
ছোটবেলার ঈদের কিছু পারিবারিক ঐতিহ্য এখনো ধরে রাখার চেষ্টা করেন চলচ্চিত্র পরিচালক কামার আহমাদ সাইমন। মসজিদে ঈদের নামাজ পড়া শেষে বাবার হাত ধরে আত্মীয়স্বজনের কবর জিয়ারত করতে যেতেন আজিমপুরে। আর এই সময়টা একটা অন্য রকম রোমাঞ্চ অনুভব করতেন কামার। ‘তখন আশপাশের লোকজন, নিস্তব্ধ কবরস্থান, পূর্বপুরুষদের কথা ভেবে কেমন জানি একটা অনুভূতি খেলা করত মনের ভেতর। আর এখনো ঈদ মানেই আমার কাছে এই সময়টার জন্য অপেক্ষা।’ এখন হয়তো আজিমপুরে না যেতে পারলেও ঈদের দিন বাসার কাছাকাছি কোনো কবরস্থানে কবর জিয়ারতে যান তিনি।

এরপর বাসায় ফিরে শুরু হয় খাওয়াদাওয়ার পালা। ঈদের সকালটা মায়ের হাতের রান্না করা পোলাও খেয়ে শুরু হতো। পারিবারিক এই ঐতিহ্য এখনো ধরে রেখেছেন। যেহেতু বছরের বাকি সময়জুড়ে থাকে কাজের ব্যস্ততা, তাই এই দিনটা একটু আয়েশ করেই কাটাতে পছন্দ করেন। জানালেন, এবার সারাটা দিন বাসায় থাকবেন আর লাল রঙের একটা ফতুয়া পরে কাটবে সারা বেলা। পোশাক-আশাকের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে কামার নিজের পোশাকের নকশাটা সাধারণত নিজেই করে থাকেন। স্বাচ্ছন্দ্য বোধ করেন খাদির কাপড়ে। সব সময় সাদা-কালো এই দুটি রংকেই পোশাকে প্রাধান্য দিয়ে থাকেন। তবে বিশেষ কোনো দিনের পোশাকটির রং কেমন হবে তা নিয়ে নিরীক্ষা করতে ভালোবাসেন। হাতের বালা সংগ্রহের একটা শখ আছে তাঁর। যেখানে যান সেখানকার ঐতিহ্যবাহী হাতের বালা সংগ্রহের চেষ্টা করেন।
ঈদের দিন হয়তো পোশাকের সঙ্গে মিলিয়ে এখান থেকেই একটা বালা হাতে পরবেন। দিনটা এভাবে কাটলেও রাতের বেলায় সপরিবারে বেড়াতে যাবেন পুরান ঢাকার বোনের বাড়িতে। এই সময়টা হয়তো বেছে নেবেন পাঞ্জাবি। তার সঙ্গে পকেট দেওয়া বিশেষ প্যান্টটি পরনে থাকবে সব সময়।