নিজের ওপর আস্থা রাখো
আবদুল্লাহ আবু সায়ীদ। শিক্ষাবিদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান। এই কেন্দ্রের মাধ্যমে তিনি সারা দেশে আলোকিত মানুষ তৈরির জন্য কাজ করে চলেছেন। কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের কজন শিক্ষার্থী সম্প্রতি প্রথম আলো কার্যালয়ে বাগ্মী এই শিক্ষাবিদের সঙ্গে এক আড্ডায় মেতেছিলেন। সেখানে উঠে এসেছে বই পড়া, শিক্ষা, স্বপ্ন, ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে নানা বিষয়। সেই আড্ডার নির্বাচিত অংশ ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য। আমি পড়াশোনা করছি ভূগোল বিষয়ে। আমার শখ ছিল বাংলায় উচ্চশিক্ষা গ্রহণ করব। বাংলা সাহিত্য নিয়ে কিছু একটা করব। কিন্তু আব্বু-আম্মু চাননি আমি বাংলায় পড়ি। তাঁদের ধারণা, তাহলে আমি জীবনে কিছু করতে পারব না। আমি এখন কী করব?আবদুল্লাহ আবু সায়ীদ: আমার কাছেও আমার অভিভাবকদের অনেক প্রত্যাশা ছিল। আমি কিন্তু কারও কথা শুনিনি। আমি ঠিক করেছিলাম বাংলা সাহিত্য পড়ব, শিক্ষক হব, আমি তা-ই পড়েছি, হয়েছি। কিন্তু স্যার, অভিভাবকদের কথা শোনাও তো আমাদের একটা কর্তব্য।আবদুল্লাহ আবু সায়ীদ: সব সময়ই শুনবে। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারে যদি মনে করো কারও কথা শুনলে জীবনের বড় রকমের ক্ষতি হবে, তবে তাঁদের বুঝিয়ে-শুনিয়ে অনুরোধ করে তোমার পক্ষে আনার চেষ্টা করবে। একেবারেই সম্ভব না হলে নিজের পথে এগিয়ে যাবে। কিন্তু তখনো আগের মতোই বুঝিয়ে যাবে, প্রাণপণে চেষ্টা করবে যাতে তাঁরা মনে দুঃখ না পান। আগে তোমার জীবনের লক্ষ্য কী হবে, কোথায় তোমার আত্মার আনন্দ, তা ঠিক করো। যদি তুমি তোমার স্বপ্নের জীবনকে পেতে চাও, তোমাকে স্পষ্টবাদী ও সাহসী হতে হবে। শুধু যে আব্বা-আম্মা ফ্যাক্টর তা নয়, আত্মীয়স্বজন বা চারপাশের মানুষজনও অনেক সময় বিরাট বাধা হয়ে দাঁড়ায়। আপনি আপনার পরিবার থেকে কতটা সহযোগিতা পেয়েছেন?আবদুল্লাহ আবু সায়ীদ: আমার একটা খুব বড় সুবিধা ছিল যে আমার আব্বা ছিলেন আমার সব উল্টোপাল্টা কাজের পক্ষে। আমার আব্বা কলেজের শিক্ষক ছিলেন; দীর্ঘদিন অধ্যক্ষও ছিলেন। