নিতে চাই প্রাণভরে শ্বাস
গুলশান লেকে যারা ময়লা পরিষ্কার করছিল, তারা সবাই শিক্ষার্থী। ময়লা পরিষ্কারের এই কাজটি যৌথভাবে করেছে তরুণদের তিনটি সংগঠন—হাউস অব ভলান্টিয়ার, ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ও টিম ফাইন্ডিং বাংলাদেশ। কচুরিপানা দিয়ে কাগজ তৈরির কাজও শুরু করেছে তারা।ঢাকার গুলশান লেকের পাশে রাসেলের বাড়ি। বাড়ির পাশে রাজ্যের ময়লা। ঘর থেকে বের হওয়ারও উপায় নেই। তীব্র দুর্গন্ধ এসে ঝাপটা মারে নাকে। দম বন্ধ হয়ে আসে। অনেকের রোগশোক লেগেই থাকে। কিছুদিন হলো রাশেদ ম্যালেরিয়ায় হারিয়েছে তার প্রিয় বোনকে। খুব কেঁদেছিল বোনটার জন্য। রাশেদের কষ্ট হয়। লড়াই করতে ইচ্ছে করে এই আবর্জনার বিরুদ্ধে। কিন্তু তা হয় না। রাসেল এতই ছোট আর অসহায় যে আবর্জনার স্তূপে হারিয়ে যায় তার কষ্ট আর ক্ষোভ। মাঝে মাঝে কিছু লোক আসে ময়লা পরিষ্কার করার জন্য। লেকের পাড় ধরে সামান্য কিছু ময়লা পরিষ্কার করে চলে যায় আবার। রাসেল তাই অপেক্ষা করে এমন সব মানুষের জন্য, যারা নিজের আগ্রহে এগিয়ে আসবে অসহায় মানুষের সাহায্যে। রাসেলের কপাল ভালো। এ অপেক্ষার পালা দীর্ঘ হয় না খুব একটা। ওয়াসেক, আদনান, ইমরোজ, দিয়ার মতো শ খানেক তরুণ নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন রাসেলের মতো অসহায় বাসিন্দাদের সাহায্যে। এই কাজের শুরুটা মাস ছয়েক আগে। একদিন আদনান, এম এস ফকির ও সরদার ইমরোজ তাদের পরবর্তী প্রজেক্ট কী করা যায় তা নিয়ে আলাপ করছিলেন। হাঁটতে হাঁটতে তাঁরা চলে আসেন গুলশান লেকের ধারে। তখনই ভাবনাটা আসে মাথায়। নিজেদের সংস্থা হাউস অব ভলান্টিয়ারের সদস্যদের নিয়ে স্বল্প পরিসরে কাজ শুরুর চিন্তা করেন তাঁরা। পরে আদনান এই ভাবনার কথা জানান দিয়া ও ওয়াসেককে। ফেসবুকেও আলোচনা হয় এসব নিয়ে। এ কথা সব জায়গায় ছড়িয়ে পড়লে বেশ কিছু উৎসাহী তরুণ-তরুণী এসে যোগ দেন আদনান আর ওয়াসেকদের সঙ্গে। তাঁদের নিয়েই গঠিত হয় টিম ফাইন্ডিং বাংলাদেশ। হাউস অব ভলান্টিয়ার, ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ও টিম ফাইন্ডিং বাংলাদেশ একসঙ্গে কাজ শুরু করে।অনেক পরিকল্পনার পর সবাই ঠিক করেন, গুলশান ও বনানীর দূষিত লেকগুলো পরিষ্কারের কাজে নেমে পড়বেন তাঁরা। এলাকার বাসিন্দাদের মতামত নেওয়া হয় এ বিষয়ে। শুরুতে অর্থ খুব বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। সাহায্যের জন্য এগিয়ে আসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর প্রায় দেড় শ তরুণ নেমে পড়েন কাজে।‘আমরা লেক পরিষ্কার করার আগে ছোটখাটো একটা প্রশিক্ষণের আয়োজন করি। সবার আগ্রহে সবকিছু ভুলে আমরা লেক পরিষ্কারের কাজে নেমে পড়ি। যে ছেলে বা মেয়েটা এর আগে সামান্য ময়লা দেখলেও এড়িয়ে যেত, তাদেরও এদিন দারুণ উৎসাহ নিয়ে কাজ করতে দেখেছি।’ বলছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজের শিক্ষার্থী ওয়াসেক হোসেন। নৌকা নিয়ে লেকের মাঝখানে গিয়েও করা হয়েছে আবর্জনা পরিষ্কার। এলাকার লোকেরাও এগিয়ে এসেছিল সাহায্যের জন্য। প্রায় ৬০০ বস্তা ময়লা পরিষ্কার করা হয় সেদিন। ওয়াসেক হোসেন আরও বলছিলেন, ‘আমরা দূষিত লেকের পাশে কাজ করতে গিয়ে দেখেছি, সেখানে বিশাল জায়গাজুড়ে কোনো ডাস্টবিন নেই। আমরা চাই ওই এলাকায় একটি গারবেজ ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে, সবাইকে যেখানে-সেখানে ময়লা না ফেলার ব্যাপারে সচেতন করে তুলতে।’এই উদ্যমী তরুণেরা এখানেই থেমে থাকেননি। কচুরিপানা দিয়ে কাগজ তৈরির কাজ করছেন তাঁরা। এর উদ্দেশ্য রিসাইকেল্ড কাগজ দিয়ে কিছু মানুষের জীবিকা নির্ধারণের পথ খুঁজে বের করা। এরই সূত্র ধরে এই সংস্থার তরুণদের শেখানো হয়েছে কচুরিপানা দিয়ে কাগজ বানানোর কলাকাৈশল। ইতিমধ্যে ২০০ রিসাইকেল্ড কাগজ তৈরি করেছেন তাঁরা। কাগজ তৈরির এই পদ্ধতিকে আরও উন্নত করে বড় আকারে কাজ করার ইচ্ছা তাঁদের। বস্তির নারীদের কাগজ তৈরির ব্যাপারে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। দারুণ সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এই তরুণেরা। কঠোর পরিশ্রমে দ্বিধা নেই তাঁদের। প্রয়োজন শুধু পর্যাপ্ত অর্থ আর যথাযথ প্রশিক্ষণ। এ দুটো পেলেই নিজেদের কাজগুলো এগিয়ে নেওয়া যাবে দ্রুত।