নিজের হাতেই গড়ো নিজের গল্প: অমিতাভ বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্রশিল্পী অমিতাভ বচ্চনের জন্ম ১৯৪২ সালের ১১ অক্টোবর। যুক্তরাজ্যের মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ের ২০০৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের সময় তিনি এই বক্তব্য দেন।শুভ সন্ধ্যা জানাই মঞ্চের সামনে উপবিষ্ট সবাইকে। সেই সঙ্গে মঞ্চে রয়েছেন যাঁরা তাঁদেরও। ডি মন্টফোর্ট ইউনিভার্সিটিতে আসতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আমাকে এখানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করতে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যকে। তাঁরা যখন আমাকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়ার কথা জানালেন, তখন তা শুনেই আমার মনে সর্বপ্রথম যে প্রশ্নের উদয় হয়েছিল তা হলো, ‘আমি কি ডিগ্রি পাওয়ার যোগ্য?’ প্রথমে আমার মনে হলো, ‘হ্যাঁ, এটা আমার প্রাপ্য।’ কিন্তু পরক্ষণেই মনে হলো, ‘আমি তো দিনের পর দিন কোনো গবেষণাকাজের সঙ্গে যুক্ত ছিলাম না। তাহলে?’ এমন ‘হ্যাঁ’ আর ‘না’-এর মধ্যেই আটকে গিয়েছিলাম আমি।যা-ই হোক, এখন আমি আমার একান্ত ব্যক্তিগত কিছু অনুভূতি ভাগাভাগি করে নেব সবার সঙ্গে। ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ে থেকে এই ডক্টরেট ডিগ্রি পাওয়াটা আমার জন্য আসলে অনেক বড় কিছু। কারণ, এই বিশ্ববিদ্যালয় তার অনবদ্য শিক্ষাপদ্ধতি ও শিক্ষার্থীদের জন্য সুপরিচিত। এটা এমন এক বিশ্ববিদ্যালয়, যেখানে ঐতিহ্য আর নতুনের মেলবন্ধন ঘটেছে। পুরোনোর সঙ্গে আধুনিকতার মিশেল ঘটেছে এখানে। এটি যুক্তরাজ্যের গর্ব। এখান থেকে সৃষ্টিশীল শিক্ষার্থী তৈরি হয়।যত ধরনের সৃষ্টিশীল মাধ্যম আছে, তার মধ্যে সিনেমার মাধ্যমেই কোনো দেশের বা মানুষের সংস্কৃতি সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায় বলে আমি মনে করি। আমাদের দেশে সিনেমার স্থানটা অনেক উঁচুতে। সিনেমার মাধ্যমে সারা বিশ্ব আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। আমাদের দেশে একসময় সিনেমা মানে সবাই বুঝত যে এটা শুধু বিনোদনের মাধ্যম। কিন্তু আজ সিনেমা আর শুধু বিনোদনের মাধ্যমই নয়, ভারতীয় সিনেমা ভারতের ঐতিহ্যের কথা বলে, মানুষের কথা বলে।যা হোক, আজ আমার সামনে যারা বসে আছে, তারা সবাই তাদের জীবনের সবচেয়ে সুন্দর একটা দিন পার করবে আজকে। সবাই তাদের পরিশ্রমলব্ধ ডিগ্রি অর্জন করবে আজকে। পাঁচ-ছয় বছরের পরিশ্রমের ফল আজ তোমরা পাবে। অনেক বছর আগের কথা, আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আমার গ্র্যাজুয়েশন শেষ করছিলাম। আমি তখন বুঝতে পারছিলাম না, সামনের দিনগুলোতে আমি কী করব। সিনেমাতে আসার অনেক ইচ্ছে ছিল আমার। কিন্তু সে সময় এটা আসলে চিন্তা করাও আমার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু আমার প্রতি আমার পরিবারের অকুণ্ঠ সমর্থন, আর মহান স্রষ্টার ইচ্ছায় সবকিছু অন্য রকমভাবে হয়েছিল। আমি আমার জীবনের বড় সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমার বাবার সমর্থন পেয়েছি সব সময়। তিনি অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন। পরিবারের সমর্থনের চেয়ে বড় কিছু আর হতে পারে না। আর আমি অনেক ভাগ্যবান যে আজও আমার পরিবার সব সময় আমার পাশে থাকে।আমার মনে হয়, আমরা বাস করি অদ্ভুত এক জগতে, যেখানে সব সময় প্রতিযোগিতা লেগেই রয়েছে। আর এমন একটা পৃথিবীতেই তোমাদের বাস করতে হবে। এই পৃথিবীকেই নেতৃত্ব দেবে তোমরা। নেতৃত্ব দিতে গিয়ে অনেক বাধাবিপত্তি আসবে, এটা নিশ্চিত। কিন্তু কোনোভাবেই স্বার্থপরতার পথ বেছে নেওয়া যাবে না। কখনোই অপেক্ষা করে থেকো না যে নেতারা কখন পরিবর্তন নিয়ে আসবে। কারণ, এখন থেকে তোমরাই নেতা। পরিবর্তন আনার দায়িত্ব তোমাদেরই। তোমরা তরুণসমাজই নিয়ে আসবে পরিবর্তন। যেখানেই যাও না কেন, যেভাবেই থাকো না কেন—সব সময় সৃষ্টিশীল চিন্তাচেতনার মধ্যে থাকতে হবে। আমি তোমাদের উপদেশ দেব সব সময় চিন্তা করার জন্য। ভালো কিছু করার চিন্তাভাবনার মধ্যে থাকার জন্য। কারণ, এই ভালো চিন্তাই নিয়ে আসবে পরিবর্তন। কখনো সাহস হারাবে না। কখনো নিজের সংকল্প থেকে সরে আসবে না। নিজের কাছে যেটা ভালো মনে হয়, সেটার জন্য চেষ্টা করতে হবে সব সময়। নিজের যা নিয়ে পড়াশোনা করতে ইচ্ছে করে, সেটাকেই বেছে নিতে হবে। যখন নিজে সফলতার দেখা পাবে, তখন ভেবে দেখবে, যে ছোট ছোট কাজ সময়ের অভাবে করতে পারনি একসময়, সেগুলো তখন করা যায় কি না। আজ এখানে বসে অনেক কিছুকেই অবাস্তব বা অসম্ভব মনে হতে পারে; কিন্তু মনে রেখো, পৃথিবীতে তোমার নিজের জায়গা তোমাকেই করে নিতে হবে। তুমি নিজের জীবনকে এখন থেকে মনে করবে একটা সাদা কাগজ, যে কাগজে লেখার সুযোগ রয়েছে একমাত্র তোমারই এবং কী লিখবে, সেই সিদ্ধান্তটিও কিন্তু তুমিই নিতে পারো। অনেক স্বপ্ন, অনেক লক্ষ্য রয়েছে তোমার এবং এগুলোকে সফল, বাস্তব করতে পারো একমাত্র তুমিই। সাদা কাগজটিতে নিজের জীবনের গল্প নিজেই লেখো, জীবনটাকে সবচেয়ে সুন্দরভাবে লেখার সুযোগ কিন্তু তোমার হাতেই—সবার চেয়ে সেরা হওয়ার সুযোগটাও তোমার কাছেই আছে। ধন্যবাদ সবাইকে।সূত্র: ওয়েবসাইট। ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: ফয়সাল হাসান