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসছি, তখন আব্বা আমাকে আমাদের মফস্বল শহরের বাসস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে এলেন। বাস ছাড়তে তখনো ৪৫ মিনিট বাকি। আমরা তখন আস্তে আস্তে হাঁটাহাঁটি করছি। হঠাৎ দেখলাম, আব্বার ভেতর থেকে ‘বাবা নয়’ একজন ‘শিক্ষক’ কথা বলতে শুরু করেছেন। তিনি বললেন, ‘আমাদের সবার বুকের বাঁ দিকে একজন মানুষ বাস করে। গভীরভাবে কান পাতলে তার গলার স্বর শোনা যায়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে জিগ্যেস করবি, কী করব। সে যা বলবে, সেদিকে চলে যাবি। সেখানে তোর বাবা নেই, মা নেই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কেউ নেই। সেখানে তুই একা। রাজার মতোই একা।’ সেদিনের পর থেকে আমি আর কোনো দিন কারও কথা শুনিনি। ঘরে-বাইরে সবখানে জনপ্রিয়তা হারিয়েছি, কিন্তু নিজের পছন্দের দিকে হেঁটে গেছি। পছন্দের বিষয়ে ভর্তি হতে পারিনি। যে বিষয়ে পড়ছি, তা নিরস মনে হয়। মনে হয়, যেন আমাকে জোর করে গলাধঃকরণ করানো হচ্ছে। সারা বছর পড়তে ইচ্ছা করে না। পরীক্ষার এক মাস আগে মুখস্থ করি। রেজাল্টও ভালো হচ্ছে। কিন্তু আমি তৃপ্তি পাচ্ছি না। এ ক্ষেত্রে আমি কী করতে পারি?আবদুল্লাহ আবু সায়ীদ: তোমাকে বুঝতে হবে যে পৃথিবীর কোনো বিষয়ই খারাপ নয়। অসংখ্য জিনিয়াস মাপের মানুষ তাঁদের প্রতিভার আলোয় ওই শাখাকে দীপান্বিত আর উজ্জ্বলিত করেছেন। তবে তুমি যেটা পড়তে চাও, সেটা তোমার আনন্দের হওয়াই ভালো। নিজের ভেতরকার আনন্দকে অনুসরণ করো। নিজের হূদয়ের সঙ্গে যুদ্ধ এড়াতে পারবে।আমি ইন্টারমেডিয়েটে কমার্স পড়েছিলাম আমার বড় মামার উৎসাহে। স্কুল পর্যন্ত আমার জানাই ছিল না যে লেখাপড়ার আসল উদ্দেশ্য টাকা? মামাই এটা আমাকে প্রথম বলেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে যে কী জৌলুশদার জীবন হবে, তা তিনিই আমাকে বোঝান। এর আগে আমি জানতাম খেতে যেমন হয়, খেলতে যেমন হয়, সে রকম পড়তেও হয়। এই আনন্দই এর লক্ষ্য। এর মধ্যে ঘটল আরেক ঘটনা। মামার কথার দিন কয়েকের মধ্যে এক গণক আমার হাত দেখে বললেন, ‘তুমি তো ভবিষ্যতে টাকার ওপর গড়াগড়ি খাবে হে।’ আর যায় কোথায়! টাকার স্বপ্নে ভর্তি হয়ে গেলাম কমার্সে। একবারও ভেবে দেখলাম না আমার আসল আনন্দের জায়গা কোনটা? তখন আমি সাহিত্যের আনন্দে মাতোয়ারা, সেই জগতের বড় বড় লেখকদের নিয়ে মশগুল। সেই মন নিয়ে কী করে কমার্স পড়ব। আমি ভর্তি হলাম কমার্সে, কিন্তু দিন-রাত সাহিত্য পড়তে লাগলাম। কমার্সের প্রস্তুতি নেওয়ার নাম নেই।পরীক্ষা এগিয়ে এল। ঠিক করলাম, পরীক্ষাই দেব না। পরীক্ষা দিচ্ছি না শুনে পরীক্ষার আগে আব্বা এলেন। বিচার বসল। সবাই মিলে চেষ্টা চলল কী করলে আমাকে পরীক্ষা দেওয়ানো যায়। সব ব্যর্থ হলে আব্বা বললেন, ‘তাহলে এক কাজ করি রে। পড়বিই না যখন, তখন তোকে একটা বিয়ে দিয়ে দিই। ম্যাট্রিক পাস করেছিস যখন, ৬৭ টাকা বেতনের প্রাইমারি শিক্ষকের চাকরি তো পাবি। ওই চাকরি করবি, আর নববিবাহিতা পল্লিবধূর সঙ্গে বসে বসে সারা দিন সাহিত্যচর্চা করবি।’ হঠাৎ পল্লিবধূর কথা শুনে আমি এমন আতঙ্কিত হলাম যে পেছন দিকে তাকালেই মনে হতো যেন ঘোমটা পরা পল্লিবধূ আমার পেছনে পেছনে শুধু আসছে। কিশোরীবধূর হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে পড়তে শুরু করে দিলাম। আমি পড়ছি ইংরেজি সাহিত্যে। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আমাদের গ্রামে কোনো লাইব্রেরি ছিল না। আমরা ২০০৮ সালে গ্রামে আকিমুদ্দিন লাইব্রেরি নামের একটি লাইব্রেরি গড়ে তুলি। কিন্তু দুঃখের বিষয় যাকে আমরা লাইব্রেরি বা গ্রন্থাগার বলি, তারা তাকে তা বলতেও নারাজ। প-তে চন্দ্রবিন্দু দিয়ে তাচ্ছিল্য করে তাকে বলে ‘পাঁঠাগার’। শুরুতে আমাদের ৫৬টি বই ছিল। এক মাস পরে দেখা গেল, বইগুলোর একটিও নেই। কিন্তু এর পরও আমরা ঠিক করলাম, এটা আমরা চালিয়ে যাব। এখন আমরা ঢাকা থেকে বই পাঠাচ্ছি। কিন্তু গ্রামে এটা কোনোভাবেই চালাতে পারছি না। বই কেউ নিলে আর ফেরত আসছে না। ‘দেব-দিচ্ছি’ বলে সময় পার করে দিচ্ছে। আমরা কীভাবে এ সমস্যা কাটিয়ে উঠব?আবদুল্লাহ আবু সায়ীদ: তোমাদের থেকে আমার অভিজ্ঞতা আরও খারাপ। ১৯৮২ সালের কথা। আমিও বিশ্বসাহিত্য কেন্দ্রে একটা লাইব্রেরি করেছিলাম। এক লাখ বইয়ের একটা লাইব্রেরি। এ কত খরচ করতে হয়েছিল, তা আশা করি বুঝতে পারছ। তখন দেশ গরিব। মানুষ গরিব। দেশের বড়লোকেরা গরিব। চেয়েচিন্তে কত কষ্ট করে যে এক লাখ বই কিনেছিলাম, তা বলার নয়। কিন্তু সদস্য হলো কতজন, জানো? মাত্র এক হাজার ২০০ জন। এক লাখ বই আর সদস্য এক হাজার ২০০ জন! এই এক হাজার ২০০ জনের মধ্যে প্রথম দিন ৬০০ সদস্য সেই যে বই নিয়ে চলে গেল, আর ফিরল না। রইল ৬০০ জনের মতো। এদের মধ্যে দেখলাম ৪০০ জনই গোয়েন্দা কাহিনি বা মাসুদ রানা ধরনের বই খুঁজছে। তাহলে প্রকৃত পাঠক হলো মাত্র শ দুয়েক।আমরা বিশ্বসাহিত্য কেন্দ্রের লাইব্রেরি আন্দোলন তাই বন্ধ করেছি। আমরা লাইব্রেরি নয়, বইপড়াকে গুরুত্ব দিচ্ছি। লাইব্রেরির পরিচিত চেহারাটাকেই আমরা কিছুটা বদলে নিয়েছি। ঠিক করলাম, আমাদের কাছে কেউ বই নিতে আসবে না, আমরাই পাঠকের কাছে বই নিয়ে যাব। এ হবে আগ্রাসী পাঠাগার। কিন্তু কোথায় পাঠক? খুঁজে দেখা গেল, আমাদের স্কুল-কলেজগুলোতেই আছে সেই পাঠক—সবচেয়ে বেশি সংখ্যায় আছে। একটা স্কুল বা কলেজ হচ্ছে বহু মানুষের চাক। মৌমাছির চাক থাকে না? তেমনি চাক। ভাবলাম, আমরা যদি ওখানে বই দিয়ে যেতে পারি, তবে সেখান থেকেই একদিন বেরিয়ে আসবে বড় দৃষ্টিভঙ্গি, বড় হূদয়সম্পন্ন মানুষ। সেই থেকে আমাদের বইপড়া কর্মসূচির শুরু।