
পেটের সমস্যায় ভুগছিলেন আমিন ভাই। তাই ভূমিকম্প হওয়ার সময় তিনি ভাবলেন তাঁর শরীর অতিমাত্রায় দুর্বল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেন। চারদিকে হইচই শুনে হলের আরেক ছেলে মনে করল হয়তো কোনো হাঙ্গামা বেধেছে। তাই রুমের দরজা আটকে দেওয়াই বুদ্ধিমানের কাজ মনে করল সে। পরে যখন দেখল খাট নড়ছে, তখন ‘বুদ্ধিমান’ ছেলেটাও চিৎকার দিতে দিতে হইচইরতদের দলে যোগ দিল। আমার এক রুমমেট ছিল টয়লেটে। যখন দেখল বদনার পানিতেও ঢেউ উঠেছে, তখন দ্বিতীয় স্টেপের কাজ না সেরেই দিল দৌড়। পরে ক্যাম্পাসে গিয়ে দেখি, ছাত্র-শিক্ষকসহ সবাই বেশ ভীতসন্ত্রস্ত। শুধু নির্ভীক মনে হলো কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনরত কয়েকজনকে। যারা মাইকে গান গাইছিল, ‘...চল কিশোরী, উদাসীন হই...!’
ঠিক সে সময় মনে পড়ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের পেছনে রেললাইনের পাশে ছোট্ট কুঁড়েঘরে বাস করা অসহায় মানুষগুলোর কথা। তারা হয়তো বুঝতেও পারেনি, পুরো ক্যাম্পাসসহ দেশের অনেক জায়গা ভূমিকম্পে কাঁপছে। কারণ, তাদের ওই রেললাইনের পাশে প্রতিদিন বহুবার ভূমিকম্প হয়। ট্রেন চলাচলের সময় তাদের সেই ছোট্ট কুঁড়েঘরগুলো এত বেশি কাঁপে যে সেটার সঙ্গে তুলনা করলে ভূমিকম্পে আঁতকে ওঠার বিশেষ কোনো কারণ হয়তো তারা খুঁজে পায় না। তাই যখন ভূমিকম্প চলছিল, তখন তারা হয়তো ভেবেছিল, কোনো ট্রেন আসছে বা যাচ্ছে।
ইংরেজি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী