নিজের যত্ন করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স ৫০ পেরোলেও অভিনয়শিল্পী কুমকুম হাসান নিজেকে ফিট রাখতে করেন নিয়মিত ব্যায়াম। ছবি: কবির হোসেন
বয়স ৫০ পেরোলেও অভিনয়শিল্পী কুমকুম হাসান নিজেকে ফিট রাখতে করেন নিয়মিত ব্যায়াম। ছবি: কবির হোসেন

স্বামী-সন্তান-সংসার নিয়ে তো ভাববেনই। নিজের বয়স ৪০ পেরিয়েছে। এখন একটু নিজের দিকেও তাকান। চিকিৎসকের দ্বারে দ্বারে না ঘুরে জীবনযাপনে পরিবর্তন আনুন। দেখবেন, এখনো কেমন ফিট

‘চল্লিশে পা রেখেছি। দুই সন্তানের মা হয়েছি, বিয়ের বয়সও এক যুগ পেরিয়ে গেল। এখন আর কত ফিট থাকব? এখন তো টুকটাক রোগবালাই হওয়ারই কথা, ভাঁজ পড়ার কথা ত্বকে, চেহারায় পড়বে বয়সের প্রলেপ।’ গড়পড়তা বাঙালি নারীদের ভাবনা এ রকমই। একই বাড়িতে আবার ভিন্ন চিত্র। একই বয়সের বা আরেকটু বেশি বয়সের স্বামী কিন্তু ঠিকই টি-শার্ট, কেডস পরে সকালে হাঁটতে বের হচ্ছেন। নিয়ম করে শরীর চেকআপ করাচ্ছেন। স্ত্রী নিজে উদ্যোগী হয়ে স্বামীকে হয়তো তাঁর রুটিন মানায় সাহায্য করছেন। কিন্তু নিজে রুটিন মানছেন না,খাবারের বেলায় একটা কিছু খেয়ে নিলেই হলো। বয়সের সঙ্গে সঙ্গে দুধ, ফলমূল খাওয়াতেও অনীহা।আর বাইরে হাঁটতে যাওয়া? হাস্যকর! সকালটা তো বাচ্চাদের স্কুল-অফিস-টিফিন—সব মিলে যাচ্ছেতাই। বিকেলে চিন্তা, এবার ওরা ঘরে ফিরবে, অফিসের কাজটা সময়মতো শেষ করতে হবে। দিনমান অন্যের কথা ভেবেই যে দিন গেল। কিন্তু আপনার কথা ভাবে কে?

একলা চলো রে
বেশ, আপনার কথা কে ভাবল না ভাবল, তা নিয়ে অভিমান করার দরকার নেই। বরং নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকেই উদ্যোগী হতে হবে। মা সুস্থ থাকলে পুরো পরিবার সুস্থ থাকে। এটি মনে রাখতে হবে। বয়স যখন চল্লিশের কাছাকাছি পৌঁছায়, তখন পুরুষের মতো নারীরও হতে পারে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হূদেরাগের মতো সমস্যা। কিছু রোগ আছে, যা প্রধানত বা কেবল মেয়েদেরই হয় এবং একটু সচেতনতার মাধ্যমে তা ঠেকানো যায়। যেমন অস্টিওপোরোসিস। মেনোপজের কাছাকাছি সময়ে শুরু হয়ে যায় নারীদের হাড় ক্ষয়, কেননা এই সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা নেমে আসতে থাকে তলানিতে, যথাযথভাবে এর প্রতিরোধ না করতে পারলে বয়সকালে কোমর বা হাতের কবজি ভাঙা, হাড়ব্যথা ও নানা সমস্যায় পড়তে হয়। ৩৫-এর পরই বেড়ে যায় স্তন ক্যানসারের ঝুঁকি, বিশেষ করে কারও যদি পারিবারিক ইতিহাস থাকে। আর স্তন ক্যানসার হলো এমন একটি রোগ, যা সময়মতো নির্ণীত হলে সফল চিকিৎসা সম্ভব। জরায়ুমুখে সংক্রমণ বা ক্যানসার বা প্রস্রাবে সংক্রমণ, যোনিপথে ছত্রাক সংক্রমণ ইত্যাদি একান্তভাবেই নারীর সমস্যা। বেশির ভাগ ক্ষেত্রেই নারীরা এসব রোগ পুষে রাখেন বা পাত্তা দেন না। যখন রোগটা ফুলে-ফেঁপে বড় হয়ে ওঠে, জটিল আকার ধারণ করে, তখনই কেবল বাধ্য হয়ে চিকিৎসকের কাছে যেতে হয়।আর তখন দেখা যায় দেরি হয়ে গেছে অনেক। কিন্তু রোগবালাই হওয়ার আগেই যদি একটু সচেতন হওয়া যায়, নিজের যত্ন নেওয়া যায়, তবে ভোগান্তি কমানো যায় অনেকটাই।

