ব্যক্তি ও সরকারকে এগিয়ে আসতে হবে।
এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমি দ্বীপ চরতি গ্রামের মানুষদের সাধুবাদ জানাই। এ এলাকার ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণে সরকারের সংশ্লিষ্ট বিভাগে লিখিতভাবে অবহিত করব।’
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ভাঙন রোধে বাঁধ নির্মাণে গ্রামবাসীর উদ্যোগ প্রশংসার যোগ্য। তবে শঙ্খের ভাঙন রোধে প্রকল্প প্রণয়ন করে বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষে কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।