‘নেতৃত্ব প্রদান হলো কোনো একটি মহৎ উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। যে নেতৃত্ব প্রদান করে সে খুঁজে বের করে মহৎ একটি উদ্দেশ্যকে। নেতা হিসেবে তাকে ভবিষ্যতকে জানতে হবে, বুঝতে হবে বর্তমানকে। সে যখন তার নিজের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী হয় এবং তাকে বাস্তবে রূপ দেয় তখন মানুষ অনুপ্রাণিত হয় তার সঙ্গে সেই লক্ষ্যকে বাস্তব রূপ দিতে।’ বলছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক তথ্য কর্মসূচির সমন্বয়ক ডন ম্যাকল। কিছুদিন আগে ডন ম্যাকল বাংলাদেশে প্রথমবারের জন্য এসেছিলেন ঢাকার ধানমন্ডিতে এডওয়ার্ড এম কেনেডি সেন্টার উদ্বোধন এবং পরিচালনাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে। নানা কর্মসূচির মধ্য দিয়ে তিনি মধ্যাহ্নভোজে কথা বলেন বাংলাদেশের সম্ভাবনাময়ী তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। তরুণদের সঙ্গে আমরাও শুনি তাদের স্বপ্নের কথা, স্বপ্নপূরণে চ্যালেঞ্জের কথা, চ্যালেঞ্জ মোকাবিলার কথা। পরে কথা হয় আমাদের সঙ্গে। প্রথম আলোকে জানান কীভাবে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হয়। শেয়ার করেন তাঁর অভিজ্ঞতার কথা।সাংবাদিকতার পড়া শেষ করে ১৯৮১ সালে ডন ম্যাকল জর্জিয়ার আটলান্টায় একটি টেলিভিশন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হন। জিমি কার্টার প্রশাসনে ক্ষুদ্র ব্যবসা এবং গণযোগাযোগের বিভিন্ন জায়গায় কাজ করেছেন। ডিসকোভারি নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের সঙ্গে ছিলেন ১৯৯৯ থেকে ২০০৭। এছাড়া বেশ কিছু বিখ্যাত টেলিভিশনের ব্যবস্থাপনা পর্ষদে ছিলেন ডন ম্যাকল। ইন্ডাস্ট্রি ট্রেড পাবলিকেশনের নির্বাচিত ২০ জন প্রভাবশালী আন্তর্জাতিক টেলিভিশন ব্যবস্থাপনায় সফল ব্যক্তিত্বদের মধ্যে একজন তিনি।‘আমি বরাবরই চেয়েছি টেলিভিশনে কাজ করব। তাই পেশাজীবনের শুরু থেকেই সফলভাবে এ মাধ্যমে কাজ করতে সব ধরনের সুযোগকে কাজে লাগিয়েছে, নেটওয়ার্ক বৃদ্ধি করেছি, এ মাধ্যমের নির্দিষ্ট একটি ক্ষেত্রে মনোযোগী হয়েছি। আমরা অনেক কিছুই প্রত্যাশা করি—জীবনে এটা পেতে চাই, সেটি অর্জন করতে চাই। কিন্তু চাইলেই তো হলো না। বাস্তবে একে সম্ভব করতে নিজের সব প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে। নেটওয়ার্ক তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে সব ধরনের সব স্তরের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে।’ জানান ডন ম্যাকল। আমরা জানতে চাই তরুণদের উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার কৌশল কেমন হতে পারে। আমাদের দেশে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক বাধা পেরিয়ে একটি সামাজিক কোনো সংস্থা গড়ে তোলা রীতিমতো কঠিন ব্যাপার। কীভাবে একে প্রতিহত করা যেতে পারে। ডন ম্যাকল বললেন, ‘বিশ্বাস করতে হবে নিজের ক্ষমতাকে। বুঝতে হবে তোমার সমাজব্যবস্থাকে, যেখানে তুমি অবদান রাখতে চাও, আমূল পরিবর্তন আনতে চাও। সমাজের কোন দিকটিতে তুমি নেতৃত্ব দেবে, সেটি উপলব্ধি করতে হবে। এর মধ্য দিয়ে নিজেকে খুঁজতে হবে। এরপর খুঁজে দেখো তোমার মতো সমাজে আর কারা এমনটা ভাবছে। তাদেরকে নিয়ে এগিয়ে চলো। অন্যদের জানাও কেন এ ক্ষেত্রে পরিবর্তন আনতে তুমি আগ্রহী। তুলে ধরো তোমার যুক্তিগুলো। সময় কম না-ও। এক বাক্যে গুছিয়ে বলো। নেটওয়ার্ক বৃদ্ধি করো। তোমার উদ্দেশ্যের সঙ্গে মিলে এমন অন্য সংস্থাগুলোতে টেনে না-ও নিজের পথে। এরপর নির্ধারণ করো সমাজের কোন এলাকা থেকে তুমি কাজ শুরু করবে। বেছে না-ও তোমার এলাকা এবং প্রতিবেশী এলাকাগুলো। তারপর শহর এবং পুরো সমাজ। সফল তুমি হবেই। সফলতাই তোমাকে আরও বৃহৎ সফলতা অর্জন এগিয়ে নিয়ে যাবে।’ ‘আমি যখন ডিসকোভারি নেটওয়ার্কস ইন্টারন্যাশনালে যুক্ত হই, তখন এটি অনেক ছোট একটি প্রতিষ্ঠান ছিল। আমি মনে হয়, তখন ৪৭তম কর্মচারী হিসেবে কাজ শুরু করি। ২০০৭ সালে আমি যখন প্রেসিডেন্ট পদ ছেড়ে চলে আসি, তখন সেখানে কর্মরত ছিল প্রায় পাঁচ হাজার। ছোট একটি প্রতিষ্ঠান থেকে বড় ও সফল প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজন ছিল দৃঢ় নেতৃত্বের। সেই সময়টি আমি নেতৃত্ব দেওয়ার কৌশলগুলো শিখেছি। কীভাবে নিজের লক্ষ্য পূরণের সঙ্গে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হয়। আমি বলব না এ রূপান্তরের জন্য আমাদের প্রচেষ্টাগুলো সহজ ছিল, না কঠিন ছিল। আমি বলব সফল হওয়ার জন্য অনেক কিছু করে যেতে হয়। প্রয়োজন সঠিক শিক্ষা ওই বিষয়ে। যা আমাদের নিজের কৌশল তৈরিতে সহযোগিতা করে।’