নিজেদের পথ তৈরি করল নিজেরাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচ গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দেনদরবার করেছে একমাত্র চলাচলের রাস্তাটি সংস্কারের জন্য। কিন্তু বৃথাই গেছে সব আবেদন-নিবেদন। অবশেষে পাঁচ গ্রামের প্রায় হাজার খানেক মানুষ নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কার শুরু করেছে। তীব্র শীত উপেক্ষা করে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তা মেরামতের কাজে অংশ নিয়েছে নারী ও শিশু-কিশোরেরা।স্বেচ্ছাশ্রমে চলছে রাস্তা মেরামতের কাজ। উঁচু-নিচু রাস্তায় বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই জমে যায় জল। গ্রামবাসী তাই মাটি ফেলে সমান করছে প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তাটি। বাড়ি থেকে ঝুড়ি, কোদাল ও বস্তা এনেছে তারা। কেউ কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, কেউ বা বস্তায় ও ঝুড়িতে ভরে এনে ফেলছে রাস্তায়। দিনভর যারা কাজ করেছে, তাদের জন্য খাবার এসেছে আশপাশের বাড়িঘর থেকে।খাগড়াছড়ি ইউনিয়নের গড় গর্যাছড়ি, আক্য ডাক্তারপাড়া, ঘাটপাড়া, মুড়াপাড়া, নতুনপাড়া—এই পাঁচ গ্রামে প্রায় দেড় হাজার পরিবারের বসবাস। এসব গ্রামের বাসিন্দারা খাগড়াছড়ি সদরে যাতায়াত করে এই রাস্তা দিয়ে। তাই নিজেদের যাতায়াত নির্বিঘ্ন করতেই এমন উদ্যোগ নিয়েছে বলে গ্রামবাসী জানায়।খাগড়াছড়ি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে কমলছড়ি গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে চেঙ্গী নদী। চেঙ্গীর চর এলাকায় অবস্থিত এই কাঁচা রাস্তা সংস্কার করছিল পাঁচ গ্রামের বাসিন্দারা। ৪ জানুয়ারি সরেজমিন দেখা যায়, বাড়ি থেকে হাঁড়ি, ঝুড়ি নিয়ে নদী থেকে বালু এনে ফেলছে গ্রামবাসী। বালুর বস্তা বানিয়ে রাস্তায় রক্ষাদেয়ালও তৈরি করেছে তারা।আক্য ডাক্তারপাড়ার বিজয় ত্রিপুরা ও গড় গর্যাছড়ি গ্রামের দিলীপ কুমার চাকমা জানান, সপ্তাহের প্রতি শুক্রবার গ্রামের বাসিন্দারা মিলে বালুর বস্তা ফেলে রাস্তাটি উঁচু করছে। এভাবে বর্ষার আগেই রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযোগী হয়ে যাবে।খাগড়াছড়ি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিরাপদ তালুকদার বলেন, ‘রাস্তাটি পাঁচ গ্রামের বাসিন্দাদের একমাত্র চলাচলের রাস্তা। কিন্তু রাস্তা সংস্কারের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসেনি। রাস্তাটি সংস্কারের জন্য আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।’