নিজের দিকে চাওয়া

তর আর সইছিল না। বন্ধুসভা জাতীয় সমাবেশ ২০১৬-তে অংশগ্রহণের জন্য বন্ধুরা এক বছর আগেই এসে হাজির। অর্থাৎ, ২০১৫-এর ৩১ ডিসেম্বর। হা হা হা।
প্রায় ৩০০ বন্ধুকে পাওয়া গেল ওই রাতে। সবাই খ্রিষ্ট্রীয় নববর্ষ বরণ করতে চান, কিন্তু কীভাবে? এক বন্ধুই মতামত দিলেন কীভাবে হতে পারে। রাত ১২টার আগে আমরা এগিয়ে গেলাম সমাবেশে মঞ্চের দিকে।
রাত ১২টা বাজতেই সবাই মিলে প্রাণপণে চিত্কার করে উঠলাম ‘বাংলাদেশ’ বলে। একবার নয়, কয়েকবার। এভাবেই আমরা বরণ করে নিলাম নববর্ষকে।
২.
পয়লা জানুয়ারি বন্ধুরা অনুষ্ঠানের আগেই দেশ গড়ার শপথ নিয়ে নেন। জাতীয় সমাবেশের যেন মহড়া সেটি। অনুষ্ঠান উদ্বোধনের পর থেকেই বাড়তে থাকে বন্ধুদের আনন্দ-উচ্ছ্বাস। বাঁধভাঙা জোয়ারের মতো তা ছড়িয়ে পড়ে মৌচাক মাঠজুড়ে।
প্রথম আলো বন্ধুসভা বৃহৎ পরিবারের যেন মহামিলন ক্ষেত্র। সবাই সবার সঙ্গে পরিচিত হন। পরস্পর পরস্পরের তাঁবুতে গিয়ে বন্ধুদের খোঁজ নেওয়া, বন্ধুরা খেয়েছে কি না, তা জানতে চাওয়া কত কি। মৌচাক মাঠে তাঁদের দেখে মনে হয়নি তাঁরা পরিচিত নন। মঞ্চে গানের তালে তালে সারাক্ষণই তাঁরা নেচেছেন, পরস্পরের হাত ধরে। সেই হাতগুলো পরস্পরকে প্রথমবারের মতো স্পর্শ করেছে। মনে হয়েছে চিরকালের চেনা।
দুদিনের সমাবেশে এতটা কাছাকাছি চলে এসেছিলেন তাঁরা।
সারা বছর ধরে বন্ধুসভাগুলো কীভাবে চলবে, তার একটা দিকনির্দেশনা পেয়েছেন বন্ধুরা। সাংগঠনিক পর্বে অনেক প্রশ্ন উঠে এসেছে। সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে। এক বন্ধু তো ক্ষোভের সঙ্গে উচ্চারণ করলেন, ‘এক দিন, এক রাতের জন্য কেন এই অনুষ্ঠান। দুই বছর ধরে আমরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করি। সময়টা কি বাড়ানো যায় না?’ আরেক বন্ধুর কণ্ঠে আক্ষেপ, ‘রাত একটায় কেন ঘুমাতে হবে। সারা রাত জেগে আমরা তাঁবুতে নাচ-গান করতে চাই। সেটার অনুমতি দেওয়া হোক।’

সারা বছর ধরে বন্ধুরা কে কী করতে চান, সেটা তাঁদের বক্তব্যে তুলে ধরেছেন। বিগত বছরগুলোয় কে কী করেছেন, তারও মূল্যায়ন তুলে ধরেছেন। অভিযোগ তুলেছেন কেন তাঁদের সব সংবাদ-ছবি বন্ধুসভা পাতায় ছাপা হয় না। কেন বন্ধুসভা ফেসবুক পেজে সব বন্ধুসভার এডিটর নেই।
বিগত সমাবেশ দুটিতে যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে এবারও যাঁরা এসেছেন, তাঁরা পরস্পরকে জড়িয়ে ধরেছেন আবেগে। এক বন্ধুর মন্তব্য, ‘যেকোনো উৎসবের চেয়ে এই সমাবেশ আমার কাছে অনেক বড়। কারণ, অন্য কোনো উৎসবে এত আনন্দ করার সুযোগ থাকে না।’
প্রথমবারের মতো বন্ধুদের নিরাপত্তার ওপর সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছিল। সবকিছুর মধ্যেই ছিল সুশৃঙ্খলার ছাপ। আমরা চেষ্টা করেছিলাম কোনোভাবে কারও যেন কোনো অসুবিধা না হয়। তারপরও হয়তো কোনো কোনো বন্ধু কোনো অসুবিধায় পড়তে পারেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
সবচেয়ে বড় আয়োজন দিয়ে আমাদের নতুন বছর শুরু হলো। বড় বড় আয়োজন দিয়ে হয়তো ২০১৬ শেষ হবে। এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আরও ঐক্যবদ্ধ, আরও সুসংগঠিত আরও সুশৃঙ্খল হয়েছি। আমরা বুঝে নিয়েছি, সারা বছরের পরিকল্পনা নিয়েই কাজে নামতে হয়। বন্ধুসভার জাতীয় সমাবেশ আমাদের একটি বড় প্রেরণার উত্সস্থল। এই প্রেরণায় প্রাণিত হয়ে আমরা সারা বছর ধরে ভালো ভালো কাজ করে এগিয়ে যেতে চাই। আগে চাইতে হবে নিজের দিকে। নিজে আলোকিত না হলে কি আর ‘আমি বাংলাদেশ’ হওয়া যাবে?
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