খেতে হবে ফলমূল
খেতে হবে ফলমূল

আসুন, নিজের দিকে তাকাই
আমাদের দেশে মেয়েদের খাদ্যাভ্যাস খুবই খারাপ—এ প্রসঙ্গে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাত। ‘অনেকেই ভালো ও স্বাস্থ্যকর খাবারটা তুলে রাখেন স্বামী-সন্তানের জন্য, নিজেরা অনেক সময় সন্তানের উদ্বৃত্তটাও খেয়ে ফেলেন। যাঁদের অভাব নেই তাঁরাও সচেতন নন।খাবারের সময়সূচিও মানা হয় না। সন্তান হওয়ার পর যে ওজন বাড়ে, তা আর কমানোর চেষ্টাই করেন না অনেকে।’ মধ্য বয়সে যে নারীরা পৌঁছেছেন, তাঁদের জন্য চিকিৎসক আরাফাতের পরামর্শ হলো—সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। সময়মতো ও পরিমিত খান। খাদ্যতালিকায় যেন শাক-সবজি, ফলমূল, আঁশ, দুধ ও দুগ্ধজাত দ্রব্য থাকে, খেয়াল করুন। উচ্চতা অনুযায়ী সঠিক ওজন বজায় রাখুন। সারা দিনের মধ্যে হাঁটা বা ব্যায়ামের জন্য অন্তত আধ ঘণ্টা সময় বের করে নিন। বছরে অন্তত একবার চিকিৎসকের কাছে গিয়ে নিজের ওজন, রক্তচাপ, রক্তে শর্করা, চর্বি ইত্যাদি পরীক্ষা করে নিন। শরীর খারাপ বা রোগের উপসর্গকে অবহেলা করবেন না, পরিবারের অন্য কারও অসুখ হলে যেমন চিকিৎসকের কাছে ছুটে যেতেন, নিজের বেলায়ও তা-ই করেন না কেন!

৫৩ বছর বয়সেও সুস্বাস্থ্য আর ফিটনেস অটুট রেখেছেন অভিনয়শিল্পী কুমকুম হাসান। এ সম্পর্কে তিনি বলেন, ‘একজন নারী একজীবনে অনেক কাজ করেন, এত দায়িত্ব পালন করেন যে সব বয়সেই তাঁর ভালো থাকা বা ফিট থাকাটা খুব জরুরি।’জীবনের শেষ পর্যন্ত আমি কর্মক্ষম, সচল ও প্রাণবন্ত থাকতে চাই—এ কথাটা কেবল নিজের জন্য নয়, প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ভালো থাকার জন্য জরুরি হলো একটা সুন্দর ও সুষম খাদ্যাভ্যাস, যাতে চর্বিযুক্ত খাবারের পরিবর্তে বেশি থাকবে সবজি বা ফলমূল, ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার আর অবশ্যই দুধ। কেননা, এ বয়সেই শুরু হয়ে যায় হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস।

এ ছাড়া যে যাঁর নিজের পদ্ধতিতে নিয়মিত কায়িক শ্রম বা ব্যায়াম করবেন, যাতে ক্যালরি ক্ষয় হয়। কেউ ইচ্ছা করলে একটু স্ট্রেচিং করে নেবেন সময় পেলে, কেউ যোগ বা আসন করতে পারেন। নিজের ত্বকের পরিচর্যা, একটু গান শোনা বা সিনেমা দেখতে পারেন। নিজেকে নিয়ে ভাবুন। নিজের সঙ্গে সময় কাটান। তাহলেই দেখবেন, বয়স আপনাকে কাবু করতে পারছে না।