নিজের জীবনের আরাম-আয়েশ বিসর্জনই দিতে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেনা বেগম। ছবি: প্রথম আেলা
আমেনা বেগম। ছবি: প্রথম আেলা

জরায়ুর সমস্যায় ভুগছিল মেয়েটি। কিন্তু দুর্গম পথ পাড়ি দিয়ে দিয়ে সদর হাসপাতালে যাওয়াটা প্রায় অভাবনীয়। কোনো চিকিৎসকের সাহায্য পাওয়া যাবে কখনো তা বোধ হয় ভাবেওনি সে। কমিউনিটি পুলিশ মিট এনে দিল সেই সুযোগ। বিনা মূল্যে রাঙামাটি সদর হাসপাতালের চিকিৎসক সেবা দেন মেয়েটিকে। সেদিন এমন সেবা নেয় ২৬ জন নারী। পরে নানা সময়ে এ রকম আরও স্বাস্থ্যসেবা–সচেতনতার আয়োজন করা হয় পুলিশের পক্ষ থেকে। আর এসবের উদ্যোগ নেন রাঙামাটির তৎকালীন পুলিশ সুপার হিসেবে কর্মরত আমেনা বেগম। এ বছর ২৭ জানুয়ারি পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করেছেন তিনি।
অফিসের কর্মঘণ্টার মধ্যে তাঁকে ফোনে পাওয়া কঠিন। নরসিংদীর পুলিশ সুপার হিসেবে কাজ করছেন তিনি। বলা হয়েছিল রাতের দিকে ফোন করতে। ঢাকা থেকে ফোনেই সারতে হলো আলাপ। ‘পুলিশের নানা কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানোই কমিউনিটি পুলিশ মিট আয়োজনের উদ্দেশ্য। কিন্তু খুব কেজো বিষয়গুলো নিয়ে আলোচনা হলে দেখেছি কেউ আসতে চায় না এসব অনুষ্ঠানে। তখন ভাবলাম এমন কিছু করা যায় কি না যা সত্যিই তাদের উপকারে আসবে। রাঙামাটি সদর হাসপাতালের সিনিয়র গাইনি কনসালট্যান্ট রওনক জাহান আমার পূর্বপরিচিত। তাঁকে বলতেই তিনি সাড়া দিলেন। আয়োজন হলো কিছু হেলথ ক্যাম্পের।’ বললেন আমেনা বেগম।
পুলিশে নারী অফিসার মানেই যেন একটা প্রতীকী পদ। এ রকম একটা ধারণা চালু আছে এখনো বলে মনে করেন তিনি। সেটাই ভাঙতে চেয়েছিলেন । ১৯৯৯ সালে চাকরিজীবনে যোগ দেন। বললেন, ‘শুরু থেকেই চেয়েছি ফিল্ডে কাজ করতে। কিন্তু ফিল্ডে দায়িত্ব পাওয়া বেশ কঠিন। অনেক যোগ্যতার প্রমাণ দিয়েই আসতে হয়। আমার তৎকালীন সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই যে তাঁরা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন।’ এসব ক্ষেত্রে কাজ করা যেমন কঠিন, থানা পরিচালনার দায়িত্ব পালন করাও ঠিক তেমন। সে কাজেও নিজেকে সফল প্রমাণ করেছেন তিনি। আর এ জন্য তাঁর সূত্র একটাই—‘যোগাযোগ’। সহকর্মীদের সঙ্গে মিশেছেন বন্ধু হয়ে। ‘কাজের ক্ষেত্রেও আমি নারী–পুরুষ কোনো ভেদ করি না। সবাই সহকর্মী, সবাই পুলিশ কর্মকর্তা। সবার সঙ্গেই আমি এক রকমভাবে মিশি। আর দেখেছি তাঁদের কাছ থেকেও চমৎকার সাড়া পাওয়া যায়। তাঁদের ব্যক্তিজীবনের ভালো–মন্দের খোঁজ রাখাটাও মনে করি আমার দায়িত্ব। কার কী সমস্যা, কোন কাজটি কাকে দিয়ে ভালো হবে, এসব খেয়াল রাখি।’ তিনি বলেন।
২০০৬–২০০৭ সালে পূর্ব তিমুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন। তিনি বললেন, ‘মাত্র পাঁচ–ছয় দিন আগে জানতে পারি মিশনে যেতে হবে আমাকে। সে সময় আমার মা অসুস্থ ছিলেন। তাঁকে দেখতে যেতে পারিনি। তবে চাকরিজীবনের শুরু থেকেই এসব নিয়ে মানসিক প্রস্তুতি ছিল আমার। এমনটা যে হতে পারে কখনো তা মেনে নিয়েছিলাম।আমি নানা জায়গায় কাজ করতে চাই। বিভিন্ন জেলায়, ফিল্ডে কাজ করতে চাই। তবে এসবের জন্য নিজের জীবনের আরাম–আয়েশ বিসর্জনই দিতে হয়েছে। কাজের পর একটু বিশ্রাম—এই তো।’ বললেন আমেনা বেগম। পাঁচ মাস হলো নতুন এক অধ্যায় যোগ হয়েছে জীবনে। মা হয়েছেন তিনি। কাজের পর মেয়ে সূরাকে নিয়েই সময় কাটে তাঁর। ‘সকালে কাজে বের হওয়ার সময় কখনো কখনো মনে হয়, দুটো দায়িত্বই সফলভাবে পালন করতে পারব তো? কিন্তু দিন শুরু হতেই ফিরে পাই নিজের ওপর বিশ্বাস। কিছুদিন আগে আমার মেয়ের ওজন একটু কমে গিয়েছিল। তখন অনেকে নানা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি এ নিয়ে বিচলিত হইনি। একটা সময় সব স্বাভাবিক হয়ে আসে। এভাবেই তো কাজ করতে হবে।’ বললেন তিনি।