নিজের বুকে কান পাতো : স্টিভেন স্পিলবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন স্পিলবার্গ
স্টিভেন স্পিলবার্গ
তিনবার অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। আমেরিকান একাডেমি অব অ্যাচিভমেন্টে তিনি বলেছেন নিজের ছেলেবেলার গল্প। জানিয়েছেন, কেমন করে সিনেমার পোকা তাঁর মাথায় ঢুকল!

গত রাতেও জানতাম না যে আমাকে এখানে আসতে হবে। একেবারে শেষ মুহূর্তে জানানো হলো, আমাকে তোমাদের সামনে দাঁড়াতে হবে এবং কিছু বলতে হবে! তাই শুরুতেই স্বীকার করে নিচ্ছি, আমি নিজেকে একেবারেই প্রস্তুত করতে পারিনি।

বছর খানেক আগে আমি এক সাংবাদিকের মুখোমুখি হয়েছিলাম। তোমরা জানো, তাঁরা কী ধরনের প্রশ্ন করেন। ‘কী করেন, কেন করেন...ইত্যাদি।’ আমি তাঁকে কোনো সদুত্তর দিতে পারিনি। শুধু বলেছিলাম, আমি স্রেফ কিছু রোজগারের স্বপ্ন দেখি। বছর খানেক পরে উপলব্ধি করলাম, সত্যিই, আমি যা করছি রোজগারের জন্যই করছি। সারা জীবন তা-ই করেছি।
ক্যারিয়ার নিয়ে আমার কখনোই কোনো পরিকল্পনা ছিল না। যদিও আমাদের প্রত্যেকেরই একটা সময়ে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। অধিকাংশ ক্ষেত্রে সময়টা তখন, যখন বিশ্ববিদ্যালয়ে আমাদের ‘মেজর ডিক্লেয়ার’ করতে হয়। আমার ‘মেজর’ করার কথা চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে, যেটা আমার বিশ্ববিদ্যালয়ে ছিল না। বাবার ইচ্ছায় আমাকে ইংরেজি বিষয়ে মেজর করতে হলো। কারণ, তিনি বলেছিলেন, ‘তোমার একটা দ্বিতীয় পরিকল্পনা থাকা উচিত। যদি চলচ্চিত্রের দুনিয়ায় ভালো কিছু করতে না পারো, অন্তত শিক্ষকতা করতে পারবে। তুমি তো জানো, শিক্ষকতা একটি মহান পেশা।’
হ্যাঁ, আমি জানতাম, শিক্ষকতা একটি মহান পেশা। এবং আমি এটাও জানতাম যে শিক্ষকেরা সেই মহানায়ক, যাঁরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম পারিশ্রমিক পান।
সুতরাং মহান পেশার চেয়ে বরং পরিচালক হওয়ার প্রতি আমার বেশি আগ্রহ ছিল। আজ আমি তোমাদের বলব, কীভাবে সিনেমার ভূত আমার মাথায় চেপেছিল।

