টনি মরিসন। সাহিত্যিক ও সাংবাদিক। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ১৯৯৩ সালে। আর পুলিৎজার পুরস্কার পেয়েছেন ১৯৮৮ সালে। মরিসনের জন্ম যুক্তরাষ্ট্রে ১৯৩১ সালের ১৮ ফেব্রুয়ারি। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেনআমি স্বীকার করছি, ওয়েলেসলির ২০০৪-এর সমাবর্তন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। প্রথমত আমি উল্লসিত ছিলাম এই ভেবে যে, ১২৫ বছরের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতকদের সামনে বক্তৃতা করার সুযোগ পাওয়াটা সত্যিই দারুণ। অন্যদিকে আমার দ্বিতীয় কারণটি ঠিক ততটা আনন্দের নয়। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম আজকের এই দিনে কী বলব তা ভেবে। কারণ ২০০৪ সালের মুক্তমনা, স্বাধীনচেতা ও আশাবাদী পাঁচ শতাধিক সুশিক্ষিত ও আধুনিক নারীর সামনে কী নিয়ে কথা বলব তা চিন্তা করে বের করাটা অতটা সহজ ছিল না। সেই সঙ্গে আমাকে আরও বেগ পেতে হচ্ছিল এখানকার সুদক্ষ ও নেতৃত্বগুণে গুণান্বিত শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের সামনে আমাকে কথা বলতে হবে তা ভেবে। যাহোক, তারুণ্য সব সময়ই নতুনের কথা বলে। যেভাবেই হোক না কেন, ভবিষ্যৎকে তোমরাই নির্মাণ করবে। সেটিও ভবিষ্যৎ, যা অন্যরা তোমাদের জন্য নির্মাণ করবে। জানতে হবে কীভাবে অন্যরা এতে অংশ নেবে এবং তোমাদের অভিজ্ঞতার ওপর ছাপ ফেলবে।ভবিষ্যৎ সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। কারণ আমি ভবিষ্যদ্বাণী করার পক্ষপাতী নই। এর অস্তিত্ব সম্পর্কে আমি এখনো নিশ্চিত নই। হতে পারে অধিকতর ভালো অবস্থানের জন্য অতীত তোমাদের ডাকবে। ইতিমধ্যেই তোমরা ঐতিহাসিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অতীতের গুরুত্ব ও অবদান সম্পর্কে জেনেছ। শিখেছ অতীতকে শ্রদ্ধা করতে। যদিও আজ আমি অতীতের গুণকীর্তন করতে আসিনি এখানে।তুমি যদি অতীতের ভুলভ্রান্তি এবং সত্য-মিথ্যা শনাক্ত করার কৌশল রপ্ত করতে পার, তবে সাফল্য তোমার কাছেই ধরা দেবে। তাপে গলিয়ে ধাতুকে যেমন বদলে দেওয়া হয়, তেমনি এক প্রক্রিয়ায় নিজেদের তৈরি করার চেষ্টায় তোমরা যারা নিমগ্ন আছ, তাদের কাছে হয়তো আমার বক্তব্য অনুপযোগী মনে হতে পারে। কারণ, আমি অতীতকে মনে করার কথা বলছি। আমার কথাগুলোর মানে তোমরা বুঝবে শিগগিরই। সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য অতীতের প্রয়োজন আছে। একে অস্বীকার করা সম্ভব না।এ প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী ও পৃথিবীর একজন নাগরিক হিসেবে তোমাদের দায়িত্বগুলো নিয়ে পুনরায় ভাবো। যা কিছু মন্দ তা ভুলে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে বেরিয়ে পড়ো। রক্ষা করো পৃথিবীকে। সঠিক ভাবনা ও কর্মশক্তি নিয়ে এগিয়ে গেলে নিশ্চিত তোমরা উন্নতি করবে, বাঁচাতে পারবে পৃথিবীটাকে। প্রত্যেককে জানতে হবে, যদি পৃথিবীকে বাঁচাতে না-ও পার, অন্তত তাকে ভালোবাসো। এই বিপর্যন্ত পৃথিবীকে আর কষ্ট দিয়ো না। শ্বাস নেওয়ার ক্ষমতাও হারাতে বসেছে আজকের পৃথিবী। একে আর আঘাত কোরো না। চিহ্নিত করো সেই সব অমানুষদের যারা এই সুন্দর পৃথিবীটাকে এলোমেলো করে দিতে চায়।আমি নিশ্চিত, তোমরা হয়তো বলবে, জীবনের শ্রেষ্ঠ সময়টা এখনই পার করছ সবাই। এমনটা ভেবে থাকলে তোমাদের জন্য রইল আমার সান্ত্বনা। কারণ এমন ভাবনা থেকে তোমরা একটি নির্দিষ্ট সময়ের ভেতর ঘুরপাক খেতে থাকবে। আত্মতৃপ্তি কখনো কখনো মানুষের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। সে আর নতুন কিছু করার কথা ভাবতে পারে না। আত্মতৃপ্তি যদি কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে আসে তবে ক্ষতি নেই। কারণ কঠোর পরিশ্রমের সামনে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না।তোমাদের কেবল একজন করদাতা, একজন ভোক্তা বা সংখ্যাগুরু হওয়ার প্রয়োজন নেই। তোমরা সত্যিকারের একজন মানুষ হওয়ার চেষ্টা করো।অবশ্যই তোমরা সাধারণ, তবে ফেলনা নয়। তোমাদের অস্বীকার করার উপায় নেই—একজন মানুষ হিসেবে তোমাদের মতো এই গ্রহে নেই আর কেউ। তোমাদের মতো প্রখর স্মৃতিশক্তি আর কারোর নেই। যা অজানা তা এখন তোমরা জানতে সক্ষম হবে। নিজেদের গল্পটা লিখবে তোমরা নিজেরাই। আর এ জন্য ভাবো এবং অনুভব করো পৃথিবীটাকে। সম্পদ ও বিলাসিতার মোহ, লোভ, অন্যের ওপর দখলদারি করার গোপন বাসনা আর ভবিষ্যৎকে অবহেলা করার চিন্তা দূর করে ফেলো জীবন থেকে। ঘৃণার কথা ভুলে গিয়ে আজ ভালোবাসো সবাইকে।যারা পৃথিবীর ক্ষতি করার চেষ্টা করে তাদের নিয়ে ভাবার প্রয়োজন নেই। তোমরা নিজেদের স্বার্থের জন্য পৃথিবীর অমঙ্গল হবে এমন অনেক কিছুই এড়িয়ে যাওয়ার চিন্তা করতে পার। তবে এতে নিজেরই ক্ষতি। নিজের গল্প নিজেকে তৈরি করার জন্য সব সময়ই মনের ভেতরকার কথা শুনতে হবে। তুমি কে এবং কী তোমার দায়িত্ব তা খুঁজে বের করতে হবে। আর এটা সম্ভব হলেই নিজের গল্পের নির্মাতা হতে পারবে নিজেই। এসব ভেবে আমি আজও আশাবাদী। আমি মানুষের হূদয়ের নৈতিক ইচ্ছায় বিশ্বাস করি। বিশ্বাস করি সৌন্দর্যের আহ্বানে। আমি তো দেখতে পাচ্ছি, তোমাদের জীবন ইতিমধ্যেই সম্ভাবনাময়, জীবনকে এবার রাঙাও ছবির মতো করে। ধন্যবাদ। ইন্টারনেট থেকে পাওয়া, ইংরেজি থেকে অনুবাদ: জান্নাত-উল ফেরদৌস