নিত্যদিনের ছোট্ট ব্যাগ
বাইরে বের হলেই সূর্যের গনগনে আঁচ টের পাওয়া যাচ্ছে। তাই বলে বের হওয়া বন্ধ থাকবে না। কিছুটা প্রস্তুতি নিয়ে বের হলে গরম মোকাবিলা করা যায় সহজেই।‘গরম আবহাওয়া শরীরে ক্লান্তি এনে দেয়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। সে জন্য সাজসজ্জার পাশাপাশি কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিতে ভুলবেন না।’ বলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ মোরশেদা বেগম। তিনি জানান, বিশেষ করে শিশু সঙ্গে থাকলে বেরোনোর আগে সামান্য প্রস্তুতি নিতেই হবে। রোদ থেকে রেহাই পেতে বেরোনোর আগে সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করুন। ছোট কোনো বোতলে সঙ্গেও রাখুন। তিন ঘণ্টা পরপর মুখ পরিষ্কার করে ব্যবহার করুন। এ ছাড়া রোদচশমা রাখতে ভুলবেন না। মুখ পরিষ্কার করতে ক্লিনজার, ক্লিনজার ওয়াইপস ছোট্ট ব্যাগে রাখা প্রয়োজন। অফিস বা বাইরে থাকলে একবার ভালোভাবে মুখ পরিষ্কার করা সহজ হবে। সম্ভব হলে রুমালে পাউডার নিয়ে তা ব্যাগে রাখতে পারেন। সুগন্ধ ছড়াবে। এ ছাড়া সুগন্ধির ছোট শিশিও রাখা যেতে পারে। ব্যাগ ছোট-বড় যেমনই হোক না কেন, পানির বোতল অবশ্যই নেওয়া উচিত। তা না হলে ঘামের কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। আর বাইরের পানি খেলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। ব্যাগে ছোট্ট হাতপাখা রাখতে পারেন। এ ছাড়া চিরুনি, ছোট আয়না, ওয়েট টিস্যু, কমপ্যাক্ট পাউডার, লিপস্টিক, লিপগ্লস ও কাজল রাখবেন। বেরোনোর পর সাজগোজ অগোছালো হলে নিজেকে গুছিয়ে নিতে পারবেন। সঙ্গে শিশু থাকলে তার জন্য বাড়তি কাপড়, স্যান্ডেল ও ঘাম মুছে দিতে নরম কাপড় অবশ্যই সঙ্গে রাখুন। রোদ থেকে বাঁচতে একটা ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন। সরাসরি সূর্যের তাপ থেকে বাঁচতে মাথায় টুপি ব্যবহার করুন।