আগে পাঠক তৈরি করতে হবে। তাহলে লাইব্রেরি আপনাআপনিই হবে। পাঠকেরা নিজেরাই তখন তাদের নিজেদের লাইব্রেরি গড়ে নেবে। এই যে তোমরা লাইব্রেরি বানানোর কথা ভাবছ, এর কারণ কী? কারণ, তোমরা কিছুটা পড়াশোনা করেছ। ইতিমধ্যে টের পেয়েছ যে পড়াশোনা করাটা জীবনের বিকাশের জন্য খুব জরুরি। আনন্দের জিনিস। বড় জিনিস। তাই সে আনন্দ আর উপকার সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছ। সফল হওয়ার উপায় কী?আবদুল্লাহ আবু সায়ীদ: সবাই শুধু সাফল্য সাফল্য করে চিৎকার করে। কিন্তু আমার ধারণা, সাফল্য খুব কাম্য জিনিস হলেও বড় জিনিস নয়। সাফল্য একটা দক্ষতা। চোর-বাটপারও অনেক সময় সফল হয়ে যেতে পারে। আমাদের দেশের সফল লোকদের মধ্যে ৮০ ভাগই তো দুর্বৃত্ত। এমন জিনিস নিয়ে পাগল হওয়ার কী আছে। সবচেয়ে যা বড় জিনিস, তা সাফল্য নয়, সার্থকতা। ফুলের অনেক বৈচিত্র্য বা রঙের জৌলুশ আছে। এগুলো তার সাফল্য। কিন্তু যে গন্ধ দিয়ে সে আমাদের মন ভোলায়, তা হলো তার সার্থকতা। সেই সার্থকতাই কী আমাদের কাম্য নয়? কোনো কাজে ব্যর্থ হলে হতাশ লাগে। হতাশা কাটাতে কী করতে পারি?আবদুল্লাহ আবু সায়ীদ: এই যে আমরা এখানে বসে আছি—এই যে লাইট, মাইক্রোফোন, বিশাল ভবন, আর সভ্যতার নানা বিস্ময়কর উপকরণ—এর কোনো কিছু কি হতাশা দিয়ে তৈরি হয়েছে? পৃথিবীর বড় কোনো কিছুই হতাশা থেকে তৈরি নয়। আমাদের সব সুখ সব সাফল্যই তো আশা থেকে পাওয়া। তা হলে কেন হতাশা। হতাশা তো মানুষকে কুরে কুরে খায়। এই একমাত্র ছোট্ট জীবনে হতাশার বিলাসিতা কি আমাদের মানায়? হতাশার কাছ থেকে বাঁচার উপায় হচ্ছে আনন্দময় জিনিস নিয়ে মেতে থাকা। কাম্য কিছু করা। আনন্দের মূলে রয়েছে কাজ। কাজ হচ্ছে গঙ্গাজল। সব দুঃখ-যন্ত্রণাকে সে ধুয়েমুছে ফেলে। তবে সাফল্যের লক্ষ্য নিয়ে কাজ না করাই ভালো। কেননা তাতে কোনো রকম ব্যর্থতা এলেই তখন হতাশা আসতে চাইবে। কাজের মধ্যেই সাফল্য লুকানো আছে। কাজ করো। সাফল্য পায়ে হেঁটে চলে আসবে।যে গান গাইছে, সে যদি ভাবে এর মাধ্যমে আমি পুরস্কার পাব, তাহলে কি গান গাইতে পারবে? যে অভিনেতা সংলাপ বলছে, সে যদি মনে করে আরও ভালো করে প্রেমের ডায়ালগ দিতে পারলেই একুশে পদক হবে, তাহলে কি সে পরের সংলাপ বলতে পারবে? কোনো ব্যক্তিরই পুরস্কারের কথা ভেবে কাজ করা উচিত নয়। কাজের মধ্যে ঢুকে যাও। কাজের মধ্যে রয়েছে আনন্দ। যেমন আখের মধ্যে মিষ্টি রস। তুমি যদি আনন্দ পাও, তবে হতাশা থাকবে না। সব কাজেই ভয় পাই। কাজ শুরু করতে সাহস পাই না। কী করব?