
প্রথমে বাবার ঘর। এরপর কখনো শ্বশুরবাড়ি কিংবা স্বামীর বাড়ি। আর শেষ বয়সে ছেলের বাড়ি হয়ে উঠে নারীর ঠিকানা। নারীজীবনের এমন পরনির্ভরশীলতার জাল ছিন্ন করে আপন ঠিকানা খুঁজতে নামা এক নারীর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র সুতপার ঠিকানা। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হয়ে গেল চলচ্চিত্রটির পাঁচ দিনব্যাপী প্রদর্শনী।
২৩ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় পাঁচ দিনের আয়োজন। এরপর ২৪ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ২৫ আগস্ট এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং ২৬ ও ২৭ আগস্ট নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রদর্শিত হয় সুতপার ঠিকানা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রসূন রহমান। মূল চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামেরই মেয়ে অভিনেত্রী অপর্ণা ঘোষ। এ ছাড়া আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহাদাৎ হোসেন, মাহমুদুল ইসলাম, কুমার নিবিড় প্রমুখ। সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ।
গত বুধবার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে কথা হয় পরিচালক প্রসূন রহমানের সঙ্গে। তিনি বলেন, এরই মধ্যে ছবিটি মিয়ামি ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্দোনেশিয়ান পিস ফিল্ম ফেস্টিভ্যাল, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে। চট্টগ্রামে দর্শক সমাগম প্রসঙ্গে প্রসূন রহমান বলেন, ‘জীবননির্ভর চলচ্চিত্র বাংলাদেশের সিনেমা হলগুলো প্রদর্শন করতে চায় না। তাই সুস্থ ধারার দর্শকদের কাছে চলচ্চিত্রটি নিয়ে যেতে আমাদের এই বিকল্প ব্যবস্থা করতে হয়েছে। দর্শকদের অনেক ভালো সাড়া পেয়েছি।’
দক্ষিণ এশিয়ার নারীজীবনের প্রতিনিধি এক নারীকে নিয়ে আবর্তিত হয়েছে এই চলচ্চিত্রের গল্প। তাই পরিচালকও চলচ্চিত্রটি উৎসর্গ করেছেন দক্ষিণ এশিয়ার সব নারীকে।
চলচ্চিত্র দেখা শেষে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত রহমান জানান তাঁর ভালো লাগার কথা। তিনি বলেন, বস্তবতা তো এটাই—একজন নারীর নিজের ঠিকানা নেই। সারাটা জীবন পরনির্ভর হয়ে চলতে হয়। এ অচলায়তন ভাঙা দরকার।