নিজের ভুবনে আমরা প্রত্যেকেই তারকা : মেইসি উইলিয়ামস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেম অব থ্রনসখ্যাত অভিনেত্রী মেইসি উইলিয়ামস। ১৮ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী যুক্তরাষ্ট্রের ‘লাইকআগার্ল’ প্রচারণায় রেখেছিলেন জোরালো বক্তব্য।

মেইসি উইলিয়ামস
মেইসি উইলিয়ামস

এখন সময় বাক্স ভেঙে বেরিয়ে পড়ার। মেয়েদের ‘কী করা উচিত আর কী করা উচিত না’, সমাজের এসব বলা বন্ধ করার এখনই সময়। ফিসফিস না করে সবার বরং চিৎকার করে মেয়েদের বলা উচিত, ‘তোমরা অপ্রতিরোধ্য।’
এখন সময় মুক্ত হওয়ার। এখন সময় মেয়েদের প্রকৃতিপ্রদত্ত মেধা ও যোগ্যতা কাজে লাগানোর, যা তাদের একে অপরের চেয়ে আলাদা করেছে।
বেড়ে ওঠার সময়টাই স্বাধীনতা উপভোগ করার জন্য সবচেয়ে উপযুক্ত। সমাজের চাপিয়ে দেওয়া মনোভাব আর প্রত্যাশা নয়, বরং অবারিত হৃদয়ই মানুষকে এগিয়ে নিতে পারে। সীমাবদ্ধ প্রত্যাশা আর অনুশাসন আমাদের সৃজনশীলতার পথ রুদ্ধ করে রেখেছে। ভেবে দেখুন, আমরা যদি ফুঁ দিয়ে সব দেয়াল উড়িয়ে দিতে পারতাম, চুরমার করে ফেলতে পারতাম সব আজব সীমাবদ্ধতা—বয়ঃসন্ধিকাল আমাদের আত্মবিশ্বাস হারানোর নয়, বরং অর্জনের সময় হতো। বয়ঃসন্ধিকাল হতো সেই সময়, যখন সত্যিকার অর্থে তুমি ‘তুমি’ হয়ে উঠতে পারো। প্রস্তুত হতে পারো পৃথিবীর সব বাধা মোকাবিলা করার জন্য।
একজন অভিনেত্রী হিসেবে আমার কাজ হচ্ছে নিজেকে অন্য একটা চরিত্রে বদলে ফেলা। নিশ্চয়ই আমার মেধা আর অভিজ্ঞতা সেই চরিত্রের ওপর ভর করে। কিন্তু চরিত্রগুলোকে বাস্তবসম্মত করতে আমাকে ওই চরিত্রের মতো হতে হয়। তখন আর নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। চরিত্রটা কেমন, তার কীভাবে কী করা উচিত, একটা পরিকল্পনা নিয়ে আমি তার জুতায় পা গলিয়েছি—এমন করে আমি ভাবি না। বরং আমি ভেতরে ভেতরে ওই চরিত্রটাই হয়ে উঠি।
লেখক, পরিচালক, অভিনয়শিল্পী, বন্ধু, ইন্টারনেটে অনুসরণকারী—অসংখ্য মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। প্রত্যেকেই নিজের মতো করে আমার সম্পর্কে একটা শক্ত ধারণা নিয়ে বসে আছে—আমি কী এবং আমার কী করা উচিত।
এমন অসংখ্য ‘উচিত’ পরামর্শ নিয়ে চারপাশের মানুষ আমাকে ঘিরে রেখেছে। কিন্তু আমি বিশ্বাস করি, দিন শেষে আমি সুখী হতে চাই। আর সুখী হওয়ার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে নিজের কাছে সৎ থাকা। এটা একটা বহুল প্রচলিত কথা। তুমি নিশ্চয়ই জীবনে অজস্রবার কথাটি শুনেছ। কিন্তু নিজেকে জানা যে কতখানি জরুরি, সেটা বুঝিয়ে বলার জন্য এর চেয়ে বিস্তারিত কিছু আমার মাথায় আসছে না। আমি কে, আমি কী—এই প্রশ্নের উত্তর খুঁজতে আসলে পুরো জীবন কেটে যায়।
নিজের ভুবনে আমরা প্রত্যেকেই তারকা। নিজেকে জানার মাধ্যমে এবং নিজেকে আবিষ্কার করার মাধ্যমে আমরা প্রতিদিন নিজেকে একটু একটু করে ছড়িয়ে দিতে পারি। তুমি প্রতিদিন যা-ই করো, সবকিছুর ফলাফল নির্ভর করে একটা জিনিসের ওপর—আত্মবিশ্বাস। আমরা আসলে কী চাই তা জানান দেয় আমাদের আত্মবিশ্বাস। সুতরাং নিজেকে তৈরি করো, নিজেকে রক্ষা করো, নিজের জন্য যুদ্ধ করো। জীবনটাকে নিজের দুহাতের দখলে রাখো। কারণ এর ওপর নির্ভর করছে তোমার ভবিষ্যৎ।
এই পৃথিবী একই সঙ্গে নারী এবং পুরুষ নেতৃত্বের জন্য মরিয়া হয়ে আছে। এটা শুধু জেন্ডারের কারণেই নয়, বরং এটাই অভীষ্ট লক্ষ্য। পৃথিবীর কাছ থেকে যত উপহার তুমি পেয়েছ তা পৃথিবীবাসীর সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার দায় তোমার। মানুষ জানতে চায়, তুমি কী অর্জন করেছ। ‘লাইক আ গার্ল আন্দোলন’ এই জানানোর কাজকে ত্বরান্বিত করছে। এ আন্দোলন সংলাপকে ছড়িয়ে দিচ্ছে।
মেয়েরা, আমাদের একসঙ্গে থাকতে হবে, পরস্পরকে সমর্থন করতে হবে। যখন তোমার নিজেকে খুব নিঃস্ব মনে হবে, মনে হবে সবকিছু হারিয়ে ফেলেছ, তখনো তোমার নিজস্ব পথ থেকে সরে দাঁড়িয়ো না। আপন পথে চলো। তোমার কাছে মানুষের কী প্রত্যাশা ছিল, তুমি কী করছ আর তারা কী করছে—এসব ভেবো না। মাথা তুলে দাঁড়াও। নিজের লক্ষ্যে অটুট থাকো। এমনভাবে নিজের গল্পটা গড়ে তোলো, যেন গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটা তুমিই হও। নিজেকে ভাঙো, উদ্যম আরও বাড়াও, নিজের পায়েই দ্রুত এগোতে শেখো। মনের দিক থেকে তীক্ষ্ণ আর হৃদয়ের দিক থেকে নম্র হও। বিশ্বাসযোগ্য হও। যদি এর সবকিছুই তুমি পারো, তার মানে তুমি অসাধারণ কিছুর জন্য তৈরি। মাথা তোলো, সোজা হয়ে দাঁড়াও। তুমি অপ্রতিরোধ্য। লাইক আ গার্ল!
সূত্র: টেলিগ্রাফ। ইংরেজি থেকে অনুবাদ
মারুফ ইসলাম।