নিজের চেষ্টায় চূড়ান্ত যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমএমনকি স্পনসরকারী প্রতিষ্ঠানের একজন তো রীতিমতো প্রমাণ করার চেষ্টা করলেন, কেন আমার এভারেস্ট অভিযানে যাওয়া উচিত নয়। যে অর্থ ব্যয় করে যাচ্ছি এভারেস্টে, তা দিয়ে দেশের কতটা উন্নয়ন করা যায়, কতগুলো মানুষকে সহায়তা করা যায় ইত্যাদি বলে এভারেস্টে না গিয়ে দেশের উন্নয়নে আমাকে নজর দেওয়ার অনুরোধ করলেন। তাঁকে কী বলা যায়, ভাবছিলাম। একসময় সাহস করে বন্ধুস্থানীয় সেই কর্তাব্যক্তিকে বললাম, ‘আপনার প্রতিষ্ঠানের তো কয়েক হাজার কোটি টাকা রয়েছে। সেই টাকা থেকে আপনারা দেশের কোন কোন উন্নয়ন খাতে অর্থ ব্যবহার করছেন? সবচেয়ে বড় কথা হলো, আপনি যে তত্ত্ব দিলেন, সেই তত্ত্ব অনুযায়ী তো দেশ থেকে খেলাধুলা উঠিয়ে দিতে হয় এবং মানুষের বিনোদনের অধ্যায়টুকু বন্ধ করে তাদের সব সময় কাজেই মুখ গুঁজে থাকতে হয়, কী বলেন? আর একই তত্ত্ব অনুযায়ী আপনারা যে বছরে বেশ কয়েকবার বিদেশে প্রমোদভ্রমণে যান, সেটাও বন্ধ করে দিতে হয়, তাই নয় কি?’এ সময় আবার মনে হয়, আমাদের দেশের কেউ কেউ মনের দিক থেকে কতই না দেউলিয়া। আর এ দেউলিয়াত্বটাই অনেকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।এভারেস্ট অভিযানে রওনা হয়ার আর মাত্র এক সপ্তাহ বাকি। এ সময় হাজির হলাম ড. জামিলুর রেজা চৌধুরীর কাছে। সাংবাদিকতার সূত্রে তাঁর সঙ্গে আগেই পরিচয় ছিল। কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় তাঁর সঙ্গে সম্পর্ক নবায়ন হয়ে ঘনিষ্ঠতা অনেক বেড়েছিল। তিনি এনএসিবির উপদেষ্টাও। সেই সূত্র ধরেই তাঁকে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে অনুরোধ করলাম, তিনি যদি কাউকে বা কোনো প্রতিষ্ঠানকে আমার হয়ে অনুরোধ করে স্পনসরের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে হয়তো এভারেস্ট অভিযান সহজ হবে। আমার অবস্থা দেখে তিনি দুটি প্রতিষ্ঠানে অনুরোধপত্রও পাঠালেন। কিন্তু তাতেও কাজ হলো না। তখন সবাইকে বলেছি, এভারেস্ট আরোহণটা মনে হয় বাংলাদেশ থেকে এভারেস্ট অভিযান আয়োজন করার চেয়ে সহজ। আসলে কপালে কী আছে, এটা একেবারে নিখাদ বোঝা হয়ে গেছে সে সময়ে। ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’—কবিগুরু রবীন্দ্রনাথের এ কথা মনে করি আর নিজেই নিজের মনকে উজ্জীবিত রাখার চেষ্টা করি, চাঙা রাখি।এভাবেই দিন ঘনিয়ে এল যাওয়ার। আর কোনো উপায়ান্তর না দেখে বোনের ব্যাংক অ্যাকাউন্টকেই সর্বশেষ ভরসা হিসেবে গ্রহণ করলাম। তখন মনে মনে একটা পাপবোধ কাজ করছে, যদি না পারি এই টাকা শোধ করতে? আগের টাকাই তো শোধ করা হলো না।