বাংলা বছরের প্রথম দিনটিতে অভিনেত্রী সুনেহ্রা বিনতে কামালের সাজে থাকবে স্নিগ্ধতা।
শুভ নববর্ষ। লেখার প্রথমেই শুভেচ্ছা থাকল পাঠকদের জন্য। আশা ছিল এ বছরের প্রথম দিনটি সবার সঙ্গে উদ্যাপন করা হবে। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আজ থেকেই শুরু হয়ে গেছে বাইরে বের হওয়ার ওপর কড়াকড়ি। বছরের প্রথম দিনটি কারও সঙ্গে দেখা না হোক, শুভেচ্ছা তো বিনিময় করাই যাবে দূরালাপের মাধ্যমে—বললেন অভিনেত্রী সুনেহ্রা বিনতে কামাল।
বাড়িতেই কাটাতে হবে সারাটি দিন। অন্য কারও জন্য নয়। বরং নিজের জন্য সাজা যেতেই পারে। এমনটাই মনে করেন অভিনেত্রী সুনেহ্রা বিনতে কামাল। বাংলা বছরের প্রথম দিনটি সাজবেন বলে ঠিক করেছেন। নিজের মতো করে দিনটি উপভোগ করবেন। মানসিকভাবে ভালো থাকার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য বছরের মতো এবারও শাড়ি পরবেন। এ বছর নিজেকে নিজেই উপহার দিয়েছেন সুতির শাড়ি। “সুতির শাড়ি আমার অসম্ভব প্রিয়। কর্মক্ষেত্রের বাইরেও বাড়িতে মাঝেমধ্যেই পরে থাকি, কোনো কারণ ছাড়াই। এ বছর লাল– সাদা রঙে নয়, বরং নীল আর গোলাপি রঙের শাড়িতে সাজব।” তবে শেষ মুহূর্তে মন চাইলে আলমারির ভেতর থেকে লাল–সাদা রঙের শাড়িও বেছে নিতে পারেন।
সুনেহ্রা কড়া সাজ পছন্দ করেন না। কাজের বাইরেও যখন দেখেছি খুব সাধারণ সাজেই পেয়েছি। টিপ, লিপস্টিক, কাজল, আইলাইনার, মাসকারা—তাঁর সাজের মূল উপকরণ। গয়নাও বেছে নেবেন হালকার মধ্যে। সাজে থাকবে স্নিগ্ধতা।