
আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন। আমাদের সকল বন্ধুদের বড়দিনের শুভেচ্ছা জানাই। দিনটি সবার জন্য বয়ে নিয়ে আসুক সুখ শান্তি আর অনাবিল আনন্দ।
গত শুক্রবার থেকে সারা দেশে শুরু হয়েছে গণিত উত্সব। এবার উত্সব হচ্ছে ২৪টি জেলায়। ২৪টি জেলার বন্ধুরা মহা উত্সাহে যুক্ত হয়েছেন এই উত্সবে। এই উত্সব থেকে আমরা বন্ধুসভায় নতুন বন্ধুদেরও পাচ্ছি। সেখানে থাকছে বন্ধুসভার একটি বুথ। সেখানে চলে সদস্য সংগ্রহ অভিযান। প্রতিবারই উত্সবের ভেন্্যুর সংখ্যা বাড়ছে। বাড়ছে নতুন বন্ধুসভার উত্সব আয়োজনের সুযোগ।
সারা দেশের বন্ধুরাই গণিত উত্সব সফল করে তোলে। এবারও তা-ই হচ্ছে। প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের মেধা, শ্রম, ঘামে গণিত উত্সব সফল হয়ে উঠছে। বন্ধুদের সঙ্গে থেকে নেতৃত্ব দেন আমাদের জেলার সাংবাদিক বন্ধুরা। আমরা তাঁদের অভিনন্দন জানাই।
দেশের বিভিন্ন বন্ধুসভা শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন। ইতিমধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ আরও কয়েকটি বন্ধুসভা শীতবস্ত্র বিতরণ করেছে। আজ অনেক বন্ধুসভা বিতরণের প্রস্তুতি নিচ্ছে। আমাদের আশপাশেই আছে অনেক শীতার্ত মানুষ। আমাদের অনেকেরই রয়েছে একাধিক শীতবস্ত্র, যা আমরা ব্যবহার করি। সেখান থেকেই একটি জামা তুলে দেন শীতার্ত ব্যক্তিদের মধ্যে। প্রত্যেকে যদি একটি করে জামা দিই, তাহলে জামার সংখ্যা হবে প্রায় এক লাখ। এক লাখ শীতার্ত মানুষ শীতের হাত থেকে রক্ষা পাবে। বন্ধুরা, আজ থেকেই শুরু হয়ে যাক এ কর্মসূচি। আমাদের অনেক বন্ধু আছেন, যাঁরা ব্যক্তিগতভাবে নিজেরা শীতবস্ত্র কিনে নিজেরাই বিলি করেন। তাঁদের সংখ্যাও প্রচুর। যাঁদের খবর আমরা অনেকেই জানি না।
আমাদের এ কর্মসূচির নাম ‘নিজের জামা দিয়েছি তুলে।’ আসুন, বন্ধুরা নিজের অন্তত একটি জামা শীতার্ত ব্যক্তিদের তুলে দিই।