আবদুল্লাহ আবু সায়ীদ: উত্তরটা একটু অন্যভাবে দিই। রিপু মানে শত্রু। ভারতীয় শাস্ত্রে মানুষের ছয়টা রিপুর কথা বলা আছে। এরা মানুষের শত্রু। এরা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মাৎসর্য কী বলো দেখি? মাৎসর্য হচ্ছে পরশ্রীকাতরতা। পরশ্রীকাতরতায় আমরা সবার ওপরে। কিন্তু আমি মনে করি, সবচেয়ে বড় শত্রুটার কথাই সেখানে বাদ পড়ে গেছে। এর নাম ভয়। তোমরা জীবনের পেছন দিকে তাকিয়ে দেখো। সত্যিকারের ভয়ের ঘটনা ঘটেছে কয়টা? অথচ আমরা সারা জীবনকে ভরে রেখেছি ভয় আর আতঙ্কের এক জগৎ-জোড়া অশুভ বাতাবরণ দিয়ে। পরীক্ষা এলে আমরা ভয় পাই, প্লেনে উঠতে ভয় পাই। ইন্টারভিউ দিতে গেলে ভয় পাই, নতুন কিছু দেখলে ভয় পাই। প্রতিটা জায়গাতেই ভয়। ভূতে কেউ বিশ্বাস করে না। কিন্তু ভূতের গল্প শুনে ভয় পেতে ভালোবাসে। কেউ কোনো দিন প্রমাণ করতে পারেনি যে ভূত বলে কিছু আছে। কিন্তু সারাটা জীবন আমরা ভূতের ভয়ে অস্থির। খুঁজে দেখো তো দেখি, তোমার ভয়টা কিসের? মনের মধ্যে ভয় থাকলেই কেবল ভয় আসবে, তা ছাড়া নয়। মৃত্যু ছাড়া আমি জীবনের কোনো বিপদ দেখি না। এটার ওপর তোমার আমার কোনো হাত নেই। কাজেই মৃত্যু তার কাজ করুক। এসো, আমরা জীবনের কাজ করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমাদের সময়ের ছেলেমেয়েদের সারাক্ষণ প্রতিযোগিতার মধ্যে চলতে হয়। এই প্রতিযোগিতার যুগে সুখী হওয়ার সুযোগ কোথায়?আবদুল্লাহ আবু সায়ীদ: পুঁজিবাদী অর্থনীতির বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রতিযোগিতা। প্রতিটি মুহূর্তে ছুটতে হবে, নতুন হতে হবে, পাল্টাতে হবে; না হলে বিক্রি হবে না। প্রতিমুহূর্তে নিজেকে ও অন্যকে ছাড়িয়ে যাওয়ার এক ঊর্ধ্বশ্বাস ব্যস্ততা। এবার এক মডেল বের হলো তো পরের বছর নতুন মডেল চাই। এক ফ্যাশন শেষ হওয়ার আগেই আরেক ফ্যাশন এসে যাচ্ছে। যে যুগে অর্থনীতির যেমন ধারা, সে যুগের মানুষও তেমন। আজকের মানুষ শুধুই পাল্টাচ্ছে; প্রতিযোগিতার ফাঁদে পড়ে কেবলই ছুটছে আর পাল্টাচ্ছে। এই পরিবর্তনেই তার অস্তিত্ব, তার প্রতিষ্ঠা, তার গর্ব। প্রতিযোগিতার হাতে পড়ে মাথায় রক্ত উঠে যাচ্ছে। এর মধ্যে মানুষ শুধু অসুস্থের মতো ঊর্ধ্বশ্বাস ছুটছে। থামার উপায় নেই। শান্তি বা সুস্থিরতার সব পথ বন্ধ। দুই দু গুণে