নিজের কাজ নিজে করি
হাঁটি-হাঁটি পা-পা করে শিশু বড় হয়। শিশুর বেড়ে ওঠার প্রতি কতই না সতর্ক দৃষ্টি থাকে মায়ের। শিশুর আত্মনির্ভরশীলতার দিকেও কিন্তু নজর রাখাটা সমান গুরুত্বপূর্ণ। নইলে এর প্রভাব পড়বে সুদূর ভবিষ্যতেও।আত্মনির্ভরশীল শিশু‘অনেক মা আছেন যাঁরা ভাবেন তাঁর বাচ্চাটা কিছুই করতে পারবে না, “ও তো ছোট মানুষ”। এই বলে বলে তাঁরা খাওয়া থেকে শুরু করে জুতো খোলাটাও নিজেরা করে দেন। দেখা যায়, ১০-১১ বছর বয়সেও শিশু নিজে খেতে চায় না, নিজের পড়ার টেবিল গোছাতেও অনীহা প্রকাশ করে। তাই শিশুকে বয়স অনুসারে নিজের কাজ নিজেকে করতে দিতে হবে।’ বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আফরুজা খানম। তিনি আরও বললেন, ‘আজকাল মায়েরা অনেকেই কর্মজীবী। বাড়ন্ত বয়সেই শিশুকে একটু একটু করে নিজের কাজ নিজে করতে শেখানোটাই হবে তাঁর ও শিশুর জন্য সবচেয়ে ভালো। মনে রাখতে হবে, পরিবারের মতো বড় শিক্ষাপ্রতিষ্ঠান আর নেই। শিশুরা অনুকরণপ্রিয়। মা-বাবা, ভাই-বোনের ওপরই নির্ভর করে, শিশু গোছানো স্বভাবের হবে, না এলোমেলো স্বাভাবের হবে। তাই প্রাত্যহিক কাজে খেয়াল রাখতে হবে, শিশু নিজের কাজ নিজে করছে কি না।নিজের হাতে খাবেবারডেমের শিশু বিভাগের প্রধান তাহমিনা বেগম মনে করেন, আত্মনির্ভরশীলতার প্রথম ধাপ হলো নিজের হাতে খাবার খাওয়া। ছয় মাস বয়স থেকে শিশু বসতে শেখে, এটা-সেটা মুখে দেয়। তখনই তার আত্মনির্ভরশীলতার পাঠ শুরু করা উচিত। তার সামনে বাটিতে মুড়ি, খই ইত্যাদি দিলে শিশু ছড়িয়ে-ছিটিয়ে হলেও নিজে নিজে খাবে। খাবার টেবিলে শিশুর জন্য অবশ্যই আলাদা চেয়ার থাকা উচিত। এতে করে শিশু সবার মধ্যে বসে নিজে খেতে পারার কৃতিত্ব অনুভব করবে। গার্হস্থ্য অর্থনীতির অধ্যাপক আফরুজা খানম মনে করেন, সারা দিন শিশুর পেছনে খাবার নিয়ে লেগে থাকাই শিশুর খাবারের প্রতি অনীহার মূল কারণ। মাকে বুঝতে হবে খিদে পেলে শিশু নিজেই খেতে চায়। দেখা যায়, শিশু ঘরে বসে ডিম বা মাংসও খেতে চায় না। অথচ বাইরে বসে আলু বা ডালও খুব মজা করে খায়। তাই মাঝেমধ্যে ছাদে হলেও পিকনিকের আয়োজন করা ভালো। শিশুর স্কুলের বন্ধুদের বাসায় আমন্ত্রণ করে খাওয়ানো যায়। আর বাসায় আত্মীয়স্বজনের সমাগমও শিশুকে নিজের হাতে খেতে অনুপ্রাণিত করে অনেকখানি।