স্টিভেন স্পিলবার্গ
স্টিভেন স্পিলবার্গ

তখন আমার বয়স ছয় কি সাত। একদিন বাবা বাসায় ফিরে বললেন, ‘চলো, তোমাকে পৃথিবীর সেরা শো দেখাব।’ সে সময় ছয়-সাত বছরের একটা ছেলের কাছে পৃথিবীর সেরা শো মানেই ছিল সার্কাস। ভাঁড়, শিল্পীদের আজব সব কসরত, দারুণ সব খেলার কথা ভেবেই আমার ভেতরে উত্তেজনা টগবগ করছিল।
গাড়ি চেপে নিউ জার্সি থেকে আমরা ফিলাডেলফিয়া গিয়েছিলাম। মনে আছে, তখন ছিল প্রচণ্ড শীত। আমরা একটা লাল ইটের দেয়ালের সামনে প্রায় আড়াই ঘণ্টা লাইন ধরে দাঁড়িয়ে ছিলাম। আমি অপেক্ষা করছিলাম সার্কাসের তাঁবুটা দেখার জন্য। লাইনের একেবারে সামনে তাঁবু নয়, বরং সেই একঘেয়ে লাল ইটের দেয়াল আমাকে হতাশ করল। বিশাল দরজা পেরিয়ে আমরা একটা আলো-আঁধারি ঘরে ঢুকেছিলাম। আমার বেশ মনে আছে, ঘরটাতে গোলাপি ও বেগুনি রঙের অনেক বাতি জ্বলছিল। ওপরে তাকিয়ে মনে হচ্ছিল একটা গির্জার ছাদ।
ঘরের ভেতর অনেকগুলো আসন। দর্শকদের সবার চোখ সামনের দিকে। ডিম লাইটের আলোয় পর্দায় ভেসে উঠল একটা কিছু। আমাদের চোখ ঝিকমিক করে উঠল। কারণ, আমরা বসেছিলাম একেবারে সামনে। তখনো পৃথিবীর সেরা শো ব্যাপারটা আমি বুঝে উঠতে পারছিলাম না।
হঠাৎ উপলব্ধি করলাম, বাবা আমার সঙ্গে মিথ্যা বলেছেন। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেছিলেন, সার্কাস দেখাবেন। অথচ এটা কোনো সার্কাস নয়। এটা সার্কাস-সংক্রান্ত একটি সিনেমা।
আমি এর আগে কখনো সিনেমা দেখিনি। এরপর মিনিট দশেক আমার ভেতর হতাশা ও বিশ্বাসঘাতকতার বোধ ছিল। তারপরই আমি সেই অসাধারণ মাদকে আক্রান্ত হই, যার নাম সিনেমা।
ছোটবেলায় দেখা আমার সেই সিনেমায় একটি ট্রেনের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষের দৃশ্য ছিল। দৃশ্যটা আমার মনে এতটাই ছাপ ফেলেছিল যে আমার প্রথম সিনেমায় একটি ট্রেনের দৃশ্য ছিল।
বলে রাখা ভালো, আমি একটা ওয়েস্টার্ন সিনেমা বানিয়েছিলাম, যার নাম গান স্মগ এবং সত্যিই এর মধ্য দিয়ে আমি নিজেকে খুঁজে পেলাম। কারণ, গান স্মগ তখন টেলিভিশনে তীব্র আলোড়ন তুলেছিল।
এক শুক্রবার রাতে আমার এই চলচ্চিত্র বয় স্কাউট সেনাদলে দেখানো হয়। তখন আমি একটা মিটিংয়ে ছিলাম। তারা সিনেমাটি দেখছিল আর জোরে জোরে হাসাহাসি করছিল। আমি কখনোই এসব প্রতিক্রিয়া আমলে নিইনি। তবে আমি কখনোই চাইনি আমার জীবনটা ভালোবাসাহীন কাটুক, কোনো রকমের প্রতিক্রিয়াহীন কাটুক। সম্ভবত সে কারণেই আমার প্রথম দিকের সিনেমায় আমি দেখিয়েছি—কী তোমাকে আলোড়িত করে, কী তোমাকে হাসায়, কী দেখে তুমি ক্রোধে চিৎকার কর।
আমি মনে করি, দর্শকই আমার সহযোগী এবং দর্শকই আমার প্রতিপক্ষ।
সুতরাং বলতেই পারো, ক্যারিয়ারের শুরুর দিকে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। আমার কখনোই কোনো নির্দিষ্ট পছন্দ ছিল না। কিন্তু যখন তোমার একটা স্বপ্ন থাকবে, তুমি নিশ্চিত থাকো, স্বপ্নটা একদিন পূরণ হবেই। তুমি কখনোই জানবে না তোমার জীবনে কী ঘটতে যাচ্ছে। স্বপ্ন সব সময় পেছন দিক থেকে আসে। স্বপ্নকে কখনোই তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে না।
আমি সব সময় আমার সন্তানদের বলি, তোমার সহজাত ইচ্ছার কথা শোনো। তোমার ভেতরের সত্তা তোমাকে ফিসফিস করে কী বলছে, সেটা শোনো। সে কখনো চিৎকার করবে না। সুতরাং তার ফিসফিসানি তোমাকে শুনতে হবে। তাই প্রতিদিন তোমার নিজের বুকে কান পাতো। যদি তুমি কিছু শুনতে পাও এবং সেটা তোমার হৃদয়কে নাড়া দেয়, তবে বাকি জীবনটা সেই কাজের জন্য ব্যয় করো। আমরা নিশ্চিতভাবেই তোমার কাছ থেকে উপকৃত হব।
সবাইকে ধন্যবাদ।
সংক্ষেপিত। ইংরেজি থেকে অনুবাদ মারুফ ইসলাম।