নিজের ইচ্ছায় চলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসার বিজ্ঞানী ও নভোচারী স্টোরি মাসগ্রেভের জন্ম ১৯৩৫ সালের ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রে। নাসার ছয়টি স্পেস শাটলের সব কয়টিতেই চড়েছেন তিনি। মহাশূন্যে কাটিয়েছেন মোট ১২০০ ঘণ্টা। বহুমুখী প্রতিভার অধিকারী মাসগ্রেভ একাধারে নভোচারী, বিজ্ঞানী, পাইলট, শিক্ষক, সার্জন, প্যারাট্রুপার ও আলোকচিত্রী।আমার ছোটবেলাটা কেটেছে বনেবাদারে ঘুরেফিরে। একরের পর একর বিস্তৃত বিশাল খামারে আমার জীবনের প্রথম দিনগুলি পার করেছি আমি। তখন আমার কোনো বাধা ছিল না। আমার বয়স তখন সবে তিন বছর। কিন্তু আমাদের খামারের আশপাশের বন-জঙ্গলে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় পার করে দিলেও কেউ কিছু বলার ছিল না আমাকে। বন-জঙ্গল, নদীনালা, গাছপালা, পশুপাখি—এসব নিয়েই ছিল আমার জগৎ। এ কারণে আজও আমি মোটামুটি সব ধরনের পশুকেই বশ মানাতে পারি। কারণ আমি ছোটবেলায় ওদের অনেক কাছ থেকে দেখেছি। ওরা কীভাবে চিন্তা করে তা বোঝার চেষ্টা করেছি। একই কথা খাটে শিশুদের ক্ষেত্রেও। আমি শিশুদের আশপাশে থাকলে তাদের মতো করে চিন্তা করার চেষ্টা করি। এ জন্য সহজেই ওদের সঙ্গে মিশে ওদের মন জয় করতে পারি।আমি আমার ছোটবেলায় অনেক বেশি স্বাধীন ছিলাম, তা ঠিক। কিন্তু আমার ছোটবেলাটা শুধুই যে আনন্দের ছিল, তা কিন্তু নয়। দিগন্তবিস্তৃত খামারে অনেক সময় আমার নিজেকে খুব বেশি একা মনে হতো। আমার পরিবারের মানুষগুলো আমার কাছে তেমন বিশেষ কিছু হয়ে উঠতে পারেনি কখনো। ঝগড়াঝাঁটি লেগেই থাকত। আমার বাবা-মা দুজনেই আত্মহত্যা করেছিলেন। আমার দাদা, পরদাদা এবং আমার নিজের ভাইও আত্মহত্যা করেন। এসব স্মৃতি আমার জন্য খুব কষ্টের। মাত্র তিন বছর বয়সের শিশুর ওপর এসব কিছু কেমন প্রভাব ফেলতে পারে, তা হয়তো বোঝাই যাচ্ছে। আমার হয়তো এমন কিছুই করাটা নিয়তি ছিল। কিন্তু আগেই বলেছি, প্রকৃতিই ছিল আমার আত্মা, আমার প্রেরণা। প্রকৃতি থেকেই আমি শিক্ষা নিয়েছি। আমার জীবনে তাই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে প্রকৃতি, আমার পরিবার নয়।এটা সত্য যে একদিন আমি মহাশূন্যে ছুটে বেড়াব অথবা এতগুলো ডিগ্রি থাকবে আমার নামের পাশে, তা কখনো কল্পনাও করিনি। কিন্তু জীবনের যখন যে সময়ে যেটা করতে চেয়েছি সেটা আমি খুব নিষ্ঠার সঙ্গে করেছি। আমার যেসব বিষয় ভালো লেগেছে শুধু সেগুলোই পড়েছি। নিজের মনের সঙ্গে যুদ্ধ করে জোর করে কখনো কিছু পড়ার বা করার চেষ্টা আমি করিনি, চাইও না।১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের স্যারাকাস ইউনিভার্সিটি থেকে আমি আমার জীবনের প্রথম ব্যাচেলর ডিগ্রি অর্জন করি গণিত ও পরিসংখ্যানে। এরপর অপারেশন অ্যানালাইসিস অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিংয়ের ওপর এমবিএ করি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে। এরপর ম্যারিয়েটা কলেজ থেকে রসায়নে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করি। তারপর কলম্বিয়া ইউনিভার্সিটি কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন থেকে এমডি (ডক্টর অব মেডিসিন) ডিগ্রি সম্পন্ন করি। শারীরতত্ত্ববিদ্যা ও বায়োফিজিকসে মাস্টার্স করি ইউনিভার্সিটি অব কেন্টাকি থেকে। সবশেষ ইউনিভার্সিটি অব হস্টন থেকে সাহিত্যের ওপর মাস্টার্স করি। আমি মনে করি, জানার কোনো শেষ নেই। আমার যখন যে বিষয়ে আগ্রহ জেগেছে আমি তা নিয়ে পড়াশোনা করেছি। একটা কথা বলে রাখি এখানে। