নিজের ঘাঁটিতে তৃতীয় জামায়াতের প্রার্থী
জামায়াত-অধ্যুষিত সাতকানিয়ায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জোবায়ের দ্বিতীয় হয়েছেন। এখানে গতবারের মেয়র বিএনপির মোহাম্মদুর রহমান পুনরায় জয়লাভ করেছেন। জামায়াতের প্রার্থী জাফর সাদেক এখানে তৃতীয় হয়েছেন।সার্বিক ফলাফলে বিএনপি জিতলেও আওয়ামী লীগের জন্য দ্বিতীয় স্থান অধিকার করাটাও গৌরবের বলে মনে করছেন নেতা-কর্মীরা। কারণ, সাতকানিয়া এলাকাটি জামায়াত-শিবিরের ঘাঁটি। এখানকার স্থানীয় সাংসদও জামায়াতের। প্রতিটি নির্বাচনে তাই জামায়াতের আধিপত্য বেশি থাকে। গতবারের পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থীকে হারিয়েছিলেন বিএনপির মোহাম্মদুর রহমান। সেবার আওয়ামী লীগের প্রার্থী তৃতীয় হয়েছিলেন। এ কারণেই এই ফল আওয়ামী লীগের জন্য সম্মানজনক বলে মনে করছেন তাঁরা। তবে একই সঙ্গে নির্বাচনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বল প্রয়োগের অভিযোগও এনেছে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মিনহাজুর রহমান বলেন, ‘নির্বাচনের সময় বিএনপির প্রার্থী অনেক কেন্দ্রে বল প্রয়োগ করেছেন। আমাদের কামাল নামে এক কর্মীকে মারধর করেছে।’ তিনি বলেন, ‘তারপরও এবার আমরা গতবারের চেয়ে অনেক ভালো করেছি।’ স্থানীয় লোকজন জানান, তরুণ প্রার্থী জোবায়েরের গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো। যে কারণে তিনি জামায়াতের প্রার্থীকে ডিঙিয়ে দ্বিতীয় হয়েছেন। বিজয়ী প্রার্থী বিএনপির মোহাম্মদুর রহমানের সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ছিল তিন হাজারের কিছু বেশি।