নিঝুম দ্বীপ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামটা শুনেই যেন জাগে এক গা-ছমছমে অনুভূতি। এটা যেন ঠিক বেড়ানো নয়, অভিযান। অনেক প্রতিকূলতা উপেক্ষা করে তাই রওনা দিই সেই না দেখা গন্তব্যের উদ্দেশে। বাস ঠেঙিয়ে, সি-ট্রাকে ঢেউ আর ডাকাতের ভয় জয় করে নদী পেরিয়ে, এবড়োখেবড়ো রাস্তা অতিক্রম করে শেষ পর্যন্ত সত্যিই পৌঁছালাম নিঝুম দ্বীপে, কে বলবে আমরা অভিযাত্রী নই!‘নদীর একূল ভাঙে, ওকূল গড়ে, এইতো নদীর খেলা’ এ গানটিরই বাস্তব রূপ যেন এই নিঝুম দ্বীপ। নোয়াখালী জেলার হাতিয়ার দক্ষিণ-পশ্চিমে প্রায় দুই কিলোমিটার দূরে মেঘনার বুক চিরে জেগে ওঠা ছোট্ট একটি ভূখণ্ড, যা আমাদের সবার কাছে নিঝুম দ্বীপ নামেই পরিচিত। এই দ্বীপের জনবসতির প্রায় সবাই মেঘনায় ভূমি হারানো মানুষ। এর তিন দিকে বহমান মেঘনা নদী, আর একদিকে বঙ্গোপসাগরের মুখ। দ্বীপের এক পাশে আছে চোখজুড়ানো সবুজে ঘেরা বন, সেই বনের নীরবতা ভাঙে শুধু পাখিদের ডাকে আর পাতার ওপর পা ফেলার মড়মড় শব্দে। বনের বাসিন্দা অসংখ্য হরিণ, দ্বীপের অলংকার নামেই জানে তাদের সবাই। প্রায় ১০ কিলোমিটার লম্বা এই দ্বীপের প্রধান একটি মাত্র মাটির রাস্তা, চলাচলের মাধ্যম রিকশা এবং কিছু ভাড়ায় চালিত মোটরসাইকেল। দ্বীপে নেই কোনো বিদ্যুৎ। রাতে জ্বলে সোলার বাতি। সত্যি সব যেন নিঝুম। দ্বীপের মানুষগুলোর অধিকাংশই মৎস্যজীবী, স্থানীয় ভাষায় যাকে বলে ‘নদীর ব্যবসা’।হরিণে ভর্তি দ্বীপ, ঢাকা থেকে এমনটা শুনে গেলেও হরিণ দেখার জন্য অনেকটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। হরিণ দেখার উপযুক্ত সময় হলো সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়। এই সময়টায় শত শত হরিণ বন থেকে বের হয়ে আসে পানি খাওয়ার জন্য। তবে তাদের দেখা পেতে হলে অপেক্ষা করতে হবে নিঃশব্দে। হরিণ দেখার জন্য আমরা বের হয়ে গেলাম দিনের আলো ফোটার আগেই, সোয়াখালী বাজারের পাশে গহিন বনের দিকে। হরিণ দর্শনের গাইড হিসেবে পেলাম স্থানীয় সাত-আট বছরের একটি ছেলেকে। বনে ঢোকার পথেই এক আজব শব্দ কানে এল, জানলাম যে এটাই হরিণের ডাক। এত সুন্দর প্রাণীর আওয়াজ এমন!বনের ভেতর প্রায় দুই কিলোমিটার হেঁটে ছেলেটি আমাদের নিয়ে এল হরিণ দেখার জায়গায়। আমরা ঢাকাবাসীর কানে বনের ভেতরের শব্দটা শিহরণ জাগানোর মতো। চলার পথে পায়ের আঘাতে শ্বাসমূল ভাঙার শব্দ, আর হালকা পাখির কিচিরমিচির। এর মধ্যে নিজেদের শ্বাসের শব্দটাও যেন টের পাচ্ছি। এভাবে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর দেখা মিলল সেই হরিণের। শত শত হরিণ দল বেঁধে চলছে, তবে মানুষের অস্তিত্ব টের পেলেই নাই হয়ে যাচ্ছে।সন্ধ্যার দিকে চলে গেলাম নিঝুম দ্বীপের শেষ প্রান্তে, আরেক অজানা আকর্ষণ নামার বাজারের সমুদ্রসৈকতে। যেখানে প্রতিদিন সূর্যোদয় আর সূর্যাস্তের এক অপূর্ব রূপ দেখা যায়। রাত নামল গাঢ় নীরবতায়। শহরের জীবন, হইচই, কোলাহল সব যেন মনে হচ্ছে কোনো দূরের কথা। কোনো দিন কি থাকতাম ঢাকা শহরে!বাংলাদেশে এমন একটা অপূর্ব জায়গা আছে, যেখানে একসঙ্গে হরিণ আর সমুদ্রের দেখা মেলে। অথচ সেখানে নেই কোনো তার যত্ন। নিঝুম দ্বীপে যাওয়ার আর সেখানে থাকার জন্য নেই কোনো ভালো ব্যবস্থা।কীভাবে যাবেন? নিঝুম দ্বীপে যাওয়ার পথটা সহজ নয়। ঢাকা থেকে প্রথমে যেতে হবে নোয়াখালীর সোনাপুর, সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় হাতিয়ার চেয়ারম্যান ঘাটে, সি-ট্রাকে নদী পার হয়ে যেতে হবে তমরুদ্দি ঘাট অথবা উপজেলা সদর ওসখালী, সেখান থেকে জাহাজমারা ঘাট। তবে এই রাস্তাটা ভাঙাচোরা। সেখানে পৌঁছে ট্রলারে ১০ মিনিটের পথ এই নিঝুম দ্বীপ।