চার। চার দু গুণে আট। আট দু গুণে ষোলো, বত্রিশ, চৌষট্টি। এর কোনো শেষ নেই, এ থেকে মুক্তি নেই। এ আজ মানবজাতির নিয়তি। সুখী হতে হলে কী শুধু ‘চাই চাই’ করলে চলবে। তুমি বলবে, তাহলে সুখী হবে কীভাবে? সুখী হওয়ার উপায় একটাই : থামা, প্রত্যাখ্যান করা। ছন্দের মধ্যে বিরতি আসে বলে তা যেমন সুন্দর হয়ে ওঠে জীবনের মধ্যে বিরতিও তেমনি জীবনকে সুন্দর করে তোলে। সুখী হতে হলে তোমাকে প্রত্যাখ্যান করতে শিখতে হবে। তোমাকে ডিসিশন নিতে হবে যে কতটুকু তোমার দরকার যার পরে তোমার আর চাওয়া নেই। অন্যদের দিকে তাকালে তুমি দুঃখী হয়ে যাবে, তাই ওটা চলবে না, তাকাতে হবে নিজের দিকে। নিজের ইচ্ছা-খুশির দিকে। তোমার মন যা চায় শুধু তার দিকে। তখন তোমার মন শান্ত আর সুস্থির হবে। তুমি সুখী হবে। কাঁচা রোদের ভেতর প্রকৃতির মাঝখানে যেয়ে বলতে হবে, এই গাছের নিচে বসে নীল আকাশের রূপ দেখে আমার মন খুশি হয়ে আছে। আমি আর কিছু চাই না। আমাদের নতুনদের মধ্যে শুদ্ধ বাংলা আর শুদ্ধ ইংরেজি উচ্চারণে একটা সমস্যা তৈরি হচ্ছে। ইদানীং বাংলার মধ্যে ইংরেজি শব্দ দিয়ে কথা বলার একটা চল দেখা যাচ্ছে। এ ধরনের সমস্যা থেকে কীভাবে উত্তরণ পাওয়া যাবে?আবদুল্লাহ আবু সায়ীদ: ভালো উচ্চারণ খুব কম মানুষই করতে পারে। উচ্চারণ ভালো করতে হলে খুব তীক্ষ কান চাই। লতা মুঙ্গেশকর যেসব বাংলা গান গেয়েছেন, সেসব শুনে কি মনে হয় যে এই ভদ্রমহিলা বাঙালি নন? শুনেছি অনেক গান মাত্র একবার শুনেই তিনি রেকর্ড করতে পারতেন। গান যাঁরা করেন, তাঁদের কান খুবই সূক্ষ্ম ও তীক্ষ হয়। বাংলা উচ্চারণ ভালো করতে হলেও তোমার তীক্ষ কান লাগবে। আর লাগবে অনুশীলন। অনেক উচ্চারণ আমরা জানি না, কিন্তু আশপাশের অনেকে জানে। তাদের সাহায্য নিয়ে উচ্চারণ ঠিক করে নেওয়া যায়। আবৃত্তি বা উচ্চারণের কোর্সে অংশ নিলে উচ্চারণ অনেকটা ভালো হয়। তবে ভালো ইংরেজি উচ্চারণ আমাদের দেশে খুব অল্প মানুষই করে। এই যে আমাদের এফএম রেডিওগুলোতে অযথাই কিছু কিছু ইংরেজি শব্দ ব্যবহার করে। আরে এতই যদি ইংরেজি জানিস, তাহলে ইংরেজিতেই অনুষ্ঠান কর। অযথা বাংলা ভাষাটাতে রুচিহীন করে তুলিস কেন? আসলে এদের অনেকেই না জানে বাংলা, না ইংরেজি। তাই কোনোটাই পারে না। এদের শেখানোর কেউ নেই। রেডিওর অকর্ষিত কর্তারা এদের দিয়ে ওসব করায়। বিকৃত বাংলা শুনিয়ে রেডিওর মালিকেরা এক ধরনের সাংস্কৃতিক ব্যবসা করে। বাংলা কথা বলতে বলতে ‘বাট’ বলছে, ‘সো’ বলছে। এটা কেন হচ্ছে?