নিত্যবিড়ম্বনার টেম্পোযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন দুপুর দুইটা। প্রায় দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে টেম্পোর জন্য অপেক্ষা করছিলেন চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী সানজিদা আক্তার। গন্তব্য দেওয়ানহাট মোড়। এর মধ্যে বেশ কটি টেম্পো আসা-যাওয়া করলেও একটিতেও উঠতে পারেননি অতিরিক্ত ভিড়ের কারণে। তাঁর সঙ্গে আছেন একই কলেজের বিভিন্ন বিভাগের আরও কয়েকজন ছাত্রী। এটি চকবাজার গুলজার মোড়ের গত বৃহস্পতিবারের চিত্র।চকবাজার এলাকা থেকে প্রতিদিন স্কুল-কলেজ ও কোচিংয়ের ক্লাস শেষে বাসায় ফিরতে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের। বিশেষ করে কাজির দেউড়ি, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট মোড়, আগ্রাবাদ, পতেঙ্গা ও হালিশহরে আসা-যাওয়া করা যাত্রীদের বিড়ম্বনার শেষ নেই। কারণ, চকবাজার থেকে সরাসরি কোনো বাস সার্ভিস নেই। ভরসা বলতে লক্কড়-ঝক্কড় টেম্পো। তা-ও চলাচল করে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত। শিক্ষার্থীদের দাবি, চকবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত বাস সার্ভিস চালুর।সানজিদা জানান, প্রতিদিন কলেজ শেষে বাসায় ফিরতে রীতিমতো যুদ্ধে নামতে হয়। কলেজের সামনে থেকে তো ওঠাই যায় না, গুলজারের মোড়ে এসে অনেক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। যাত্রী থাকে শতাধিক, কিন্তু টেম্পো আসে দু-একটি। জানা যায়, চকবাজার ও জামালখান এলাকায় প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান। এর মধ্যে চট্টগ্রাম কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় ও সেন্ট মেরিস বিদ্যালয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী আসা-যাওয়া করে। অথচ যাতায়াতের জন্য গাড়ি বলতে কেবল ‘এক নম্বর টেম্পো সার্ভিস’।আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে মেয়েকে নিয়ে প্রতিদিন আসা-যাওয়া করেন গৃহিণী তাসলিমা হক। মেয়ে পড়ে ডা. খাস্তগীর উচ্চবিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে। তিনি বলেন, ‘দুপুর ১২টা থেকে মেয়ের ক্লাস, অথচ আমি বের হই সকাল ১০টায়। গাড়িতে উঠতে সময় লাগে বেশি। তার পরও মাঝেমধ্যে মেয়ের ক্লাসে পৌঁছতে দেরি হয়ে যায়।’ চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী চৈতি দাশ বলেন, ‘ছেলেরা তাড়াহুড়া করে আগে উঠতে পারলেও সমস্যা হয় মেয়েদের। আমরা উঠতে পারি না। ফলে কলেজে আসতে দেরি হয়, আবার বাসায় যেতেও দেরি হয়। বাস সার্ভিস থাকলে এ দুর্ভোগ পোহাতে হতো না।’টেম্পোচালক মনির হোসেন বলেন, ‘প্রতিদিন ছাত্রছাত্রীদের ভিড় থাকে। আমরাও চেষ্টা করি সবাইকে নেওয়ার।’