নিজেদের ভাগ্য গড়লেন দুই তরুণ
রাস্তার পাশে ছোট্ট একটি খাবারের দোকান কস্তুরী কিচেন। কাবাব, বিরিয়ানিসহ নানা পদের খাবার বিক্রি হয় এখানে। ছিমছাম ও গোছানো এই দোকানে খাবার পরিবেশন থেকে শুরু করে সবকিছুই করেন মার্জিত দুই তরুণ। ক্রেতাদের কাছ থেকে বিল নিয়ে টাকার হিসাবটা তাঁরা লিখে রাখেন ল্যাপটপে। এসব দেখে ক্রেতাদের বুঝতে অসুবিধা হয় না, আর ১০ জন দোকানির চেয়ে তাঁরা আলাদা।নগরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়-সংলগ্ন মার্কেটে গড়ে ওঠা এ দোকানের মালিক দুই বন্ধু ইমাম হোসেন ও আবদুল্লাহ আল মামুন। চাকরির পেছনে না ছুটে দুজনেই পড়াশোনা শেষে নিজেদের সামান্য সঞ্চয় নিয়ে ব্যবসায় নামেন। ২০০৮ সালে গড়ে তোলেন তাঁদের স্বপ্নের প্রতিষ্ঠান কস্তুরী কিচেন। এর পর থেকে ফিরে তাকাননি। ব্যবসা চালিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবে। কাবাব, বিরিয়ানি, চটপটি, ফুচকাসহ বিভিন্ন খাবার ভালোই বিক্রি হয় কস্তুরী কিচেনে।ইমাম হোসেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে বিবিএ পাস করেছেন। আর আবদুল্লাহ আল মামুন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করেছেন। মামুন বললেন, ‘আমরা দুজনই একসময় সিদ্ধান্ত নিয়েছি চাকরির জন্য সময় নষ্ট না করে নিজেরাই কিছু একটা করব। সেই চিন্তা থেকেই খাবারের দোকান দিয়েছি।’কখনো কি মনে হয়েছে এ সিদ্ধান্ত ভুল? এমন প্রশ্নের উত্তরে ইমাম হোসেন বলেন, ‘সে রকম মনে হয়নি কখনো। বরং বিভিন্ন সময়ে চাকরির পেছনে বন্ধু ও সহপাঠীদের ছুটে ছুটে হয়রান হতে দেখে ভেবেছি, ছোটখাটো কিছু একটা করে আমরা অনেক ভালো আছি।’মামুনের বাবা স্কুলশিক্ষক হিসেবে অবসর নিয়েছেন। মা, ছোট এক ভাই ও দুই বোন রয়েছে সংসারে। বোনদের বিয়ে হয়ে গেছে। ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন ও পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তরে পড়ছেন। মামুন বলেন, ‘না, মা-বাবা কেউই আমাদের সিদ্ধান্তে অখুশি হননি।’ ইমামের বাবা ব্যবসায়ী। মা ছাড়াও পরিবারের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন তিন ভাই এবং এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। বাকি দুই ভাই ব্যবসা করেন। প্রতিদিন সন্ধ্যার পর কস্তুরী কিচেনে ক্রেতাদের ভিড় বাড়ে। প্রায় ২৫ থেকে ৩০ জনের বসার ব্যবস্থা আছে এখানে। গরুর মাংসের বিরিয়ানি প্রতি প্লেট ৬০ টাকা আর মুরগির বিরিয়ানি ৭০ টাকায় বিক্রি হয়। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো আয় হয় বলে জানালেন মামুন।‘কস্তুরী কিচেন’ নিয়ে দুই তরুণের অনেক স্বপ্ন। দোকানকে ঢেলে সাজাতে চান তাঁরা। এর জন্য বেশ কিছু সুযোগ-সুবিধাও যোগ করবেন এখানে। এ প্রসঙ্গে মামুন বললেন, ‘আমাদের অনেক দিনের স্বপ্ন কস্তুরী কিচেনকে একটি পারিবারিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলা। যাতে পরিবারের সব বয়সী মানুষ এখানে এসে নিজেদের মতো করে সময় কাটাতে পারেন।’