নিথিলার জন্মদিনে
আমার বড় বোনের মেয়ে নিথিলা। মামা হিসেবে একটা দায়িত্ব আছে। তাই নিথিলার পঞ্চম জন্মদিনে একটা দুই পাউন্ডের কেক নিয়ে ওদের বাসায় যাই। নিথিলা তো কেক পেয়ে মহা খুশি। কেকের ক্রিম হচ্ছে ওর সব থেকে প্রিয়। খাওয়ার জন্য অস্থির করে তুললেও নিথিলার আম্মুর এক কথা, আগে তোমার আব্বু আসুক, তারপর কেক কাটবে। নিথিলা বারান্দায় গিয়ে ওর আব্বুকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। টেবিলের ওপর কেক রেখে আমরা গল্প করছিলাম। হঠাৎ লোডশেডিং! মোমবাতি খুঁজে আলো জ্বালাতে প্রায় পাঁচ মিনিট লেগে যায়। এর মধ্যে বিদ্যুৎ চলে আসে। কিছুক্ষণ পর নিথিলার আব্বুও আসে। কিন্তু নিথিলাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সারা বাড়ি তন্নতন্ন করে খোঁজার পর হঠাৎই নিথিলাকে খাটের নিচে আবিষ্কার করি। ওর সারা মুখে কেকের ক্রিম লেগে আছে। আমাকে দেখে একটা দুষ্ট হাসি দেয়। অন্ধকারের সময় কেক নিয়ে খাটের নিচে এসেছে। নিথিলার কাণ্ড দেখে হাসতে হাসতে পেটে খিল লেগে যাওয়ার অবস্থা। আর একটা কথা শুধু মনে হচ্ছিল, লোডশেডিং আমাদের জন্য সমস্যার হলেও বাচ্চাদের জন্য তা কতই না আনন্দের! জাহিদুর রহমানশিপইয়ার্ড, খুলনা।