ঠিক করলাম ৮ এপ্রিল রওনা হব নেপালের উদ্দেশে। সেভাবে জানিয়ে দিলাম কমলকে। এ সময় কমল জানাল, কৈলাস ২০০৭ সালে যেবার নর্থ ফেস দিয়ে এভারেস্ট অভিযানে গিয়ে জয় করে, সেবার লাকপা নুরু শেরপা নামে একজনের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। লাকপা প্রথম দর্শনে এমনিতে খুব বেশি গাট্টাগোট্টা নয়। কিন্তু পর্বতারোহণে, বিশেষ করে এভারেস্টে তার জুড়ি মেলা ভার। এর আগে তিনি চারবার এভারেস্ট অভিযানে গিয়ে জয় করেছেন। পর্বতে তাঁর গতি নাকি বিদ্যুতের মতো। এবার আমার এভারেস্ট অভিযানে সাফল্য নিশ্চিত করতে তাঁকে দলভুক্ত করা হচ্ছে। শুনে ভাবছি, হলোই বা তাঁকে দলভুক্ত করা। কিন্তু একেকজন শেরপার যে বেতন, তা নিশ্চিত করবে কে? তবে আশ্বস্ত হলাম, যদি সব খরচ জোগাড় করাই যায়, তাহলে একজন শেরপার বেতনের জন্য তো আর এভারেস্ট অভিযান আয়োজন ঠেকে থাকবে না।এনএসিবির সদস্যদের সঙ্গে পরামর্শে বসলাম, আমাদের সংগঠন থেকে এভারেস্টে যাওয়া হবে, এ নিয়ে সংবাদ সম্মেলন করার প্রয়োজন আছে কি না? কারণ, এটা করতে গেলেই তো অহেতুক অর্থের বিনাশ। কিন্তু সবাই পরামর্শ দিলেন, এটা করা হলে একটা দলিল থেকে গেল এভারেস্ট অভিযানে যাওয়ার। যদিও এতে মন টানল না, তার পরও ঢাকা থেকে চূড়ান্তভাবে কাঠমান্ডু যাওয়ার দিন (৮ এপ্রিল, ২০১০) সকালে এনএসিবি কার্যালয়ে আয়োজন করা হলো সংবাদ সম্মেলনের। মাত্র তিনটি সংবাদমাধ্যমের কর্মীরা এলেন আমাদের অভিযানের খবর সংগ্রহ করতে—এবিসি রেডিও, আরটিভি ও দ্য ডেইলি স্টার। ৮ এপ্রিল যাত্রা শুরুর আয়োজনে সহযোগিতা করলেন টিটু, শাওন, তুষার, জুয়েল, রাফা, রাজীব, টুলটুল, ওমর, পারভেজ প্রমুখ।আমাকে বিদায় দিতে আগের দিনই রিমি আবারও তার কর্মস্থল থেকে এসেছে। কিন্তু ৮ এপ্রিল সকাল থেকেই রিমির মন ভার। মাস দুয়েকের জন্য তাকে আর রাইদকে ছেড়ে অজানা এক গন্তব্যে রওনা হব আর কিছুক্ষণ পর। কিন্তু তাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। ৮ এপ্রিল রওনা হওয়ার জন্য সবকিছু আয়োজন করতে গিয়ে তার পাশে বসে আর মন খুলে দুটো কথা বলা হয়নি। এ নিয়েও মনে মনে নিজেকে গালমন্দ করি। কিন্তু ততক্ষণে যে একটা ঘেরাটোপে বাঁধা পড়ে গেছি। এ নিয়ে শাশুড়ি রিমিকে বোঝান। রিমিও বোঝে আর কষ্ট বুকে চেপে ছায়ার মতো আমার সঙ্গী হয়ে থাকে। রাইদ তখনো জানে না, তার বাবা চলেছে কোন গন্তব্যে।এর মধ্যে আব্বা আর আম্মা ফোন দিলেন। তাঁরা জেনে গেছেন যে এদিন আমি যাচ্ছি এভারেস্ট অভিযানে। আম্মা বারবারই কান্নায় ভেঙে পড়েন। কিন্তু তাঁকে আশ্বস্ত করতে পারি না, কোনো বিপদের মুখে নিজেকে আমি ঠেলে দিচ্ছি না। ‘পর্বতারোহণে কোনো রকম বিপদের আশঙ্কা দেখলেই নিজেকে নিরাপদে সরিয়ে নেব’ কথাটা তাঁকে বিশ্বাস করাতে পারছি না। একসময় হাল ছেড়ে দিলাম। বললাম, নিজের জন্য হলেও আমি নিজেকে নিরাপদ রাখব। আব্বা বললেন, ‘যাচ্ছ, যাও। সব সময় আল্লাহকে স্মরণ কোরো।’সব মিলিয়ে সকাল সাড়ে ১০টায় এনএসিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাসায় সবার কাছ থেকে বিদায় নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে হাজির হলাম এয়ারপোর্টে। সঙ্গে চলল এনএসিবির সদস্য, রিমি ও রাইদ। দেড় বছর বয়সী রাইদ তখন খুশি এই ভেবে, বাবা তাকে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু একটু পরই যে বাবা তাকে নিষ্ঠুর হয়ে বিদায় জানাবে, এটা তাকে বোঝাবে কে[email protected] [বাকি অংশ আগামী পর্বে]