নিজের মতো করে চালান জীবন
নিয়ম ভালো। কিন্তু অতিরিক্ত নিয়মের চাপে নাজেহাল হওয়া ভালো নয়। এই ব্যস্ত জীবনে কাজের চাপ থাকবেই। কোনো দিন হয়তো কাজের চাপ বেশি থাকে, কোনো দিন কিছুটা কম। তাই পরিবেশ ও পরিস্থিতি অনুসারে দিনের একটা ছক বা কাজের নিয়ম করে নেওয়া জরুরি। খেয়াল রাখতে হবে, সময়টা যেন নিরুদ্বেগে কাটানো যায়।
শিশুদের ওপর সময় মেনে চলার চাপ তৈরি করেন মা-বাবা। নিজেদের স্বপ্নপূরণের জন্য তাঁরা সন্তানদের বাড়তি চাপ দেন। এতে শিশুদের শৈশব হারিয়ে যায়। মার্কিন মনস্তত্ত্ববিদ জ্যাক ব্লক ১০০ জন শিশুর ওপর মাইলফলক একটি জরিপ চালিয়েছেন। প্রায় তিন দশক ধরে তিনি তাদের পর্যবেক্ষণ করেছেন। দেখা গেছে, অতিরিক্ত নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যারা বড় হয়েছে, তারা সবকিছু খুব নিখুঁতভাবে করতে চায়। আর এটা করতে গিয়ে মানসিক ও শারীরিক চাপের মধ্যে দিন কাটায়। অনেক সময় মনস্তাত্ত্বিক জটিলতাও তৈরি হয়। এ ক্ষেত্রে নিয়মের বেড়াজালে বন্দী হয়ে পড়ে তাদের জীবন।
মনস্তাত্ত্বিক জ্যাক ব্লক এ কথাও বলছেন, আত্মনিয়ন্ত্রণ কম থাকলে মানুষ আবেগপ্রবণ হয়ে থাকে। সহজেই বিপথগামী হয়। ঝুঁকি নিতে থাকে। তাই নিজের মতো করে নিয়মানুবর্তিতা মানা জরুরি। প্রত্যেক মানুষের পরিস্থিতি ও প্রত্যাশা অনুসারে নিয়মানুবর্তিতা তৈরি করার পক্ষে এই মনস্তত্ত্ববিদ।
শিক্ষক আলফি কোহন বলছেন, যখন কোনো শিশুকে কেবলই পড়াশোনা ও পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হয়, তখন তার কাছে পুরো সময়ই চাপমূলক বলে মনে হয়। কিন্তু সে যদি নিজের মতো করে নিয়ম তৈরি করে ও পড়াশোনা করে, তাহলে ভার কিছুটা লাঘব করা যায়। নিরুদ্বেগে পড়াশোনাও করতে পারে।
এ ব্যাপারে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন গার্ডিয়ানের সংবাদকর্মী অলিভার বার্কম্যান। কাজের চাপ বেশি থাকলে তিনি গুরুত্ব অনুসারে পরিকল্পনা করেন। সেদিন সাধারণত অন্যদিনের চেয়ে এক ঘণ্টা আগে ঘুম থেকে ওঠেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে সময় কম দেন। তবে পাঁচ ঘণ্টার বেশি কাজ না করার চেষ্টা করেন। এতে তিনি মানসিক চাপে কম ভোগেন। এতে সহজে কাজটি করতে পারেন।
একটি বিষয় মাথায় রাখলে নিয়মানুবর্তিতা চাপে পরিণত হয় না। তা হলো কোনো কাজ একবার শুরু করলে অসমাপ্ত অবস্থায় ফেলে না রাখা। যেকোনো কাজ সময়মতো শেষ করার সহজ শর্তটি মেনে চলা জরুরি। এতে উদ্বেগ ও চাপ ছাড়াই কাজ করা যায়। নিয়ম তখন আর বোঝা হয়ে দাঁড়ায় না। গার্ডিয়ান অবলম্বনে