>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমার বয়স ২২ বছর। বিবিএ পড়ছি। ছেলে হয়ে জন্মেও মেয়েলি আচরণের কারণে বন্ধুমহল থেকে শুরু করে সব ক্ষেত্রেই নিজেকে গুটিয়ে রাখতে হয়। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে ‘হাফ লেডিস’ শব্দটা আমার কানে বিষের মতো বিঁধে। ভালো ছাত্র হওয়ার কারণে হয়তো অনেকে সামনাসামনি কিছু বলেনি। শুনেছি, আড়ালে-আবডালে আমার কথা বলা এবং চলন নিয়ে নানা কথা হয়। এ কারণে নিজের ভেতরটা গুমরে ওঠে, অচেনা কারও সঙ্গে কথা বলতে ভয় হয়। অপ্রস্তুত অবস্থায় কথা বলতে গেলে কণ্ঠ ধরে আসে। কথা আর শারীরিক অঙ্গভঙ্গি ঠিক রাখতে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলি। নিজের কাছে খারাপ লাগে। আমার আচরণ সম্পর্কে যখন থেকে নিজে বুঝতে শিখেছি, তখন থেকে পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু পারিনি। আমার সামনের দিনগুলো নিয়ে খুবই চিন্তিত। নিজেকে পিছিয়ে রাখতে পারছি না আবার সামনের দিকেও এগিয়ে নিতে পারছি না। এটা কি আমার কোনো প্রতিবন্ধকতা? কারও সঙ্গে এ বিষয়ে আগে কখনো কথা বলিনি। মনে হচ্ছে আমার জীবন অন্ধকারে ঢেকে যাচ্ছে। মেয়েলিপনা আমার কাছে অভিশাপ। এটা আদৌ কোনো জটিল সমস্যা? আর তা হলে এটার সমাধান কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
পরামর্শ
তুমি বুঝতে শেখার পর থেকে যেভাবে আশপাশের মানুষের দ্বারা মানসিক আঘাতের শিকার হয়েছ, তাতে বিষণ্ন থাকাটাই স্বাভাবিক। তারপরও বিষণ্নতাকে মোকাবিলা করে তুমি স্নাতক পর্যায়ে লেখাপড়া করছ। শুধু তা-ই নয়, তুমি লেখাপড়ায়ও ভালো করেছ। আমাদের সমাজের অনেক মানুষই ব্যতিক্রমী কিছু দেখলে অবুঝের মতো মন্তব্য করে ফেলে। তারা যে এ ধরনের আচরণ করে অন্যদের মনে কষ্ট দিচ্ছে, সেটি বুঝতে পেরেও এ থেকে আনন্দ গ্রহণ করতে চায়। এটি অবশ্যই একধরনের নিষ্ঠুরতা। আমাদের অবশ্যই এই আচরণগুলোর নিন্দা জানানো উচিত। তোমার জন্মের জন্য তুমি যেমন দায়ী নও, ঠিক তেমনি কিছু ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যের দায়ও কিন্তু তোমার নয়। তুমি তো সচেতনভাবে ও আন্তরিকতার সঙ্গে অন্য ছেলেদের মতো আচরণ করতে চেষ্টা করেছ। কিন্তু সেটি সম্ভব হয়নি। তোমার সবচেয়ে বড় ও প্রথম পরিচয় হচ্ছে, তুমি একজন মানুষ। কখনো সজ্ঞানে কোনো অন্যায়ও হয়তো করোনি। কাজেই অন্যেরা তোমাকে যা-ই বলুক না কেন, নিজেকে পুরোপুরি গ্রহণ করে নিয়ে সম্মান করতে পারলে খুব ভালো হয়। এই পৃথিবীতে অন্যদের মতো মাথা উঁচু করে পথ চলার এবং সব অধিকার পাওয়ার ক্ষেত্রে বাধাগুলো তাহলে তুমি অতিক্রম করতে পারবে। নিজেকে পরিবর্তন করার জন্য সার্বক্ষণিক প্রচেষ্টায় ব্যস্ত না থেকে তুমি তোমার অর্জনগুলো নিশ্চিত করো। তোমার মেধা, বুদ্ধি ও সৃজনশীলতা দিয়ে নিজেকে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করো। পরিবার সম্পর্কে তুমি কিছু লেখোনি। আশা করছি তাঁরা তোমাকে অন্তত অসম্মান বা অনাদর করছেন না। তোমাকে আমি অনুরোধ করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাঁচতলায় এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগে (ফোন নম্বর ০১৯৬৭৮৬৭৯৩৩) বা চারতলায় নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটে (ফোন নম্বর ০১৭৫৫৬৫৪৮৩৫) যোগাযোগ করে মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে। সহায়তা নিয়ে তুমি নিশ্চয়ই সব অন্ধকারকে সরিয়ে আলোর নিশানা খুঁজে পাবে।