আবদুল্লাহ আবু সায়ীদ: বাংলা ভাষায় বিদেশি শব্দ এলে দোষ নেই। ‘কলেজ’ আসেনি? ‘চেয়ার’ আসেনি? বাংলা ভাষায় এ রকম ১৫ হাজার ইংরেজি শব্দ যুক্ত হয়েছে। এতে ভাষা সমৃদ্ধ হয়। কিন্তু ‘বাট’, ‘সো’ ‘দেন’—এগুলো আগে কখনো ব্যবহূত হয়নি। এগুলোর অনেক সুন্দর বাংলা আছে বলেই হয়তো হয়নি। এগুলো ব্যবহারের সময় এদের ভাবটা এমন: এ তোদের পাঁচপেচে বাংলা নয় রে। এ অনেক বড় জিনিস। এ হলো গিয়ে ইংরেজি। আমরা ওই ভাষাটাই তো বলতে চাই, শুধু তোরা বুঝিস না বলে বলি না। এগুলো যারা করে, তারা ইংরেজিটাও ঠিকমতো জানে না। যে ইংরেজি জানে, তার এটা করার দরকার হয় না। এদের অনেকে ইংরেজিতে একটা গোটা বাক্য পর্যন্ত বলতে পারে না। প্রথমে দুটো-তিনটে শব্দ পর্যন্ত বলে। তারপর আবার বাংলায় ফিরে আসে। ‘সো’, ‘বাট’ বলে তারা বোঝাতে চায়, আমি তোদের দলে নই রে, আমি ওপরের। কোনো রেডিওতে একজন মেয়ে আর জে আছে। তার এমনি চৌকস কথাবার্তা যে শুনে মনে হয় সে বেশ ইংরেজি জানেটানে আরকি। কিন্তু একদিন শুনি একজনকে সান্ত্বনা দিতে গিয়ে সে বলছে, ‘ব্যাপারটাকে অত হার্ডলি নেবেন না। ‘হার্ডলি নেবেন না’ শুনেই বুঝলাম ইংরেজি তার ভালো জানা নেই। এই হচ্ছে গন্ডগোল। শুদ্ধ বাংলা কি তাহলে হারিয়ে যাবে?আবদুল্লাহ আবু সায়ীদ: এটা আগামী বিশ-পঁচিশ বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা আমাদের জাতির পুঁজি গঠনের যুগ। এখন সবকিছুই অরাজক, বিশৃঙ্খল। আমাদের ভাষাও তাই। ঢাকা শহরেও এখন কেউ শুদ্ধ বাংলায় কথা বলে না। যদি কেউ বলে, তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। এই পুঁজি সুস্থির হয়ে এলে অনেক কিছুই ঠিক হয়ে আসবে। দেশে আবার সুধীসমাজের দেখা দেবে, যেমন ছিল আগে। সুধীসমাজ এলে সুধীজনের ভাষার দরকার হবে। একটা জাতিকে তো অবশ্যই প্রমিত ভাষায় কথা বলতে হবে। সব জাতিই তো বলে। তুমি বাড়ির মধ্যে একটা লুঙ্গি আর গেঞ্জি পরে বসে ছিলে, তাই না। এখানে আসার সময় কি সেই পোশাকেই এসেছে? সামাজিক সাংস্কৃতিক জীবন, সুধীজনের জগৎ আর আমার বাড়ির জীবন কি এক? সামাজিক পরিবেশ যখন কথা বলতে হবে, তখন তোমাকে শুদ্ধ ভাষায়ই বলতে হবে। আমার মনে হয়েছে এফএম রিডিওর আর জেদের মধ্যে প্রায় অর্ধেকের বেশি আর জেই শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। শুদ্ধ কথার ফাঁক দিয়ে আঞ্চলিক ভাষা বেরিয়ে পড়ে। তবে সৌভাগ্য, অনেকের ভাষা বেশ ভালো। শুনতে খুবই ভালো লাগে। আমি মনে করি তারা আগামী দিনের সুধীজনের ভাষায় কথা বলতে শুরু করেছে।বাকি অংশ আগামী সংখ্যায়পুরো আড্ডার সমন্বয়ক ছিলেন ফিরোজ জামান চৌধুরী