শিশুর ঘর, শিশুর রাজত্বঅনেক শিশুরই আলাদা ঘর থাকে। অন্তত আলাদা বিছানা থাকে। শিশুর ঘর ও বিছানাটা যদি তৈরি করা হয় শিশুর পছন্দমতো, শিশুর মধ্যেই তাগিদ তৈরি হয় তা সুন্দর রাখার। তাই আফরুজা খানম মনে করেন, শিশুর বিছানা, বালিশ কিংবা শিশুর ঘর সবকিছুতে প্রাধান্য দিতে হবে শিশুর পছন্দকে। ঘুম থেকে ওঠার পর মা-বাবা নিজেদের বালিশটা নিজেরা গোছালে শিশুও নিজের বালিশটা নিজে গুছিয়ে রাখবে। পুতুলটা, কোলবালিশটাও শিশু নিজেই সাজিয়ে রাখতে পারবে, যদি মা তাকে উৎসাহ দিয়ে শেখান।কাপড়টা নিজেই পরুকচিকিৎসক তাহমিনা বেগম বললেন, হাঁটা যেমন শিশু নিজেই শিখে নেয়, একটু মনোযোগ দিলেই কাপড়ও শিশু নিজেই পরতে পারবে। এ ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, শিশুর পছন্দের জামাটাই শিশুকে পরতে দেওয়া। বোতাম লাগানো বা ফিটফাট থাকার ব্যাপারটা অবশ্যই মা-বাবা প্রথমে খেয়াল রাখবেন। এভাবেই একদিন শিশু শিখে যাবে নিজের পোশাকের যত্ন নিজে নেওয়াটাও। শিশুর পছন্দ অনুযায়ী জুতা কেনা, সেটা পরতে কয়েকবার অভ্যেস করানো হলে শিশু নিজেই তা আয়ত্ত করে ফেলবে। শিশুরা শেখে খুব দ্রুত। তাই মা-বাবাকে খেয়াল রাখতে হবে, শিখিয়ে দেওয়া ও ক্রমাগত উৎসাহ দিয়ে তা ধরে রাখা। স্কুল থেকে ফিরে এসে শিশুর জুতা শিশুই গুছিয়ে রাখতে পারবে শুধু মা-বাবা যদি তা ধৈর্য ধরে অভ্যেস করিয়ে দেন।স্কুলের প্রথম শেখাপ্লে-নার্সারি কিংবা প্রাইমারি, শিশুর প্রথম পাঠ কিন্তু বইয়ের পড়া নয়। বই ও পড়ালেখার অন্যান্য অনুষঙ্গকে ভালোবাসা। এমনটাই বলছিলেন মিরপুরের ওরিয়েন্টাল ইনস্টিটিউটের ইংরেজি বিষয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। তিনি বললেন, প্রায়ই শিশুদের পেনসিল, খাতা, কলম এমনকি বইও হারিয়ে যায়। যার একমাত্র কারণ নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে না পারা। মায়েরা কিছু হারালেই শিশুকে ধমক দেন কিংবা শাসন করেন অথচ ভুলে যান শিশুকে গুছিয়ে রাখা শেখাতে। এলোমেলো স্বভাবের শিশুরা পরিবার তো বটেই, ক্লাসের অন্য শিশুদের জন্যও সমস্যা তৈরি করে। তাই শিশুর মধ্যে নিজের পড়ালেখার সামগ্রীর প্রতি আগ্রহ তৈরি করাটাই একমাত্র সমাধান। আর তার উপায় হতে পারে রং-বেরঙের পেনসিল ও খাতা ব্যবহার করতে দেওয়া। শিশু যদি কার্টুন পছন্দ করে, তাহলে সেই কার্টুনের আদলে তৈরি পেনসিল, রাবার ব্যবহার করতে দিন। ব্যাগে থাকুক প্রিয় সুপার হিরোর ছবি। নিজের ভালো লাগা থেকেই শিশু সবকিছু নিজে গুছিয়ে রাখবে।