
দৈনন্দিন জীবনে ব্যবহার্য সামগ্রী নিয়ে শিল্প প্রদর্শনী অ্যাপ্লাইড আর্ট ফেস্টিভ্যাল শেষ হলো ৪ জানুয়ারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল ১০৫ জন শিক্ষার্থীর ১৫০টি কাজ। মূলত ব্যবহারিক শিল্পের এই প্রদর্শনীতে শিক্ষার্থীরা বোতাম, উলের সুতা, প্লাই উড, বোর্ড, কাপড়, পুঁতি, কম্পিউটার প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, পুরোনো কাগজ, কাচ, চামচ ও আয়না ব্যবহার করে শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
গত ২৯ ডিসেম্বর প্রদর্শনীর উদ্বোধনী দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য শিরীণ আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী ও চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন।
এই প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা ব্যবহারিক বস্তুকে দৃষ্টিনন্দন রূপে উপস্থাপনের পাশাপাশি তার নানা শিল্পভাষ্যও তৈরি করেছেন। চারুকলা ইনস্টিটিউটে প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনী দর্শকের প্রশংসাও কুড়িয়েছে।
প্রদর্শনীতে নানা রঙের বোতাম দিয়ে শিল্পী রশিদ চৌধুরীর প্রতিকৃতি তৈরি করেছেন শিক্ষার্থীরা। এই প্রতিকৃতির একটু সামনেই স্থাপন করা হয়েছে একটি নারীর অবয়ব। পুরোনো খবরের কাগজ কেটে এই শিল্পকর্ম করেছেন সালাউদ্দিন নয়ন। নান্দনিক এই উপস্থাপনাটিকে অ্যাপ্লাইড আর্টের একটি আদর্শ উদাহরণ বলা যেতে পারে।
গ্যালারির তৃতীয় তলায় অ্যানিমেশনে করা একটি শিল্পকর্ম দর্শকদের নজর কেড়েছে। ৩৪ সেকেন্ডের এই অ্যানিমেশনে দেখা যায় ভাজা মটরের একটি প্যাকেট হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে আসছে। একটি হাত প্যাকেটটিকে ধরতে চাইলে সেটি হাত থেকে বাঁচতে বিভিন্ন ধরনের কসরত প্রদর্শন করছে। একসময় প্যাকেটটি ঠিকই ধরা দেয় হাতের মুঠোয়। বিজ্ঞাপনের প্রচলিত ভাষা শিল্পে প্রয়োগ করেছেন রাতুল চন্দ দাশ। প্রদর্শনীতে গৃহ ও অন্দর সজ্জা, আসবাব ও কারখানার নকশার উপস্থাপন ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রদর্শনী দেখতে দেখতে মনে হয়েছে বিপণন, বিজ্ঞাপন ও জীবনযাপনের সঙ্গে জড়িয়ে থাকা বস্তুর শিল্প দর্শন তুলে আনতে চেয়েছেন নবীন শিল্পীরা।