নিপাতনে সিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের করিডরে দাঁড়িয়ে আছি সবাই। ভাইয়া বাবা হতে যাচ্ছে। কিন্তু আনন্দের বদলে সবার চোখেমুখে শঙ্কার মেঘ। একটু আগেই চিকিৎসক জানিয়েছেন, ভাবির অবস্থা সংকটাপন্ন। অস্বাভাবিক খিঁচুনি হচ্ছে তার। ভাবির এমন সংকটাপন্ন অবস্থায় সবচেয়ে ভেঙে পড়েছে ভাইয়া। সত্যি বলতে কি, ভাইয়ার এ ভেঙে পড়াটা আমাকে ভীষণ অবাক করছে! আমার ভাইয়া রায়হান কবীর আসলে অনেক গুণের মিলিত ‘প্যাকেজ’। সুদর্শন, স্মার্ট, মিষ্টভাষী, বিনয়ী, সেই সঙ্গে ভীষণ মেধাবী। এখন সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। এখনকার তুখোড় স্মার্ট মেয়েদের ভাষায় বলতে হয়, ভাইয়া একটা ‘ক্রাশ’! বিশ্ববিদ্যালয়জীবনে সে চুটিয়ে প্রেম করেছে এলাকার এক ডাকসাইটে রূপসীর সঙ্গে। আমাদের বাড়িতে বাবা হচ্ছেন সর্বক্ষমতার অধিকারী। তার ওপর কথা বলার সাহস কারও নেই। ভাইয়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের বছর দুয়েক পর হঠাৎ এক রাতে খাবার টেবিলে বাবা জলদগম্ভীর কণ্ঠে বললেন, ‘রায়হান, তোমার এখন সংসারী হওয়া প্রয়োজন। আমি মতিন সাহেবকে কথা দিয়েছি, আগামী মাসেই তার বড় মেয়ে জুঁইকে আমাদের বাড়ির বড় বউ করে নিয়ে আসব। এ ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে?’বাবার মুখের ওপর ‘আপত্তি’ করার সাহস ভাইয়ার কোনোকালেই ছিল না, এবারও হলো না। বাবার ঘর থেকে বেরিয়ে শুধু বলল, ‘রাতুল, আমি স্রেফ সুইসাইড করব।’ ভাইয়া সুইসাইডটাইড কিছুই করেনি। শুধু প্রমা আপুর সঙ্গে গড়ে তোলা পাঁচ বছরের প্রেমটা কোরবানি দিয়েছে, কয়েক দিন অঝরে কেঁদেছে আর কিছুদিন বিশ্ববিদ্যালয়ে যায়নি—এই যা প্রতিক্রিয়া! অতঃপর বাবার কলিগ কাম ঘনিষ্ঠ বন্ধু মতিন সাহেবের মেয়ে জুঁইয়ের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেছে (আসলে বসতে বাধ্য হয়েছে)। এর মধ্যে একদিন নিউমার্কেটে প্রমা আপুর সঙ্গে দেখা হয়েছিল। খুব কান্নাকাটি করলেন তিনি। কাঁদতে কাঁদতেই বললেন, ‘রাতুল, তোমার ভাইয়ার সব আছে, শুধু সাহসটাই নেই। ও একটা কাপুরুষ, ভণ্ড!’ আমি জবাব দিতে পারিনি। বলতে দ্বিধা নেই, জুঁই ভাবিকে যেদিন প্রথম দেখেছিলাম, সেদিন ভীষণ ভিরমি খেয়েছিলাম। চেহারাগত সৌন্দর্যে ভাইয়া আর ভাবির মধ্যে এত বৈপরীত্য, তা দিব্যদৃষ্টিতেও কল্পনা করা যায় না। বিয়ের পর আমার চিরচেনা ভাইয়ার ভেতরে নাটকীয় পরিবর্তন লক্ষ করা গেল। শান্ত-সুবোধ ভাইয়া হঠাৎ তিরিক্ষি মেজাজের হয়ে গেল। এই আকস্মিক পরিবর্তনের প্রভাব পুরোটাই পড়ল ভাবির ওপর। বিয়ের এ দুই বছরে ভাইয়া তার সঙ্গে কখনো ভালোভাবে কথা বলেছে কি না তা আমার জানা নেই। গত দুই বছরে দুর্ব্যবহার কাকে বলে, কত প্রকার, কী কী—পুঙ্খানুপুঙ্খভাবে তা ভাইয়ার কাছ থেকে বুঝেছে ভাবি। ভাবির প্রতি ভাইয়ার মানবিকতাবোধের এহেন অবনমন দেখে একদিন বললাম, ‘ভাবি তো কোনো দোষ করেনি, তবু শুধু শুধু কেন তাকে শাস্তি দিচ্ছ?’ অগ্নিশর্মা হয়ে ভাইয়া জবাব দিল, ‘বেশি জ্ঞানী হয়েছিস, না? আমার ব্যাপারে নাক গলাতে আসলে থাপড়ায়ে দাঁত ফেলে দেব।’ বাবাও একদিন এ ব্যাপারে কথা বলতে চাইলে তাঁর মুখের ওপর ভাইয়া সাফ বলে দিল, ‘সারা জীবন তো আপনাদের কথা অক্ষরে অক্ষরে পালন করেছি, আর কী চান আমার কাছে?’ বাবা কোনো কথা বলতে পারলেন না। বাবার এমন অসহায় চেহারা জীবনে কখনো দেখিনি।হাসপাতালের করিডর থেকে ভাইয়া আমাকে একটু দূরে ডেকে নিল। তার চোখে জল টলমল। আমার কাঁধে হাত রেখে ধরা গলায় বলল, ‘নিজেকে আজ ভীষণ অপরাধী মনে হচ্ছে রে। তোর ভাবিকে অনেক কষ্ট দিয়েছি। ওর প্রতি ভীষণ অবিচার করে ফেলেছি...।’ এমন সময় চিকিৎসক আহত গলায় জানালেন, ‘আই অ্যাম সরি টু সে, পেশেন্ট মৃত বাচ্চা প্রসব করেছেন। তবে তিনি এখন সুস্থ আছেন।’ অবস্থাবিচারে মৃত বাচ্চা প্রসবের দুঃসংবাদ ছাপিয়ে ভাবির সুস্থ থাকাটাই আমাদের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকের কথা শোনার পর ভাইয়া আমাকে জড়িয়ে ধরে শিশুর মতো ডুকরে কেঁদে উঠে বলল, ‘পাপমোচনের একটা সুযোগ পেলাম রে, রাতুল...।’ ভাইয়ার এমন আত্মশুদ্ধি দেখে চোখের কোণে কখন যে জল এসে জমা হয়েছে, নিজেও টের পাইনি!  রানা আব্বাসচট্টগ্রাম