
অফিস ক্যানটিনে বসে এক সহকর্মীর সঙ্গে এক দুপুরের খাবার খাচ্ছিলেন তাসমিয়া (ছদ্মনাম)। হঠাৎ তাঁর বস এসে পড়েন সেখানে। তাসমিয়াকে দেখেই বলতে থাকেন, ‘অফিসটা গল্প বা আড্ডা দেওয়ার জায়গা না।’ এরপর চাপানো হতে থাকে কাজ না পারার অভিযোগ। সহকর্মীর সামনে বসের তাৎক্ষণিক এই আচরণে বেশ বিব্রত তাসমিয়া। তখনই চাকরিটা ছেড়ে দিতে ইচ্ছা হয় তাঁর। তাসমিয়া বলেন, ‘তবে যখন সহকর্মীদের কাছ থেকে শুনতে পেলাম একটা পারিবারিক কারণে মেজাজ খুব বিগড়ে আছে বসের। তখন রাগটা পড়ে গিয়েছিল।’
দিন দিন বেড়েই চলছে পারিবারিক বা সামাজিক জীবনের ব্যস্ততা। কখনো দেখা যায় ব্যক্তিগত কিংবা পারিবারিক কোনো কারণে মনটা হয়তো খুব বিক্ষিপ্ত হয়ে আছে। সেই মুহূর্তে নিজের অজান্তেই অন্য কারও ওপর সেই রাগ ঝাড়া হয়। তখন না বুঝলেও পরমুহূর্তে মনে হতে পারে, এই আচরণ করা একেবারেই ঠিক হয়নি। নিজের ভেতরেই তখন অনুতাপ হতে থাকে। মনোরোগ বিশেষজ্ঞ মেখলা সরকার বলেন, এই ধরনের পরিস্থিতিতে ঘটলে যাঁর সঙ্গে বাজে আচরণ করা হয়, মেজাজ কিছুটা ঠান্ডা হলে তাঁর কাছে দুঃখ প্রকাশ করাটাই হবে বুদ্ধিমানের কাজ।
সাধারণত ঘরে বা বাইরে কোনো নেতিবাচক পরিস্থিতির সামনে পড়লে আমাদের আবেগেও সেটির প্রতিক্রিয়া হয়। তখন অনেক সময়ই নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না আমাদের। অন্য কোনো ব্যক্তিকে অপমান বা ছোট করার মধ্যেই যেন কেমন একটা আত্মতৃপ্তি খুঁজে পায় মন। মেখলা সরকার বলেন, কোনো বিষয়ে মন এমন বিক্ষিপ্ত হয়ে পড়লে প্রথমেই কারণটা আগে খুঁজে বের করতে হবে। কারণটা যদি ছোটখাটো হয়ে থাকে যেমন বাড়িতে কাজের বুয়া না এলে, অথবা দীর্ঘ সময় রাস্তায় যানজটে আটকে থাকলে মেজাজটা দেখা যায় আপনা-আপনিই খারাপ হয়ে পড়ে। সে সময়টা মনকে অন্যদিকে প্রভাবিত করার পরামর্শ দিলেন এই মনোরোগ বিশেষজ্ঞ। যেমন এই ধরনের সমস্যার মধ্য থেকে ইতিবাচক বিষয়গুলো নিয়ে ভাবতে পারেন। যেমন ঘরের কাজগুলো করতে করতে ভাবলেন যে এতে শরীরের ব্যায়াম হচ্ছে বা যানজটে আটকে থাকলে শুনতে পারেন গান। এদিকে মেজাজ বিক্ষিপ্ত হওয়ার কারণটা যদি পারিবারিক বা কর্মক্ষেত্রের হয়, সে ক্ষেত্রে যার কারণে এটা হচ্ছে, তার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। এতকিছুর পরও রাগটা যদি অন্যের ওপর ঝেড়েই ফেলা হয়, তবে যাঁর সঙ্গে এই ধরনের আচরণ করা হচ্ছে, তাঁকে উত্তেজিত হলে চলবে না। বরং তাঁর আচরণে সংযত হতে হবে। বুঝতে হবে, এটা কোনো স্বাভাবিক মানুষের আচরণ নয়। আর এতে যে ব্যক্তি এ ধরনের আচরণ করবেন, তিনি কিছুটাও হলেও তাঁর ভুল বুঝতে পারবেন।