স্কুলের শেখাশিশুরা স্কুলে যেতে শুরু করার পর তাদের আদর্শ হয় প্রিয় শিক্ষক বা শিক্ষিকা। তাই আফরুজা খানম মনে করেন, শিক্ষিকাদের উচিত পড়ালেখার বাইরেও শিশুদের আলাদা যত্ন নেওয়া। পোশাকের পরিচ্ছন্নতা, নখ কাটা, চুল আঁচড়ানো কিংবা সুন্দর কথা বলা যেকোনো বিষয়ে একটু প্রশংসা শিশুকে অন্যদের চেয়ে আলাদা হওয়ার উৎসাহ বাড়িয়ে দেবে অনেকখানি।মনে রাখুন শিশুকে শেখানোর আগে নিজের শেখানোর পদ্ধতি খেয়াল করুন। শিশুকে শেখানোর ভঙ্গি খুব কড়া হলে শিশু বিগড়ে যায়, আবার খুব নরম হলেও শিশু মানতে চায় না। তাই নিজের ব্যক্তিত্ব ও শিশুর মন বুঝে কাজ করা শেখান। ছোটবেলা থেকেই শিশুকে কাজ করার অভ্যেস করাতে হবে। আদর আর উৎসাহ পেলে শিশুর মধ্যে দায়িত্ব গ্রহণের প্রবণতাও বৃদ্ধি পাবে। বয়স ও ক্ষমতা অনুসারে কাজ করতে দিন। অল্প হলেও কিছু না কিছু তাকে নিজে করতে দিন। সেটা হতে পারে খাবার শেষে নিজের প্লেটটা বেসিনে রাখা, পানি ঢেলে খেতে পারা, বই সাজিয়ে রাখা কিংবা পোষা প্রাণীর যত্ন নেওয়া, যেকোনো কিছু। নতুন নতুন কাজ শেখান। একটি কাজ আয়ত্তে চলে আসার পর নতুন আরেকটি কাজ শেখান। দায়িত্ব নিতে পারা ও তা সম্পূর্ণ করতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। নিজের প্লেট ধুতে পারা, নিজের ঘর পুরোটা ঝাড়ু দিতে পারা ইত্যাদি কাজ তাকে অন্যদের সহযোগিতা করাও শেখাবে। পরিবারের সবার মধ্যে দায়িত্ব বণ্টন করে দিতে হবে। এতে শিশু দেখে দেখেই শিখবে, নিজের কাজ কীভাবে নিজে করতে হয়। একই সঙ্গে মিলেমিশে কাজ করতে পারবে। কাজ মনে রাখাটাও জরুরি। সেটা শিশু বাবার সঙ্গে ক্যালেন্ডার দেখতে শেখার মাধ্যমেও মনে রাখতে পারে, ছবি এঁকেও মনে রাখতে পারে। সমস্যা মোকাবিলায় নতুন নতুন বুদ্ধি বের করতে শিশুকে উৎসাহ দিন। নিজের মতো করে কিছু করে ফেললে তা যেমনই হোক না কেন, প্রশংসা করুন। শিশুকে বলতে দিন। শিশুর সমস্যার কথা, আনন্দের কথা, খারাপ লাগার কথা। আর সেটা নিয়ে আলোচনা করুন। শিশু বলতে বলতেই কি করতে হবে, তা বুঝতে পারবে।শিশুরা বয়সে ছোট হলেও তাদের আলাদা ব্যক্তিত্ব থাকে, মতামত থাকে। শিশুর সেই ব্যক্তিত্বকে সম্মান করতে শিখলেই শিশু সম্মান দিতে ও দায়িত্ব নিতে শিখবে। তাই শিশুকে আত্মনির্ভরশীল করার জন্য প্রথম কাজ শিশুকে উৎসাহ দেওয়া ও শ্রদ্ধা করতে শেখা। তবেই শিশু আত্মনির্ভরশীল বড় মানুষ হয়ে উঠতে পারবে।