নিজের স্টাইলে হকির কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি খেলে কেটেছে ২১ বছর। খেলার পাশাপাশি আলোচিত ছিল তাঁর নিজস্ব স্টাইল। মাথায় ব্যান্ড অথবা গলায় স্কার্ফ। ফ্যাশনেবল এই ব্যক্তিটি হলেন হকি খেলোয়াড় রফিকুল ইসলাম। খেলার জগতে যিনি পরিচিত কামাল নামেই।কামাল জাতীয় দলে খেলেছেন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত। খেলেছেন আজাদ স্পোর্টিং ক্লাব, ঊষা ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাবে। খেলার সময়ে ব্যাগ, কেডস থেকে শুরু করে সব সামগ্রী ব্যবহার করতেন অ্যাডিডাসের। পোশাকের মধ্যে পাজামা-পাঞ্জাবিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কামাল বলেন, ‘পুরান ঢাকার বাসিন্দা আমি। এখানে পাজামা-পাঞ্জাবি কম-বেশি সবাই পরেন। সাদা রং ভালো লাগলেও উজ্জ্বল রঙের পাঞ্জাবি বেশি পছন্দ করি। তবে পাঞ্জাবির নকশায় বেশি কাজ আমার পছন্দ না। পাঞ্জাবিতে হালকা কাজ থাকতে পারে। খেয়াল রাখি এর ফিটিংসটা ঠিক আছে কি না।’পাঞ্জাবিটা বেশি কেনা হয় রিনা লতিফ, আর্টিস্টি, ইয়োলো বা চন্দন থেকে। সঙ্গে পরেন আলীগড় পাজামা। টি-শার্টের সঙ্গে পরেন জিনস প্যান্ট। টি-শার্টে গোল বা ভি-কাটের গলাকে প্রাধান্য দেন।নানা রঙের অনেক স্কার্ফ আছে তাঁর। সেসব মিলিয়েই পরেন পোশাকের সঙ্গে।জুতাটাও পরেন টি-শার্ট বা শার্টের সঙ্গে মিলিয়ে। শার্টের ভেতরে চেকটা বেশি পরা হয় বলে জানান এই খেলোয়াড়। সেটা হওয়া চাই সুতির।হাতে পরেন চার কোণা রুপালি রঙের ঘড়ি। নেক্সট ও ক্রেডেনস ব্র্যান্ডের ঘড়ি পছন্দ করেন বেশি। এ ছাড়া বিশেষ কোনো অনুষ্ঠানে গেলে পরেন স্যুট-টাই। সব মিলিয়ে যেখানে যেমন সাজ, সেখানে সেভাবেই নিজেকে তুলে ধরেন।চুলটা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। জন্মগতভাবেই চুলটা বড্ড বেয়াড়া তাঁর। শেষমেশ বন্ধু ফয়সালের (মডেল) মতো চুলটাকে সাজিয়েছেন। বাইরে যাওয়ার আগে ব্যবহার করেন সুগন্ধি। হুগো বস, ইসে-মিয়াকে, আরমানি ও সিকের সুগন্ধি তাঁর ভালো লাগে। চোখে পরেন চশমা। সেখানেও আছে নিজস্ব একটা পছন্দের ছাপ। এখন পারিবারিক ব্যবসার পাশাপাশি যুক্ত আছেন ঊষা ক্রীড়া চক্রের হকি দলের ব্যবস্থাপক হিসেবে। পরিবার, ব্যবসা আর খেলার দুনিয়া—এ নিয়েই এখন চলছে হকি খেলোয়াড় কামালের একেকটা দিন।