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার ছোটবেলার প্রিয় বই কোনটা বা কোন কোন বই পড়ে আমার ছোটবেলার দিনগুলি কেটেছে, তাহলে আমি কোনো জবাব দিতে পারব না। কারণ আমি আমার ছোটবেলায় কোনো বই-ই পড়িনি। আসলে সে সময়ে বই পড়ার তেমন কোনো সুযোগ ছিল না আমার। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার প্রতিটি কোর্সের জন্য যে বই থাকত তার বাইরে ওই সম্পর্কিত আরও অনেক বেশি বই পড়তাম আমি। শিক্ষক একটা বই পড়তে বললে আমি ওই সম্পর্কিত কমপক্ষে দু-তিনটা বই পড়তাম।আমি সব সময় তিনটা নোটবুক রাখতাম এবং এখনো রাখি আমার সঙ্গে। একটাতে থাকে যে কোর্সটি করছি তাতে আমি কী শিখব বা শিখছি। সেই কোর্স সম্পর্কে একেবারে বিস্তারিত থাকে ওই নোটবুকে। দ্বিতীয়টিতে আমি লিখে রাখি, যে কোর্সটি আমি করছি তা আসলে আমার কাছে কতটা প্রয়োজনীয়। সর্বশেষটিতে থাকে আমি যে কোর্সটি করছি তা আমার মহাশূন্য অভিযানে কতটা সহায়ক হবে এবং সেটা কীভাবে। যা পড়ছি তা আমার মহাশূন্য অভিযানের অভিজ্ঞতাটাকে কতটা স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। আমি মনে করি, সবারই এই বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। তা না হলে কোনো বিষয়েই ভালো ফলাফল করা সম্ভব নয়। আর তা কর্মক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে না ঠিকভাবে।তবে আমি যে শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি, তা নয়। আমি একজন কবিও বটে। অনেকে আমাকে প্রথম নভোচারী কবি বলে অভিহিত করেন! তা হয়তো ভুল নয়। আমি শুধু শখের বশেই কবিতা লিখি না। আমি সুন্দর কবিতা লেখার জন্য সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, প্রচুর কবিতা পড়েছি, কবিতা লেখার অনেক কর্মশালায় উপস্থিত থেকেছি, অনেক কোর্স করেছি। কবিতা আমাকে আনন্দ দেয়। কবিতা আমার সত্তাকে সতেজ করে। আমার মনে হয়, কবিতায় কোনো কিছুকে যেভাবে উপস্থাপন করা যায় তা আর অন্য কোনো মাধ্যমের সাহায্যে সম্ভব নয়।প্যারাট্রুপিং, গ্লাইডিং করতে পছন্দ করি আমি। অবসরে দাবা খেলাটাও আমার খুব পছন্দের। দাবা আমাকে একই বিষয় বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে ভাবতে সাহায্য করে। আকাশে উড়তেও আমার খুব ভালো লাগে। আর আমি যেহেতু মিলিটারিতে কাজ করেছি, তাই প্রায় ১৬০ ধরনের এয়ারক্রাফটে ১৭ হাজারের বেশি ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা আছে আমার। আর নাসায় কাজ করার দরুন ১২০০ ঘণ্টার বেশি কাটিয়েছি মহাশূন্যে। নাসার সবগুলো স্পেস শাটলেই আমি মহাশূন্যে ভ্রমণ করেছি। ভাবতে ভালোই লাগে, আমি অস্ট্রেলিয়া না গিয়েও গ্রেট ব্যারিয়ার রিফ দেখতে পাই, সাহারা না গিয়েও মরুভূমি দেখতে পাই, চীনে না গিয়েও চীনের প্রাচীর দেখতে পাই মহাশূন্য থেকে। ব্যাপারটা বেশ মজার। জীবনে এত কিছু পাব, তা কখনো আশা করিনি। কিন্তু এসবই সম্ভব হয়েছে; কারণ আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে কখনো কিছু করিনি। যা আমার ভালো লেগেছে, যে বিষয়ে আমার আগ্রহ তা কখনো হেলা করিনি। যা করেছি তা সব সময় নিষ্ঠার সঙ্গে করেছি।ইংরেজি থেকে অনুবাদ:ফয়সাল হাসানসূত্র: ওয়েবসাইট