নিন্দিত হতে চান নন্দিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির জাফতনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হালিম থানার তালিকাভুক্ত ১০ নম্বর শীর্ষ সন্ত্রাসী। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে থানায় অন্তত ১২টি মামলা রয়েছে। নির্বাচনে অংশ নিয়ে তিনি ঘোষণা করেছেন, বিজয়ী হলে তিনি হবেন ফটিকছড়ির একজন নন্দিত ইউপি চেয়ারম্যান।ফটিকছড়ি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় মামলাসংক্রান্ত যে বর্ণনা আবদুল হালিম দিয়েছেন, তা যাচাই-বাছাই করে এসব তথ্য পাওয়া গেছে। তিনি ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য। স্থানীয় আওয়ামী লীগের একাংশের সমর্থন রয়েছে তাঁর প্রতি।চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব মামলা আছে সেগুলোতে আমি জামিনে আছি। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে। নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হব বলে আশাবাদী। বিজয়ী হয়ে আমি একজন নন্দিত চেয়ারম্যান হতে চাই।’ এলাকার সাধারণ ভোটারদের আশঙ্কা, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে। উপজেলার প্রতিভা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আমরা সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে। কারণ, সন্ত্রাসীরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে এলাকা অশান্ত হয়ে উঠবে। অসামাজিক কার্যকলাপ বাড়বে।’ফটিকছড়ি থানা সূত্র জানায়, ২০০২ সালের ১২ নভেম্বর ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। ওই মামলায় আবদুল হালিম দুই নম্বর আসামি। মামলাটি আদালতে বিচারাধীন। ১৯৯৬ সালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা ব্যবসায়ী ফকরী অপহরণ মামলায়ও আসামির তালিকায় রয়েছেন আবদুল হালিম। সে মামলায় ১৭ জনকে আসামি করা হয়। এ ছাড়া উপজেলার আলোচিত আনোয়ার পাশা, আবছার, শাহজাহান, জসিমসহ আরও কয়েকটি হত্যা মামলারও আসামি তিনি। বর্তমানে এসব মামলায় তিনি জামিনে আছেন। তবে ইতিপূর্বে তিনি আড়াই বছর কারাভোগ করেছেন বলে জানা গেছে।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, আবদুল হালিম তালিকাভুক্ত ১০ নম্বর সন্ত্রাসী। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় জামিনে আছেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল আউয়াল বলেন, বিধিতে থানার তালিকাভুক্ত কোনো সন্ত্রাসী নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা সুনির্দিষ্ট নেই। তবে যদি কোনো সন্ত্রাসী নির্বাচনে অংশ নেয়, তাহলে ব্যালটের মাধ্যমে ভোটাররা তার জবাব দেবেন।