খাগড়াছড়ির দীঘিনালায় ২০১০ সালে কৃষকদের সেচসুবিধার ডিজেলের ভর্তুকি দেওয়ার জন্য দুই তফসিলভুক্ত ব্যাংকে খোলা ৪ হাজার ব্যাংক হিসাব ৬ বছর ধরে অলস পড়ে আছে। ২০১০ সালের পর থেকে কৃষকের হিসাবগুলোতে কোনো লেনদেন হয়নি। অধিকাংশ কৃষক নিজের ব্যাংক হিসাব নম্বরও ভুলে গেছেন। হিসাব নম্বরগুলোতে কোনো প্রকার লেনদেন না হলেও বছরে দুইবার ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের এসব হিসাবের খতিয়ান টানতে হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১০ সালের ১৭ জুন উপজেলার ১ হাজার ৫৭৫ জন প্রান্তিক, ২ হাজার ৬৪ জন ক্ষুদ্র ও ১০৯ জন মাঝারিসহ মোট ৪ হাজার ১৪৮ জন কৃষককে সেচসুবিধার জন্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়। ভর্তুকির টাকা উত্তোলনের জন্য ১০ টাকা দিয়ে পাঁচটি ইউনিয়নের কৃষকদের সোনালী ও কৃষি ব্যাংকে হিসাব খুলতে হয়। উপজেলার মেরুং, কবাখালী, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের ৩ হাজার ৬৭৩ জন কৃষক কৃষি ব্যাংকে এবং বোয়ালখালী (সদর) ইউনিয়নের ৪৭৫ জন সোনালী ব্যাংকে ১০ টাকা জমা দিয়ে হিসাব খোলেন। সংশ্লিষ্ট হিসাব নম্বরে মাঝারি কৃষকদের এক হাজার, ক্ষুদ্র কৃষককে ৮০০ টাকা দেওয়া হয়।
বোয়ালখালী (সদর) ইউনিয়নের নৌকাছড়া গ্রামের সিউলাল চাকমা, কবাখালী ইউনিয়নের শান্তি কারবারি, মো. হারুণ মিয়া, কবাখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শান্তি রঞ্জন চাকমাসহ ভর্তুকি পাওয়া কৃষকেরা জানান, তাঁরা ২০১০ সালে ব্যাংক হিসাব খুলে ভর্তুকির টাকা পাওয়ার পর ব্যাংক হিসাবের আর কোনো খবর রাখেননি। ওই হিসাবে আর কোনো লেনদেনও করেননি। তাঁদের হিসাব নম্বর কত, তা–ও এখন জানেন না। ভর্তুকির টাকা তোলার পর এসব ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে, এটা জানতেন না তাঁরা।
কৃষি ব্যাংকের দীঘিনালা শাখার ব্যবস্থাপক আয়ন চাকমা বলেন, ‘আমার শাখায় কৃষকের ডিজেল ভর্তুকির জন্য খোলা ৩ হাজার ৬৭৩টি হিসাব অলস পড়ে আছে। হিসাবগুলোতে মোট ৪২ হাজার ৫৩০ টাকা জমা আছে।
এ ছাড়া আর কোনো লেনদেন হয়নি। হিসাবগুলো অলস পড়ে থাকলেও আমাদের প্রতিবছর জুন ও ডিসেম্বর মাসে খতিয়ান টানতে হচ্ছে। এসব হিসাবে কৃষকেরা লেনদেন করতে পারবেন।’
সোনালী ব্যাংকের দীঘিনালা শাখা ব্যবস্থাপক বাদল বরণ চাকমা বলেন, ‘সোনালী ব্যাংকের দীঘিনালা শাখায় কৃষকের ডিজেল ভর্তুকির ৪৭৫টি হিসাব পড়ে আছে। কোনো প্রকার লেনদেন হচ্ছে না। কৃষকেরা হিসাবগুলোতে লেনদেন করতে পারবেন না, এমন ধারণা ভুল। যেকোনো সময় ওই সব হিসাবে তাঁরা লেনদেন করতে পারবেন।’
দীঘিনালা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা বলেন, ‘ভর্তুকির টাকা তোলার জন্য খোলা হিসাব ব্যবহার করার বিষয়ে কৃষকদের আমরা অবহিত করেছি। এসব হিসাবে তাঁরা টাকা জমাতে পারেন। লেনদেনও করতে পারেন।’