নিজের জমি থাকা সত্ত্বেও তাঁরা দিনমজুর!

পদ্ম লাল চাকমার (৪৮) দেড় একর চাষের জমি রয়েছে। কিন্তু সেচ–সুবিধা না থাকায় চলতি বোরো মৌসুমে তিনি চাষ করতে পারেননি। সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্য এখন জমির পাশেই ইট ভাঙার কাজ করছেন তিনি। তাঁর মতো খাগড়াছড়ির দীঘিনালার পুলিন হেডম্যানপাড়া এলাকার শ খানেক কৃষকের একই দশা। নিজেদের চাষের জমি থাকা সত্ত্বেও এখন বাধ্য হয়ে ইট ভাঙার কাজ করছেন তাঁরা।
২৩ ফেব্রুয়ারি বিকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার পুলিন হেডম্যানপাড়া এলাকার বিশাল পতিত জমির পাশে কয়েকজন আদিবাসী ইট ভাঙার কাজ করছেন। এ সময় কথা হয় তাঁদের সঙ্গে। স্নেহ কুমার চাকমা (৫৫) বলেন, ‘বিশাল এই বিলে আমার তিন একর চাষের জমি রয়েছে। কিন্তু জমি থেকে কী হবে? জমিতে চাষ করার মতো সেচের সুবিধা নেই। তাই পাঁচ ছেলে, দুই মেয়েসহ পরিবারের নয়জন সদস্যের খাবার জোগাতে এ বয়সে ইট ভাঙার কাজ করতে বাধ্য হচ্ছি।’
ইট ভাঙতে আসা শ্রমিকদের মধ্যে প্রদীপ চাকমা ও অিশ্বনী চাকমার জমি আছে দুই একর করে। আর তপ্ত লাল চাকমা ও বিমল চাকমার আছে দেড় একর করে। জমি থাকলেও তাঁরা কেউ চলতি বোরো মৌসুমে চাষ করতে পারেননি।
দীঘিনালার মৌজা প্রধান (হেডম্যান) প্রান্তর চাকমার অধীনে ইট ভাঙার কাজ করছেন পুলিন হেডম্যানপাড়ার বেশ কয়েকজন শ্রমিক। তিনি বলেন, এসব শ্রমিকের সবারই চাষের জমি আছে। কিন্তু পানির সুবিধা না থাকায় তাঁরা চাষ করতে পারেননি। এ কারণে বাধ্য হয়ে এখন তাঁরা ইট ভাঙার কাজ করছেন।
দীঘিনালা কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সমর বিজয় চাকমা বলেন, দীঘিনালা কৃষি ব্লকে ২৩০ হেক্টর জমিতে সেচের অভাবে আবাদ হয়নি। এ জন্য জমির মালিকেরা বাধ্য অন্য কাজ করছেন।